‘আন্ডারডগে’ আপত্তি নেই চন্দরপলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় পৃথিবীজুড়ে একচ্ছত্র রাজত্ব ছিল ডাইনোসরদের। কালের বিবর্তনে ধরা হতে বিলুপ্ত হয়ে গেছে তারা। ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট দলেরও একসময় একচ্ছত্র রাজত্ব ছিল ক্রিকেটবিশ্বে। ক্যারিবীয় ক্রিকেটের সূর্য যখন হেলে পড়ছে অস্তাচলে, সেই তখন তাঁর দলে আগমন। এরপর ১৭ বছর হয়ে গেছে, শিবনারায়ণ চন্দরপল এখনো খেলছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। তাঁর ক্যারিয়ার আর ওয়েস্ট ইন্ডিজ দল দুটোই যেন সেই গোধূলি লগ্নেই দাঁড়িয়ে।ওয়েস্ট ইন্ডিজকে ‘ফেবারিট’ বলা হয় না অনেক দিন থেকেই। তবে ঠিক সেভাবে আন্ডারডগও বলা হয়নি এর আগে। অথচ এবার এই ‘আন্ডারডগ’ তকমাটা গায়ে লেগে গেছে তাঁদের। একটু কি হতাশাজনক নয়?চন্দরপল কিন্তু বললেন অন্য কথা, ‘আমরা আন্ডারডগ ঠিকই আছে, এটা বরং আমাদের জন্য ভালো হয়েছে। ২০০৬ সালে যখন আমরা ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠি, তখনো আন্ডারডগ ছিলাম। আমরা ভালোভাবেই প্রস্তুত। এখন মাঠে নেমে খেলার জন্য অপেক্ষা করছি।’ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। সর্বশেষ ২৮ ম্যাচের মাত্র পাঁচটিতে জিতেছে তারা। সেটিও বড় দলের বিপক্ষে নয়। এই ৩৬ বছর বয়সী কিন্তু তার পরও আশাবাদী, ‘গত দুই মাসে দলটি কঠোর পরিশ্রম করেছে, নতুন কোচের সঙ্গে আমরা প্রচুর কাজ করেছি। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা বেশ ভালো খেলেছি।’আরও অনেকের মতোই এই বাঁহাতি ব্যাটসম্যানও মনে করেন, এবারের বিশ্বকাপে বড় ভূমিকা রাখবেন স্পিনাররা। ওয়েস্ট ইন্ডিজ আবার স্পিনের বিপক্ষে দুর্বল। যদিও চন্দরপলের দাবি, তাঁরা ভালো প্রস্তুতি নিয়েই এসেছেন, ‘উপমহাদেশে স্পিন অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রস্তুতি ম্যাচেই আমরা এটা দেখেছি। আমরা প্রস্তুত। আগেও উপমহাদেশে খেলেছি। তাই জানি, কী করতে হয়।’ দলের অভিজ্ঞতম খেলোয়াড় হিসেবে নিজের ভূমিকার ব্যাপারেও তিনি ওয়াকিবহাল। নিজের অভিজ্ঞতা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতেও প্রস্তুত স্বল্প সময়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করা চন্দরপল।চন্দরপলের মতো কোচ ওটিস গিবসনও আশাবাদী, এবার ভালো করবে তাঁর দল, ‘আমাদের দলটি অনেক দূর যেতে পারে। সব ম্যাচই গুরুত্বপূর্ণ। এটা ঠিক, মানুষ আমাদের সুযোগ দেখছে না। কারণ, সাম্প্রতিক বছরগুলোতে আমরা ভালো ফল দিতে পারিনি। কিন্তু এটাই আমাদের সুযোগ দিয়েছে সবাইকে ভুল প্রমাণ করার। আমরা লক্ষ্যে স্থির থাকব, কিছু লোককে অবাক করে দেব।’২৪ ফেব্রুয়ারি দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দুবারের চ্যাম্পিয়নরা। ওয়েবসাইট।