‘আত্মজীবনী লেখার মতো বয়স আমার হয়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্বতকে কখনো জয় করা যায় না, তাকে শ্রদ্ধা করতে হয়। পর্বত থেকে শেখা ধৈর্য কাজে লাগাতে পারলে সে তাকে আরোহণের অনুমতি দেয়। জীবনের অনেক আরাধ্য ব্যাপারই আসলে এ রকম’ বিখ্যাত পর্বতারোহী এড ভিশ্চার্সকে উদ্ধৃত করে সজল খালেদ লিখেছিলেন কথাটা। হিমালয় সজলকে আরোহণের অনুমতি দিয়েছিল, কিন্তু নামার অনুমতি মিলল না। মাত্র ৩৫ বছরেই শেষ হয়ে গেলেন তিনি। নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব খান মোহাম্মদ মঈনুল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল (সোমবার) সকাল ১০টার দিকে ফোনে জানতে পারি সজল এভারেস্টের চূড়ায় উঠেছেন। পাসপোর্টে ওর নাম মো. খালেদ হোসেন। ২৪ এপ্রিল আমাদের সাথে ও দেখা করতে এসেছিল। তাকে শুভকামনা জানাতে ছোটখাটো একটা আয়োজনও করেছিলাম আমরা। কিন্তু বিকেল নাগাদই খবর পেলাম সব শেষ।’ ওর দলে ৮২ বছর বয়সী একজন পর্বতারোহী ছিলেন, আরেক সঙ্গীর দুহাত কাটা ছিল। তাঁরা নেমে এলে জানা যাবে শেষ পর্যন্ত কী হয়েছিল সজলের।’ সজলের বন্ধু বাংলাদেশের প্রথম এভারেস্ট-জয়ী মুসা ইব্রাহীম জানান, ২০১১ সালের মে মাসে সজল তিব্বতের নর্থ ফেস ধরে এভারেস্ট অভিযানে গিয়েছিলেন। সেবার তিনি উঠেছিলেন প্রায় ২৩ হাজার ফুট পর্যন্ত। কিন্তু ফুসফুসে পানি জমে যাওয়ায় নেমে আসতে হয়েছিল। সজলের বন্ধু ফারুক আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, ভবঘুরে জীবন কাটাতে ভালোবাসতেন তিনি। তাই ফিরে ফিরে বারবার গেছেন পাহাড়, পর্বত আর সাগরের কাছে। ভালোবাসতেন গ্রামের বাড়ি যেতে। একমাত্র ছেলে সুস্মিতকে নিয়ে ছুটতেন মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ বাড়িতে। ২০০৬ সালে সজল ভারতের সিকিমের ফে চূড়ায় ওঠেন, তারপর জয় করেন নেপালের সিঙ্গু চুল্লি ও মেরা। ভবঘুরে যে জীবন সজল যাপন করেছেন, এই জীবনে অভ্যস্ত করাতে চেয়েছেন স্ত্রী তাহমিনা খান এবং ছেলে সুস্মিতকে। এবারও স্ত্রী তাহমিনা খান ও ছেলে সুস্মিত নেপালে গিয়েছিলেন সজলকে বিদায় জানাতে। এ যে শেষ বিদায়, কে জানত!সজল সিনেমা বানিয়েছেন। ‘কাজলের দিনরাত্রি’ নামে মুহম্মদ জাফর ইকবালের যে কিশোর উপন্যাস আছে, সেটিকে চলচ্চিত্রে রূপ দিয়েছেন তিনি। তিনি বই অনুবাদ করেছেন। তাঁর আদর্শ এড ভিশ্চার্সের আত্মজীবনী ‘পর্বতের নেশায় অদম্য প্রাণ’। এই বইমেলায় বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরিয়েছে বইটি। বইটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক বন্ধু সজল খালেদকে আত্মজীবনী লেখার পরামর্শ দিয়েছিলেন। উত্তরে সজল বলেছিলেন, ‘আই এম টু ইয়াং টু ওয়ার্ক অন অটোবায়োগ্রাফি’ (আত্মজীবনী লেখার মতো বয়স আমার হয়নি)।