একসময়ের তুখোড় অ্যাথলেট লুৎফুন্নেসা হক বকুল ক্রীড়া সংগঠক হিসেবেও সফল ছিলেন। দুই ভূমিকাতেই খুব কাছ থেকে তাঁকে দেখেছেন সাবেক অ্যাথলেট ও বর্তমানে ক্রীড়া সংগঠক কামরুন নাহার (ডানা)। সেই স্মৃতিচারণাই করেছেন তিনি বকুল আপার মৃত্যুটা নিশ্চয়ই বড় একটা দুঃসংবাদ হয়ে এসেছে?কামরুন নাহার (ডানা): অবশ্যই। তাঁর মৃত্যুতে আমাদের ক্রীড়াঙ্গন, বিশেষ করে মহিলা ক্রীড়াঙ্গন একজন অভিভাবক হারাল। ওনার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে আছে?ডানা: আশির দশকে। সালটা ঠিক বলতে পারব না। তবে প্রথম সাক্ষাতের কথা মনে আছে। ব্যাডমিন্টন কোর্টে সাক্ষাৎ হয়েছিল। পার্স থেকে চকলেট বের করে দিয়েছিলেন। পরে দেখেছি, উনি প্রায়ই সঙ্গে চকলেট, চানাচুরের প্যাকেট রাখতেন। সবার মাঝে বিলি করে আনন্দ পেতেন। সব সময়ই তরুণ অ্যাথলেটদের ভালোমন্দের খোঁজখবর নিতেন। আগে থেকেই কি ওনার সম্পর্কে জানতেন?ডানা: হ্যাঁ। শুধু আমি নই, তখন বকুল আপার নামটা খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট সবাই জানতেন। ১৯৫৬ এবং ১৯৫৮ সালের পাকিস্তান গেমসের (তখন বলা হতো পাকিস্তান অলিম্পিক) হার্ডলসে রেকর্ড টাইমিং করেছিলেন। ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট কারও তাঁর নাম না জানাটাই ছিল অস্বাভাবিক একটা ব্যাপার। পঞ্চাশ দশকে তো বাংলাদেশের মেয়েদের ক্রীড়াঙ্গনে আসাটা তো অনেক কঠিন ছিল। ওই সময়ের গল্প কি কিছু বলতেন?ডানা: বকুল আপা নিজেই গল্প ছিলেন আমাদের কাছে। আমরা সত্তরের দশকে ক্রীড়াঙ্গনে এসেও নানা প্রতিবন্ধকতার শিকার হয়েছি। আর উনি হাফপ্যান্ট পরে মাঠে খেলেছেন আরও আগে, পঞ্চাশের দশকে। যখন মুসলিম সমাজে মেয়েদের খেলাধুলা করাটাকেই দেখা হতো বাঁকা চোখে। আপাকে অনেকবারই বলতে শুনেছি, ওই সময়ে অভিভাবকেরা মেয়েদের খেলাধুলায় আসতে দিতে চাইতেন না। কারণ তাঁদের বদ্ধ ধারণা ছিল, মেয়েরা দৌড়ঝাঁপ করলে তাদের বিয়ে হবে না। তার মানে বকুল আপার অ্যাথলেটিকসে আসায় পরিবারেরও বড় অবদান ছিল?ডানা: হ্যাঁ, তা তো অবশ্যই। ওনার মা-বাবা খুব উদার ছিলেন। ওই সময়ে সামাজিক অবস্থা যেমন ছিল, তাতে এমন না হলে ওনার খেলাধুলায় আসা কঠিন হতো। বকুল আপা সব সময়ই অ্যাথলেট হয়ে ওঠার পেছনে পরিবারের বড় ভূমিকার কথা বলতেন। ওনার বাবা ছিলেন ফুটবলার। হয়তো এ কারণেই খেলাধুলায় আসার ব্যাপারে পরিবার থেকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি আপাকে। দেশের মহিলা ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তো ক্রীড়াসংগঠক হিসেবেও অগ্রণী ভূমিকাতেই ছিলেন বকুল আপা। সংগঠক হিসেবে কেমন দেখেছেন তাঁকে?ডানা: একজন মহিলা অ্যাথলেট হয়ে বকুল আপা উপলব্ধি করতে পেরেছিলেন, দেশের মহিলা ক্রীড়াকে এগিয়ে নিতে হলে মহিলাদের জন্য আলাদা একটা ক্রীড়া কমপ্লেক্স দরকার। শুধু উপলব্ধি করেই থাকেননি। মহিলা ক্রীড়া কমপ্লেক্স গঠন করতে সবার সঙ্গে যোগাযোগও করেছেন। তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছে মহিলা ক্রীড়া কমপ্লেক্স—বকুল আপাকে ক্রীড়াসংগঠক হিসেবে বোঝার জন্য এই তথ্যটাই যথেষ্ট। মহিলা ক্রীড়া সংস্থা গঠনেও তো ওনার বড় অবদান ছিল?ডানা: হ্যাঁ, মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠার মতো মহিলা ক্রীড়া সংস্থা গঠনেও ওনার বড় ভূমিকা আছে।