‘আদালতের কারণে কাজকর্ম বন্ধ হলে সরকার প্যারালাইজড হয়ে যাবে’
সুপ্রিম কোর্ট সড়ক ও জনপথ বিভাগকে সড়ক ভবন ছেড়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছেন, সে ব্যাপারে সুপ্রিম কোর্টকে নতুন করে বিবেচনার অনুরোধ জানিয়েছেন সংসদের স্পিকার আবদুল হামিদ। তিনি বলেছেন, আদালতের কারণে যদি সব কাজকর্ম বন্ধ হয়ে যায়, তাহলে তো সরকার প্যারালাইজড হয়ে যাবে।সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সড়ক বিভাগকে ৬ জুনের মধ্যে সড়ক ভবন ছেড়ে দিতে হবে। এ বিষয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংসদ শাহরিয়ার আলম বলেন, ‘সড়ক বিভাগ ৫২ বছর ধরে সড়ক ভবনে অবস্থান করছে। স্বল্প নোটিশে প্রতিষ্ঠানটি কোথায় যাবে। দুই লাখ ২৮ হাজার বর্গফুটের জায়গা, এত বড় জায়গা তারা কোথায় পাবে? আদালতের সমালোচনা করা যায় না। কিন্তু আদালতের অনেক কর্মকাণ্ড দেখে মনে হয়, কার চেয়ে কে বড়? সংবিধানের ৭৮ অনুচ্ছেদে সংসদ সদস্যদের দায়মুক্তি দেওয়া হয়েছে। তাই আদালতকে নিয়ে বলতে পারি। কারণ আমরা দায়মুক্ত।’এরপর স্পিকার বলেন, ‘সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ রাষ্ট্রের প্রধান স্তম্ভ। সংসদ হচ্ছে সার্বভৌম। তার মানে আমি সুপ্রিম, এটা ভাবা ঠিক নয়। সরকার যদি মনে করে, তারাই সব, সেটাও ভাবা উচিত নয়। আবার আদালতও যা ইচ্ছা তা করবে, ঠিক না। আসলে রাষ্ট্রের প্রধান তিনটি প্রতিষ্ঠানকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তাই বিচার বিভাগের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, দেশের স্বার্থেই তাঁরা যেন বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেন। আমাদের আরও সহনশীল হতে হবে। সহযোগিতা করতে হবে। সব দিক বিবেচনা করেই এগোতে হবে। আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। ভাবতে হবে—এ দেশটি আমার। আমি কী হনু রে, ক্ষমতা পাইছি, এটা ভাবলে হবে না। ভাবতে হবে দেশের মানুষের কল্যাণের জন্য সেবা দিতে হবে।’স্পিকার বলেন, এখন আদালতের কারণে যদি এ ধরনের অবস্থার সৃষ্টি হয়, সব কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। তাহলে তো সরকার প্যারালাইজড হয়ে যাবে। রাস্তাঘাট যদি খারাপ হয়, তাহলে দেশে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই রাস্তা দিয়ে তো বিচারপতিরাও চলাফেরা করেন। সুতরাং বিষয়টি নিয়ে তাঁরা যেন বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেন। আমরা আইন করছি, সেই আইন জনগণের কাজে না লাগলে জনগণ রুখে দাঁড়াবে। সরকার স্বৈরাচারী হলে জনগণ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস আছে। আর আদালতের রায়ে জনগণ ক্ষুব্ধ হলে বিচার বিভাগের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’মধ্যস্থতার কথা বলেনি: স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘আমি বিরোধী দলের সঙ্গে সরকারের মধ্যস্থতা করার কথা বলিনি। অথচ পত্রপত্রিকায় ছাপা হয়েছে আমি মধ্যস্থতার কথা বলেছি। আমি বলেছি, পার্লামেন্টে ডিবেট হলে তাতে মতামত দিতে পারি। আপনারা যদি আলোচনা করতে চান, আই ক্যান অ্যারেঞ্জ। পার্লামেন্টে শপথকক্ষ আছে, কমিটি কক্ষ আছে। আলোচনার ব্যবস্থা করতে পারি। চা-নাস্তার ব্যবস্থা করতে পারি। কিন্তু সেখানে থাকব, মধ্যস্থতা করব, তা তো বলিনি। আমার যদি স্লিপ অব টাঙ্ক হয়, তাও আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি তো মধ্যস্থতার কথা বলিইনি। পান থেকে চুন খসলেই যদি আপনারা এভাবে লেখালেখি করেন, তাহলে আমাকে বোবা হয়ে যেতে হবে। বোবার কোন শক্র নেই।’এরপর মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘সাংসদদের গণমাধ্যমে হরহামেশা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে হচ্ছে। যখন-তখন নগ্ন করে দিচ্ছে। আমরা জানি, পত্রিকা কার। পয়সা দিলে কী ছাপা হয়, আর কী ছাপা হয় না।’