নির্বাচকেরা যেন বারবারই ভুলে যান তাঁর কথা। কিন্তু এবার আর ভোলার উপায় নেই। ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএলের পর জাতীয় লিগেও দুরন্ত ফর্মে এনামুল হক জুনিয়র। এবারের জাতীয় লিগে কাল ষষ্ঠবারের মতো ৫ উইকেট পাওয়া বাঁহাতি এই স্পিনার এখন আছেন সুযোগের অপেক্ষায় এবারের জাতীয় লিগে ষষ্ঠবারের মতো পাঁচ বা তার বেশি উইকেট পেলেন। খুব খুশি নিশ্চয়ই...এনামুল হক : খুশি তো অবশ্যই। আসলে এই মৌসুমটাই খুব ভালো যাচ্ছে আমার। তিন ফরম্যাটেই সাফল্য পাচ্ছি। প্রিমিয়ার লিগে সেরা চার বোলারের মধ্যে আছি। বিপিএলেও তিন ম্যাচ কম খেলে আছি সেরা চারে। অনেক বেশি আত্মবিশ্বাস পাচ্ছি এবার। রিদমও খুব ভালো পাচ্ছি। ৫৯ উইকেট নিয়ে এবারের জাতীয় লিগেও এখন পর্যন্ত সেরা বোলার আপনি। দ্বিতীয় সর্বোচ্চের চেয়ে ১১ উইকেট বেশি! এতটা কি আশা করেছিলেন?এনামুল: না, এতটা আশা করিনি। তবে ২০-২৫টা উইকেট হয়ে যাওয়ার পর আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। লিগের মাঝখানে বিরতি না পড়লে হয়তো আরও ভালো হতো। কঠোর পরিশ্রম করেছি, হয়তো তারই ফল পাচ্ছি এখন। এ ছাড়া আর কোনো কারণ কি আছে সাফল্যের? বোলিংয়ে বিশেষ কোনো পরিবর্তন...?এনামুল: সে রকম কিছু নয়। জাতীয় লিগে তো এর আগেও সাফল্য পেয়েছি। সীমিত ওভারের ক্রিকেটে ভালো করার জন্য ধন্যবাদ দেব কোচ সুজন ভাইকে (খালেদ মাহমুদ)। তিনি আমার মধ্যে এই বিশ্বাসটা ফিরিয়ে এনেছেন যে আমি এখনো দেশের সেরা বাঁহাতি স্পিনারদের মধ্যে একজন। আমি যে ওয়ানডেতে বা টি-টোয়েন্টিতে ভালো করতে পারি, দিয়েছেন সেই বিশ্বাসও। ক্রিকেট আত্মবিশ্বাসের খেলা। সেই আত্মবিশ্বাসই আমাকে সাফল্য এনে দিচ্ছে। দল নির্বাচনের টেবিলে উপেক্ষিত হচ্ছিলেন বারবার। সেটাও কি ভালো করার জেদ এনেছিল মনে?এনামুল: ২০০৮-০৯ মৌসুম আমার খারাপ কেটেছে। তার পরও ধৈর্য হারাইনি। জানতাম ভালো খেললে ট্র্যাকে ফিরব। হ্যাঁ, জেদ তো একটা ছিলই। সেই সঙ্গে ভালো করার প্রতিজ্ঞা ছিল। ইংল্যান্ডের ডারহাম লিগে ভালো খেলেছি। ঘরোয়া ক্রিকেটেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছি। নির্বাচকেরা বলেছেন ধৈর্য ধরতে। আমি সুযোগের অপেক্ষায় আছি। তবে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট নেই বলে একটু হতাশই বলতে পারেন। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও গত আট বছরে টেস্ট খেলেছেন মাত্র ১৪টা, ওয়ানডে ১০টা। আপনার পরে এসেও অনেকে আপনার চেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছে। নিজেকে বঞ্চিত মনে করেন?এনামুল: আমি মনে করি ২০০৮-০৯-এর আগেই আমার আরও অনেক বেশি টেস্ট খেলে ফেলা উচিত ছিল। ওই সময়টায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি বঞ্চিতই হয়েছি বলব। ২০০৮-০৯-এ আমার ফর্ম ভালো না থাকলেও ২০০৩-০৭ মৌসুমে আমি খারাপ খেলেনি। টেস্ট ও ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই সুযোগ পেতে পারতাম মনে হয়। জাতীয় লিগে এবার আপনাদের দল সিলেটও আছে ভালো অবস্থানে। শিরোপা জয় সম্ভব?এনামুল: সিলেটকে ভালো কিছু এনে দেওয়ার প্রতিজ্ঞা আছে আমাদের। সবাই সেই লক্ষ্যেই খেলছে। এই ম্যাচে রাজিন ভাইয়ের আউটটা আমাদের জন্য ক্ষতিকর হলেও নাদিফ ভালো খেলছে। এরপর অলক-এজাজ আছে। সবাই ভালো ফর্মে আছে। আমরা এখনো আশাবাদী, লিড নিতে পারব এবং ফাইনালে যাব।