তিন বছর আগে অপেশাদার হিসেবে জেতেন বাংলাদেশ ওপেন গলফ। গত এসএ গেমসে ছিলেন সোনাজয়ী দলের সদস্য। জামাল হোসেন মোল্লা কাল জিতলেন প্রথম পেশাদার শিরোপা। ইউএস ওপেনে খেলার স্বপ্ন দেখেন কিশোরগঞ্জের ২৭ বছর বয়সী যুবক ক্যারিয়ারের প্রথম পেশাদার শিরোপা জিতলেন, অনুভূতি কেমন?জামাল হোসেন মোল্লা: খুবই ভালো লাগছে। আনন্দটা বলে বোঝাতে পারব না। কারণ, এর আগে যখন জিতেছিলাম, তখন জাতীয় দলে খেলতাম। খেলেছিলাম অ্যামেচার হিসেবে। এবার পেশাদার হিসেবে জিতলাম। আমার এই টুর্নামেন্টটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম পেশাদার শিরোপা জিতলেন বলেই কি বেশি গুরুত্বপূর্ণ?জামাল: তা তো অবশ্যই। তবে আরেকটা দিকও আছে। একটা পিজিটিআই টুর্নামেন্ট জিতলে দুই বছরের জন্য ইন্ডিয়ান ট্যুরের অ্যাক্রিডিটেশন মেলে। ওটাও আমার খুব দরকার ছিল। আর এই টুর্নামেন্টই ছিল আমার জন্য সর্বশেষ সুযোগ। এখানে জেতায় আগামী দুই বছর ভারতে খেলতে পারব। এখানে বাংলাদেশের গলফের আদর্শ সিদ্দিকুরকে হারানোটা কি বাড়তি কোনো অনুপ্রেরণা হিসেবে কাজ করছে?জামাল: সিদ্দিক ভাইকে এক সপ্তাহ আগেই হারিয়েছি, ঘরোয়া টুর্নামেন্টে। এই টুর্নামেন্ট জিততে হবে এমন একটা জেদ মনের মধ্যে আগে থেকেই কাজ করছিল। বাংলাদেশে একমাত্র আমিই সিদ্দিক ভাইয়ের সঙ্গে লড়াই করে জিতেছি। এ জন্য অন্য রকম আনন্দ হচ্ছে। উনাকে প্রথমবার হারানোর পর আত্মবিশ্বাস এসেছিল যে সামনেও হারাতে পারব। ওই আত্মবিশ্বাসের জোরেই হয়তো জিতলাম। আত্মবিশ্বাস থাকলে মনে হয় সবকিছুই জেতা সম্ভব। খেলার পর সিদ্দিকুরের সঙ্গে কী কথা হয়েছে?জামাল: খেলা শেষ হওয়ার পরই সিদ্দিক ভাই বলেছেন, ‘ভালো খেলেছ।’ কুর্মিটোলায় খেললেন। এখানে নিশ্চয়ই বাড়তি সুবিধা পেয়েছেন?জামাল: অবশ্যই পেয়েছি। এটা আমাদের নিজেদের কোর্স। এখানে কোথায় কী আছে, সব আমরা জানি। দর্শকও আমাদের ভালো সমর্থন দিয়েছে। এখন নতুন অনেক গলফার পেশাদার জগতে আসছেন। তাঁদের ভবিষ্যৎ কেমন দেখেন?জামাল: এটা খুবই আশার কথা, বাংলাদেশে অনেক গলফার পেশাদারে খেলতে আসছে। এদের ভবিষ্যৎ ভালোই দেখি। তবে অনেক টুর্নামেন্ট খেলতে হবে। সময়ই বলবে, কে কত দূর যাবে। ভারতের অনেক বিখ্যাত খেলোয়াড় খেললেন এই টুর্নামেন্টে। তাঁদের কারও সঙ্গে কি কথা হয়েছে?জামাল: হ্যাঁ, ভারতের সেরা খেলোয়াড় চিরাগ কুমার, ফিরোজ আলীরা খেলেছে। চিরাগ গত বছর ভারতের এক নম্বর ছিল। খেলার ফাঁকে টুকটাক কথা হয়েছে ওদের সঙ্গে। তবে জেতার পর সবাই এসে অভিনন্দন জানিয়েছে। বলেছে, ‘ভালো খেলেছ। চালিয়ে যাও।’ এই টুর্নামেন্ট শুরুর আগে বলা হয়েছে, ফুটবল-ক্রিকেটের মতো গলফকেও জনপ্রিয় করে তোলা হবে। টুর্নামেন্টটা আসলেই কতটুকু প্রভাব ফেলবে?জামাল: টুর্নামেন্ট শেষে একটা ব্যাপার বুঝতে পেরেছি, এ দেশে গলফ আগের চেয়ে জনপ্রিয় হয়েছে। আপনার ভবিষ্যৎ স্বপ্ন কী?জামাল: এখন স্বপ্ন দেখি, একদিন ইউএস ওপেনে খেলব। তবে একবারেই হয়তো পারব না। ধাপে ধাপে এগোতে চাই। যেমন, এ বছর এশিয়ান ট্যুরে খেলতে যাব। আগামী দুই বছর এশিয়ান ট্যুরে নিয়মিত খেলব। ওখানে আল্লাহর রহমতে ভালো করতে পারলে ইউরোপ ট্যুরের কোয়ালিফাইংয়ে খেলব। গলফের মতো দামি খেলায় কীভাবে এলেন?জামাল: আমার এক চাচা কুর্মিটোলা গলফ ক্লাবের সঙ্গে যুক্ত। তিনিই আমাকে প্রথম নিয়ে আসেন এখানে। আমার শুরুটা হয়েছিল বলবয় হিসেবে। সিদ্দিক ভাইয়েরা তখন জাতীয় দলে খেলেন। আমি তাঁদের বলবয় ছিলাম। তখনই স্বপ্ন দেখতাম একদিন সিদ্দিক ভাইয়ের মতো খেলব। সুযোগ পেলেই খেলতাম। এরপর ২০০৪ সালে জাতীয় দলে খেলার জন্য বাছাইয়ে অংশ নিলাম। তাতে উতরেই জাতীয় দলে ঢুকলাম।