‘আপনারা চাউল দেওনে আইজ দুগ্গা বাত খাইতে পারমু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের ছোবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন উপজেলার। এসব এলাকার হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এখনো পানিতে তালিয়ে আছে হাজার হাজার একর জমির তিল, ডালসহ বিভিন্ন ফসল। বসতঘর, সহায়সম্বল হারিয়ে এখানকার অনেকেরই দিন কাটছে খেয়ে না-খেয়ে।ঘূর্ণিঝড়-দুর্গত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো। গতকাল শুক্রবার এই দুই জেলার কয়েক শ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলু শাড়ি, লুঙ্গি, মোমবাতি বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নলটোনা, গর্জনবুনিয়া, গোলবুনিয়া, পশ্চিম নিশানবাড়িয়া ও আগা পদ্মা এই পাঁচটি গ্রামের দেড় শ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, মোমবাতি ও দেশলাই বিতরণ করা হয়েছে।গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও ইউনিয়ন ভূমি কার্যালয় মাঠে ত্রাণসামগ্রী বিতরণের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সোবহান মৃধা, জাহাঙ্গীর আলমসহ বন্ধুসভার রানা তালুকদার, হুমায়ুন কবির, আক্তারুজ্জামান লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।ত্রাণ পেয়ে ষাটোর্ধ্ব তারামন বিবি বলেন, ‘বাবা চাইর দিন ধইর্যা ভাত খাই না। একমুট চাউল ঘরে নাই। আপনারা আইজ চাউল দেওনে আইজ দুগ্গা বাত খাইতে পারমু্।’ আরেক দুর্গত মনোয়ারা বেগম (৫৫) বলেন, ‘মোগো খবর কেউ নেয় না। আপনেরা আইজ চাউল-ডাইল না দেলে আইজও না খাইয়্যা থাহন লাগত।’পটুয়াখালী: ঘূর্ণিঝড়ের আঘাতে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ভায়লা গ্রামের অন্তত চার শ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক শ একরের তিল ও ডালখেত। গ্রামের ১০০ দুর্গত পরিবারের মধ্যে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে পটুয়াখালী বন্ধুসভার সাগর মালী, জান্নাতুল ফেরদৌস, আবিদা জান্নাত ও প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস উপস্থিত ছিলেন।ত্রাণ পেয়ে গ্রামের শাফিয়া বেগম (৪০) বলেন, ‘বইন্যার কথা হুনলেই বুকের মধ্যে ধরপর করে। মাইয়া-পোলা লইয়া আশ্রয়কেন্দ্রে যাইয়া আশ্রয় লইতে হয়। বইন্যার পর মোগো এইহানে কেই আয়নাই।’গলাচিপা: উপজেলার সদর ইউনিয়নের চরখালি, উত্তর চরখালি ও পশ্চিম চরখালি—এই তিনটি গ্রামের ১০০ দুর্গত পরিবারকে চার কেজি করে চাল, আধা কেজি ডাল ও আধা লিটার তেল দেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী সোহরাব হোসেন, শিক্ষক অনুকূল চন্দ্র মণ্ডল, বন্ধুসভার আল মামুন, রাকিবুল হাসান, রেজাউল করিম ও প্রথম আলোর গলাচিপা প্রতিনিধি ইশরাত হোসেন উপস্থিত ছিলেন।কলাপাড়া: ঘূর্ণিঝড়ে কলাপাড়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের ১০০ দুর্গত পরিবারকে শাড়ি, লুঙ্গি, চিড়া, মুড়ি, মোমবাতি ও দেশলাই দেওয়া হয়েছে।দুর্গত ব্যক্তিরা ত্রাণ পেয়ে খুশি। আলতাফ হোসেন হাওলাদার বলেন, ‘ক্ষতি যা অইছে হ্যাতো পামুনা। তয় একখান কাপুর আর মালসামানা পাইয়া মোগো কষ্টডা একটু অইলেও কোমবে।’এ সময় কলাপাড়া বন্ধুসভার মোস্তফা জামান, শামীম ব্যাপারী, তানজিল জামান, তাহজিব জানিব ও প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।