ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের প্রশিক্ষণ শেষে পরশু ঢাকায় এসেছে এয়ারটেল রাইজিং স্টারসের ১২ ফুটবলার। রুনি-ফন পার্সিদের খেলা সরাসরি দেখে আসার পরও যেন বিস্ময়ের ঘোর কাটছে না চট্টগ্রামের মাশহুদ উদ্দিন আহমেদের। বিকেএসপির এই স্ট্রাইকারের চোখেমুখে এখন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন ইংল্যান্ডে ঘুরে এলে। এটা নিশ্চয়ই স্বপ্নের ভ্রমণ বলা যায়!মাশহুদ উদ্দিন আহমেদ: এখনো আমার ঘোর কাটেনি। কী যে আনন্দ হচ্ছে, সেটা বলে বোঝাতে পারব না। যখন ম্যানচেস্টারের বিমানবন্দরে পা রাখলাম, মনে হচ্ছিল, এত দিন ধরে যে স্বপ্ন দেখেছি, সেটা সার্থক হয়েছে। ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অনুশীলন করেছ?মাশহুদ: না। ওই মাঠে আমরা অনুশীলন করতে পারিনি। ওখানে শুধু ইউনাইটেডের মূল স্কোয়াড অনুশীলন করে। তবে খেলতে না পারলেও ওখানে আমরা ছবি তুলেছি। আমাদের অনুশীলন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলের মাঠে। ওখানকার মাঠ কেমন?মাশহুদ: ওখানকার মাঠ খুব ফ্লাট। এত মসৃণ, কী বলব সেটা। মাঠে ঢুকে আমি অবাক। আমরা তো খানাখন্দে ভরা মাঠে খেলে অভ্যস্ত। কিন্তু এমন মাঠে দাঁড়ালে এমনিতেই যে কারোর আত্মবিশ্বাস বেড়ে যায়। এমন মাঠে খেলতে খুব ভালো লাগে। ওই মাঠে খেলতে খুব বেশি কঠিন পরিশ্রম করতে হয় না। এমন মাঠে যেভাবে পাস দেবেন, সেভাবেই পাস হবে। প্রতিদিন তোমাদের কতক্ষণ অনুশীলন হতো?মাশহুদ: আমাদের এক বেলা অনুশীলন হতো। অনুশীলন শুরু হতো সকাল নয়টা পাঁচ মিনিটে। সেখানে বিভিন্ন রকমের বিষয় থাকত। প্রথম দিন কোচরা আমাদের শেখালেন পাসিং। পরে দেখালেন পজিশন গেম। বল কাটিয়ে নিয়ে কীভাবে পজিশন নিতে হয় সেগুলো। তা ছাড়া কী করে মাথা ঠান্ডা রেখে ৯০ মিনিট মাঠে থাকা যায়, ধীরে ধীরে দম বাড়ানো যায়, সেগুলো শিখেছি। ইউনাইটেডের কোনো ফুটবলারের সঙ্গে দেখা হয়নি?মাশহুদ: হ্যাঁ। রাফায়েল, রিও ফার্ডিনান্ড, গোলরক্ষক ডেভিড ডি গিয়া, ফেদেরিকো মাচেদা আর নতুন একজন খেলোয়াড়। তাঁর নামটা মনে নেই। কথা হয়েছে ওনাদের সঙ্গে?মাশহুদ: প্রত্যেকে মিনিট পাঁচেক করে আমাদের টিপস দিলেন। ফুটবলের বিভিন্ন টেকনিক্যাল দিক দেখালেন। এরপর সবার সঙ্গে আমরা ফুটবল খেলেছি। ইউনাইটেডের কোনো ম্যাচ দেখেছ?মাশহুদ: হ্যাঁ। গত শনিবার কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে খেলা ছিল ইউনাইটেডের। আমরা গ্যালারিতে বসে ওই ম্যাচ উপভোগ করেছি। কী যে উত্তেজনা। একটু পর পর দেখি ম্যাক্সিকান ওয়েভ। আর এমন কানফাটানো চিৎকার। আমি ফন পার্সির খেলাটা মনোযোগ দিয়ে দেখছিলাম। উনি তো আমার পজিশনেই খেলেন। বারবার মনে হচ্ছিল, যদি একদিন এই মাঠে খেলতে পারতাম! কোথাও বেড়াতে গিয়েছিলে?মাশহুদ: আমরা যেখানে থাকতাম, তার আশপাশে ঘুরতে গিয়েছিলাম। ম্যানচেস্টার শহর ঘুরিয়েছে আমাদের। ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল মিউজিয়ামে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম, আগের দিনের খেলোয়াড়েরা কেমন জার্সি গায়ে দিতেন। কেমন বলে খেলা হতো। ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি সাজানো আছে এক জায়গায়। সেখানে আরও অনেক ট্রফি রাখা আছে। ইংল্যান্ডে বিশ্বকাপ হওয়ার সময় মাঠগুলো কেমন সাজিয়েছিল, সেটাও দেখলাম। সবগুলো দারুণ সাজানো-গোছানো। ম্যানচেস্টার ইউনাইটেডের শপিং মলেও গিয়েছিলাম। কিছু কিনেছ?মাশহুদ: শপিং মলে সবকিছুর দাম প্রচুর। আমি শুধু চকলেট কিনেছি। বন্ধুদের দেব। জার্সি কিনতে চেয়েছিলাম। প্রচুর দাম। শুধু ইউনাইটেডের একটা স্মারক চাবির রিং কিনেছি।