নারায়ণগঞ্জ থেকে উঠে এসেছেন দেশের বহু নামী ফুটবলার। ২১ বছরের তরুণ সোহেল রানাও সেই ঐতিহ্য ধরে রাখতে চান। কাল বাংলাদেশ লিগে আবাহনীর বিপক্ষে ফরাশগঞ্জের জয়ের নায়ক কমলাপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে বললেন নিজের উঠে আসা আর স্বপ্নের কথা আবাহনীর বিপক্ষে গোল করে নিজের দলকে জিতিয়ে দেবেন, এটা ভাবতে পেরেছিলেন?সোহেল রানা: আগের দুই ম্যাচে সহজ সুযোগ পেয়েও গোল পাইনি। শেখ রাসেলের বিপক্ষে বাজে একটা মিস করেছি। ঠিক করতে পারছিলাম না, কী করব। এমনকি আজ সারা দিন মা-বাবাকে ফোন পর্যন্ত করিনি। শেষ পর্যন্ত আল্লাহর হুকুম আর মা-বাবার দোয়ায় সফল হয়েছি। নারায়ণগঞ্জ তো ফুটবলার গড়ার কারখানা। কাকে দেখে ফুটবলে এসেছেন?সোহেল: সুজন ভাইকে দেখে। স্কুল ফাঁকি দিয়ে তাঁর খেলা দেখতাম। দেখার পর আমার খুবই ইচ্ছা হতো ফুটবলার হই। আমাদের আইপাড়া পাথরটলি এলাকার সবাই সুজন ভাইকে পছন্দ করত। আমিও করতাম। সেই থেকেই শুরু। নারায়ণগঞ্জেরই আরেক ফুটবলার নজরুল তো আজ আবাহনীর রক্ষণে খেলেছেন। একসময় যাঁর খেলা দেখেছেন, তাঁর বিপক্ষে খেলতে কেমন লেগেছে?সোহেল: নজরুল ভাই অনেক বড় ফুটবলার। তবে আমি খুব টেনশনে ছিলাম আবাহনীর ঘানাইয়ান ডিফেন্ডার সামাদকে নিয়ে। সে খুব টাফ ডিফেন্ডার। আপনি তো অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের ২৫ জনের স্কোয়াডে আছেন। কোচ রবার্ট রুবচিচ মাঠে প্রতিদিন খেলা দেখছেন। তাঁর চোখে পড়ার জন্য কতটা তাগিদ থাকে আপনার মধ্যে?সোহেল: সব সময়ই চাই কোচের নজরে পড়তে। জোরান জর্জেভিচের সময় অনূর্ধ্ব-২৩ দলে প্রথম ডাক পাই। চেষ্টা করি মাঠে ভালো কিছু করতে। ফুটবল নিয়মিত না হওয়ায় এখনকার তরুণদের বেড়ে ওঠা কঠিন হয়ে পড়েছে। আপনি কীভাবে উঠে এলেন?সোহেল: আমি স্কুল ফাঁকি দিয়ে অনূর্ধ্ব-১৬ জেলা দলে ট্রায়াল দিতে যাই একদিন। হুমায়ুন ভাই নামের একজন কোচ আমাকে সাহায্য করেছেন। প্রথম ট্রায়াল দিয়েই টিকে যাই। জেলা টিমে নিপু ভাইয়ের অধীনে ৭টি গোল করেছি। তারপর?সোহেল: প্রথম বিভাগে খেলি যাত্রাবাড়ীর হয়ে। ব্রাদার্সে আসি এরপর। গত বছর সিলেট বিয়ানীবাজারের হয়ে খেলেছি গোটা বাংলাদেশ লিগই। পরিবারের আর কেউ ফুটবল খেলে?সোহেল: না, আর কেউ খেলে না। বাবা কন্ট্রাক্টর। মা গৃহিণী। তিন ভাই দুই বোন আমরা। ছোট দলে নিশ্চয়ই অনেক সমস্যার সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হয়?সোহেল: ফরাশগঞ্জে তেমন সমস্যা নেই। সবাইকেই কমবেশি ভালো টাকা-পয়সা দিয়েছে। কোচ কামাল বাবু ভাই খুবই ভালো। আজ ম্যাচের আগে তিনি আমাকে বলেছিলেন, ‘আগের দুই ম্যাচে খারাপ করেছ, এই ম্যাচে কিছু কইরা দেখাও। রুবচিচ খেলা দেখছেন, তোমার পারফরম্যান্স ভালো না হলে ফাইনাল টিমে রাখবেন না।’ বড় দলে খেলার স্বপ্ন দেখেন?সোহেল: অবশ্যই। এবার তো মোহামেডান, ব্রাদার্স থেকে ডাক পেয়েছিলাম। কিন্তু ছোট টিমে খেলার সুযোগটা যেহেতু বেশি, তাই আমি এবার যাইনি। কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ছে এ মুহূর্তে?সোহেল: আমি ব্রাজিলের সাপোর্টার। পরিবারের সবাই আর্জেন্টিনার। যখন আমি ব্রাজিলের খেলা দেখে খুব চিল্লাচিল্লি করতাম ছোটবেলায়, তখন বড় আপা (রোকসানা আক্তার) আমাকে খাটের নিচে ঠেলে দিত। হা...হা...হা...।