৪ ওভারে ১ মেডেন, ৬ রান, ৪ উইকেট! এটা কি টি-টোয়েন্টির বোলিং! কাল এই বিস্ময়কর বোলিংটাই করলেন মোহাম্মদ সোহরাওয়ার্দী (শুভ)। এরই কল্যাণে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। আজ আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল নিয়েও আশাবাদী এই স্পিনার দারুণ বোলিং করলেন...মোহাম্মদ সোহরাওয়ার্দী: চেষ্টা থাকে সব সময়ই ভালো করার। কখনো সফল হই, কখনো না। আজ (গতকাল) আসলেই খুব ভালো করে ফেলেছি। উইকেট কেমন ছিল?সোহরাওয়ার্দী: স্পোর্টিং উইকেট। এই উইকেটে সবই আছে। স্পিনাররা সহায়তা পেয়েছে, ঘাস থাকায় পেসাররাও পেয়েছে। বাউন্সও ছিল। প্রথম তিন ওভারে মাত্র ৪ রানে ৪ উইকেটে নিয়েছেন। শেষ ওভারে ২ রান। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা তো আপনাকে খেলতেই পারেনি...সোহরাওয়ার্দী: আমি চেষ্টা করেছি লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে। বাজে বল দিইনি। ব্যাটসম্যানকে রিড করে বল ফেলেছি। ওরা তো চাইছিলই রান করতে। পারেনি, বোলিং আসলেই খুব ভালো হয়েছে। আমার হিসেবে ৪ ওভারে ৫ রানে ৪ উইকেট নিয়েছি আমি। বাংলাদেশের মূল অস্ত্র স্পিন। ফাইনালেও নিশ্চয়ই স্পিনেই মাত করতে চাইবেন...সোহরাওয়ার্দী: আসলে আমাদের স্পিনের অনেক বৈচিত্র্য আছে। যে কারণে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়। ফাইনালেও আফগানদেরও স্পিনে ঘায়েল করব। এই বোলিংটাকে ক্যারিয়ারের কোন জায়গায় রাখবেন?সোহরাওয়ার্দী: একদম ওপরের দিকেই। তবে এটাই কিন্তু সেরা নয়! স্কুল ক্রিকেটে ৫ ওভারে ৫ রানে ৫ উইকেট পেয়েছিলাম...(হা..হা..হা..)! আন্তর্জাতিক ক্রিকেটটা অন্যরকম। গেমসের সঙ্গে এই প্রথম পরিচয়। সবকিছু কেমন লাগছে?সোহরাওয়ার্দী: অসাধারণ লাগছে। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশে থাকার আনন্দই আলাদা। গেমসে না এলে বুঝতাম না। কোনটা বেশি উপভোগ করছেন?সোহরাওয়ার্দী: ডাইনিংয়ে সবাই যখন একসঙ্গে খাই, তখন। নানা দেশের নানা বর্ণের খেলোয়াড়েরা পাশাপাশি টেবিলে খাচ্ছে, আমরাও সেখানে। এত খেলোয়াড়...দেখেই অন্যরকম লাগে। সত্যিই এই অভিজ্ঞতা কোনো দিন ভুলব না। বাংলাদেশের অন্য খেলার খেলোয়াড়দের সঙ্গে থাকছেন আপনারা। এটাও তো নতুন অভিজ্ঞতা...সোহরাওয়ার্দী: এই ব্যাপারটাও খুব ভালো লাগছে। দেশে তো আসলে অন্য খেলার কারও সঙ্গে অনুষ্ঠান ছাড়া দেখাও হয় না। এখানে সবাই এক জায়গায়। এটাও জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা। চীনে ক্রিকেটীয় সুযোগ-সুবিধা কেমন পাচ্ছেন?সোহরাওয়ার্দী: দেশে যতটা ভেবে এসেছিলাম, তার চেয়ে বেশি পাচ্ছি। এখানে মাঠ একটাই। থার্ড আম্পায়ার নেই। একটু তো সমস্যা হচ্ছেই। তবে চীনে ক্রিকেটের চর্চা তো কেবল শুরু, সেই তুলনায় সুযোগ-সুবিধা ভালোই বলব।