‘আত্মঘাতী’ নারী জঙ্গির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক নারী জঙ্গি অস্ত্র মামলায় জামিন পেয়েছেন। তাঁর নাম সাহিদা বেগম। তিনি জেএমবির শুরা সদস্য কারাবন্দী আনোয়ার হোসেনের স্ত্রী। সাহিদা গত ২৫ জানুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পান।সাহিদার বিরুদ্ধে অস্ত্র মামলাটি ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭-এ বিচারাধীন আছে। এই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এ এফ এম রিজাউর রহমান প্রথম আলোকে বলেন, সাহিদা জেএমবির আত্মঘাতী দলের সদস্য। তাঁর দেখানো মতে র্যাব অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। মামলায় ইতিমধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেছেন বিচারিক আদালত। সাক্ষীদের মাধ্যমে ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র, গুলি, বিস্ফোরকদ্রব্য, জেএমবির পুস্তিকা আদালতে উপস্থাপন করা হয়েছে। তাঁর সন্দেহ এ ধরনের আসামি তথ্য গোপন করে জামিন পাচ্ছেন।সাহিদার আইনজীবী মাহমুদ আবু তালেব জানান, আসামির দখল থেকে অস্ত্র উদ্ধার করা হয়নি। তা ছাড়া আসামি একজন মহিলা। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আটক আছেন তিনি। জামিনের ক্ষেত্রে আদালত বিষয়টি বিবেচনায় নিয়েছেন।হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাকিলা রওশন। তাঁকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক।এ কে এম জহিরুল হক প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে আসামির জামিনের বিরোধিতা করা হয়। তবে জঙ্গি সংগঠনের সদস্যের মামলাগুলোর জামিন আবেদনে আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় থাকে না। আবার অনেকের ক্ষেত্রে এক আইনজীবীর নাম দিয়ে জামিনের আবেদন করা হয়, পরে আরেক আইনজীবী দিয়ে শুনানি করা হয়। রাষ্ট্রপক্ষের কাছে আবেদনের অনুলিপি সময়মতো সরবরাহ করা হয় না। এ কারণে সরকারপক্ষে শুনানি করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।সংশ্লিষ্ট আদালতের আইন কর্মকর্তারা জানান, কারাগার থেকে আসামি সাহিদা বেগমকে সব সময় আদালতে হাজির করা হতো বোরকা পরা অবস্থায়। তাই এমন আসামিকে ভবিষ্যতে শনাক্ত করা কঠিন হবে।মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, ঝালকাঠি জেলার দুই বিচারক হত্যা মামলার আসামি জেএমবির নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের দেখানো মতে ২০০৭ সালের ১০ জুলাই রাজধানীর মিরপুরের একটি বাসায় অভিযান চালায় র্যাব। ওই বাসা থেকে জঙ্গি সদস্য আনোয়ার হোসেন ওরফে ফারুক ও তাঁর স্ত্রী সাহিদাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় আনোয়ারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে সাহিদা বেগম আরও একটি অস্ত্র বের করে দেন। তখন তিনি র্যাবকে জানান, অস্ত্রটি জেএমবির শুরা সদস্য সাইফুলের। এ ঘটনায় র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে। তদন্ত শেষে আনোয়ার ও সাহিদাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।