‘আন্দোলন করে কিছুই পেলাম না। বেতন-ভাতা বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা ছাড়াই কাজে যোগ দিলাম। জানি না আমাদের দাবির ভবিষ্যৎ কী?’ঢাকার অদূরে আশুলিয়ার পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার পর কাজে যোগ দিতে আসা শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার এভাবেই তাঁদের হতাশার কথা তুলে ধরেন। শ্রমিকেরা জানান, নিতান্ত জীবিকার তাগিদেই তাঁরা আন্দোলন করেছেন। তাঁদের দাবির বিষয়টি সরকার ও মালিকপক্ষের ভেবে দেখা দরকার। বেতন না বাড়ালে তাঁদের বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়বে। আশুলিয়া থানার পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ব্যাপক বিক্ষোভের মুখে গত শনিবার আশুলিয়ার সব কারখানা (ডিইপিজেড এলাকা ছাড়া) বন্ধ করে দেওয়া হয়েছিল। চার দিন বন্ধ থাকার পর গতকাল সব পোশাক কারখানা আবার খুলে দেওয়া হয়েছে। বুধবার বিকেলে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকের পর মালিকেরা কারখানা খুলে দিতে সম্মত হন। কারখানা খোলার খবর পেয়ে শ্রমিকেরা গতকাল সকালে যে যাঁর মতো কর্মস্থলে উপস্থিত হন। সকাল আটটার মধ্যেই প্রতিটি কারখানার অন্তত ৮০ থেকে ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দেন। কারখানা বন্ধ থাকায় যেসব শ্রমিক বাড়ি চলে যান, গতকাল তাঁরা কর্মস্থলে উপস্থিত হতে পারেননি। তবে আগামীকাল শনিবারের মধ্যে শতভাগ শ্রমিক কাজে যোগ দেবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। গতকাল সরেজমিনে দেখা যায়, কাজে যোগ দিতে আসা শ্রমিকদের মধ্যে কোনো উত্তেজনা নেই। শ্রমিকদের পরিচয়পত্র দেখে ভেতরে ঢোকানো হচ্ছে। পরিচয়পত্র যাচাই করার বিষয়টি অন্যান্য দিনের তুলনায় ব্যতিক্রম হলেও শ্রমিকেরা কোনো আপত্তি করেননি। অধিকাংশ কারখানার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এ ছাড়া দিনভর টহল দিয়েছে র্যাব ও পুলিশের বিশেষ দল। সন্দেহভাজন কাউকে পেলেই তাঁরা জিজ্ঞাসাবাদ করছে। আশুলিয়ার নরসিংহপুরের শারমীন গ্রুপ ও নিশ্চিন্তপুরের অনন্তসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জানান, বেতন-ভাতা না বাড়িয়ে তাঁদের কাজে যোগদানে বাধ্য করা হয়েছে। চাকরি হারানোর ভয়ে তাঁরা কাজে যোগ দিয়েছেন। তবে সরকার ও মালিকপক্ষ তাঁদের দাবির বিষয়টি বিবেচনা করে শিগগিরই বেতন-ভাতা বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা দেবে বলে তাঁরা আশাবাদী।হা-মীম গ্রুপের আশুলিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার (অব.) মোহামঞ্চদ আলী মণ্ডল বলেন, গতকাল তাঁদের কারখানাগুলোতে ৮৫ থেকে ৯০ শতাংশ শ্রমিক উপস্থিত ছিলেন। তাঁরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন। আলাপ-আলোচনা করে শ্রমিক ও মালিকের মধ্যকার দূরত্ব কমানোর চেষ্টা চলছে। বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এটা কোনো প্রতিষ্ঠানের একার সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। বিজিএমইএ ও বিকেএমইএ সরকারের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। এরপরই শ্রমিকদের বেতন বাড়ানো সম্ভব হবে। ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আশুলিয়ার সব কারখানা গতকাল খোলা ছিল। গতকাল কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে ওই এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে। বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।