‘আদিবাসী’ নামেই পরিচিতি চান আদিবাসীরা
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি তাদের ‘আদিবাসী’ নামে পরিচিত করার দাবি জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে ভূমি, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে অধিকারসহ একটি সময়োপযোগী আইনের প্রয়োজন রয়েছে বলে একমত হন তাঁরা। আজ রোববার রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে পার্লামেন্টারি ককাস অন ইন্ডেজেনিয়াস পিপলস আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাহায্যে আয়োজিত এই সভায় মূল প্রবন্ধ ও আদিবাসী আইনের একটি ধারণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল। সভাপতির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পার্লামেন্টারি ককাস অন ইন্ডেজেনিয়াস পিপলসের আহ্বায়ক রাশেদ খান মেনন বলেন, পঞ্চদশ সংশোধনীতে প্রথমবারের মতো সরকার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ সাংবিধানিক অধিকারের জন্য প্রয়োজন উপযুক্ত একটি আইন। আর সেই আইন ঠিকমতো বাস্তবায়নের জন্যে একটি স্বাধীন আদিবাসী কমিশন দরকার। অন্যথায় শুধু মনিটরিংয়ের অভাবে সেই আইন পার্বত্য শান্তিচুক্তির মতো অকার্যকর হয়ে যাবে। স্বাগত বক্তব্যে সাংসদ রওশন জাহান বলেন, বাংলাদেশে বাঙালি সম্প্রদায়ের মতোই আদিবাসীদের পূর্ণ অধিকার দিতে হবে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা এসব আদিবাসীকে অন্য কোনো নামে ডাকা বা পরিচয় দেওয়া উচিত হবে না। মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সভাপতি শক্তিপদ ত্রিপুরা, জাতীয় আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের সভাপতি রমেশ কুমার কোচ, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।