দ্বিতীয় বিভাগ দাবায়ও খেলতে আসছেন বিদেশিরা। সোনালী ব্যাংকের হয়ে এই লিগে খেলছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চ্যাম্পিয়ন অরিন্দম দাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বললেন নিজের স্বপ্ন ও আরও কিছু বিষয়ে কলকাতা থেকে যাঁরা খেলতে আসেন, তাঁরা মূলত প্রথম বিভাগেই খেলেছেন। আপনার দ্বিতীয় বিভাগে খেলার কারণটা কী? অরিন্দম দাস: আমি গত মার্চে খুলনায় এসেছিলাম শেখ আবু নাসের স্মৃতি টুর্নামেন্ট খেলতে। সেখানেই ফেডারেশন কর্মকর্তা মাসুদুর রহমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়। তিনি আমাকে এবার দ্বিতীয় বিভাগের দল সোনালী ব্যাংকে খেলার প্রস্তাব দেন। আমি রাজি হয়ে গেলাম। দুটি টুর্নামেন্টে খেলে কি মনে হচ্ছে, কলকাতার তুলনায় কতটুকু পিছিয়ে ঢাকার দাবাড়ু?অরিন্দম: কলকাতার সঙ্গে সেভাবে তুলনা করব না। আমাদের ওখানে দাবার অনেক একাডেমি রয়েছে। সেখান থেকে ভালো ভালো দাবাড়ু বেরিয়ে আসে। গত মার্চে খেলেছি ঢাকায়, এবারও খেলছি। তবে এবার অনেক উন্নতি দেখছি। কার খেলার উন্নতি দেখছেন। নির্দিষ্ট কেউ আছে?অরিন্দম: আবদুল্লাহ আল সাইফ খুব ভালো খেলে। ওর সঙ্গে আমি আগেও খেলেছি। এবারও খেললাম। ওর মধ্যে প্রতিভা আছে। দাবা খেলাটা শিখলেন কার কাছ থেকে?অরিন্দম: আমার বাবা আমাকে দাবায় এনেছেন। উনি খুব ভালো দাবা খেলেন। ছোটবেলায় আমাকে নিয়ে প্রতিদিন খেলতে বসতেন। বাবার সঙ্গে খেলতে খেলতেই ভালো লেগে গেল খেলাটা। এখন তো নেশা হয়ে গেছে। এটা সত্যি, ভারতে ক্রিকেট খুব জনপ্রিয়। কিন্তু এখন ভারতের অনেক প্রদেশেই ছোট ছোট ছেলেমেয়েরা দাবায় আসছে। গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের সঙ্গে কি কখনো দেখা হয়েছে?অরিন্দম: একবার দেখা হয়েছিল। কলকাতার গোর্কি সদনে একটা দাবা টুর্নামেন্টের উদ্বোধন করতে এসেছিলেন আনন্দ। সেখানে আমরা ৪০ জন দাবাড়ু ছিলাম। আনন্দের সঙ্গে এক বোর্ড খেলারও সুযোগ হয়েছিল। ওনার সঙ্গে খেলার সেই মুহূর্তের আনন্দের কথা কখনো ভোলা যাবে না। বিশ্ব চ্যাম্পিয়ন এক দাবাড়ুর সঙ্গে খেলছি, অনুভূতিই অন্য রকম। জীবনের শেষ দিন পর্যন্ত এটা মনে রাখব। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। তাঁর সঙ্গে কি দেখা হয়েছে?অরিন্দম: তাঁর সঙ্গে এখনো দেখা হয়নি। তবে নিয়াজ মোরশেদ স্যারের সঙ্গে দেখা করার খুব ইচ্ছা আছে আমার। দেখা হলে কিছু টিপস নেব ভাবছি। তাঁর কাছ থেকে টিপস পেলে আমার খেলার আরও উন্নতি হবে। দ্বিতীয় বিভাগে খেলছেন, প্রথম বিভাগে খেলারও ইচ্ছা আছে নিশ্চয়ই?অরিন্দম: তা তো আছেই। আশা করি, এরপর প্রথম বিভাগের কোনো দলে খেলতে পারব। এখানে আমার পারফরম্যান্স ভালোই হচ্ছে। বাংলাদেশে দাবায় সেভাবে পৃষ্ঠপোষকতা নেই বললেই চলে। ভারতে কী অবস্থা?অরিন্দম: আমাদের ওখানে দাবায় ভালো করলে স্পনসর পাওয়ার সুযোগ আছে। আশা করছি, দাবা খেলে একটা সরকারি চাকরি যেন পাই। আমাদের কলকাতা ছাড়াও অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ুতেও ইদানীং দাবায় ভালো স্পনসর আসছে। এবার আপনার পরিবার সম্পর্কে বলুন। বাংলাদেশে কি কোনো আত্মীয়স্বজন আছে?অরিন্দম: ঢাকায় কেউ নেই। তবে খুলনায় আমার বড় পিসির বাড়ি। আমার বাবা স্বাধীনতার অনেক আগে ভারতে চলে যান।