আবাহনীর টানা তিনটি বাংলাদেশ লিগ শিরোপা জয়েই তিনি সামলেছেন গোলপোস্ট। গতবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সময় ছিলেন আকাশি-নীলের অধিনায়ক। তার পরও এবার আবাহনী ছেড়ে পাড়ি জমিয়েছেন মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রে। এই দলবদল ও নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন বিপ্লব ভট্টাচার্য আবাহনীতেই তো আপনি সবচেয়ে বেশি দিন খেলেছেন, তাই না? বিপ্লব ভট্টাচার্য: হ্যাঁ, সব মিলিয়ে দশ বছর খেলেছি। শুরু করেছিলাম সেই ১৯৯৪ সালে। ২০০০ সালে চলে গিয়েছিলাম। আর এবার ছিলাম ২০০৬ সাল থেকে। এত দিনের সম্পর্ক ছিন্ন করে মুক্তিযোদ্ধায় কেন গেলেন?বিপ্লব: যে দলের হয়ে তিনটি লিগ জিতলাম, গতবার অধিনায়ক হিসেবে জিতলাম; তাদের ছেড়ে যেতে কি ভালো লাগে! কিন্তু আমি খানিকটা নিরুপায় হয়ে পড়েছিলাম। গত মৌসুম শেষ হওয়ার পর থেকেই আবাহনী থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছিল না। আমি বুঝি, তাঁরা হয়তো ভাবছিলেন, বিপ্লব ঘরের ছেলে, যোগাযোগ করতে হবে কেন? কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। কিসের ভয়?বিপ্লব: ২০০০ সালেও এ রকম আমার সঙ্গে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি অপেক্ষায় ছিলাম। কিন্তু দলবদলের শেষ সময়ে হঠাৎ জানানো হয়েছিল, আমাকে আবাহনীতে রাখা হবে না। পরে বাধ্য হয়ে ফরাশগঞ্জে খেলতে হয়েছিল। এবারও তেমন কিছু হয় কি না, সেই ভয় পাচ্ছিলাম। আপনি তো সব সময় আবাহনী-ভক্ত বলে নিজেকে পরিচয় দেন...বিপ্লব: এখনো বলি—আবাহনী আমার পরিবারের মতো। আজ আমি এই যে বিপ্লব হয়েছি, সেটা আবাহনীর জন্য। আবাহনী না থাকলে বিপ্লবকে কেউ চিনত না। আবাহনীই আমাকে চিনিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ দিয়েছে। আজ অন্য ক্লাবে গিয়েছি বলে আবাহনীর প্রতি ভালোবাসা কমে যায়নি। আবাহনী কি আপনাকে সেই প্রতিদান দিয়েছে?বিপ্লব: অবশ্যই দিয়েছে। এই ক্লাবের কর্মকর্তারা সব সময় আমার প্রয়োজনে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। ক্লাবের সমর্থকেরা যে ভালোবাসা দিয়েছেন, তা তো আমি জীবনেও ভুলতে পারব না। আমি বরং এই সুযোগে আবাহনীর সমর্থকগোষ্ঠী ও সব সাধারণ সমর্থকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি—আমাকে ভুল বুঝবেন না। আমি টাকার জন্য আবাহনী ছেড়ে যাইনি। মুক্তিযোদ্ধা কেমন দল হলো?বিপ্লব: মোটামুটি। এবার তো বেশির ভাগ বড় তারকা আসলে এক দলে (শেখ জামাল ধানমন্ডি ক্লাব) চলে গেছে। তার পরও যতটা পারা যায় ভালো খেলার চেষ্টা করতে হবে। বড় তারকা সবাইকে নিলেও শেখ জামাল আপনাকে ডাকল না...বিপ্লব: সেটা তো সম্ভব ছিল না। ওরা আমিনুলকে নিয়ে নিয়েছে। আর আমাদের দুজনের এক দলে খেলাটা তো ঠিক না। আমরা সেটা এখন করিও না। জাতীয় দলের মতো এখানেও আমিনুল বাধা?বিপ্লব: নাহ্, বাধা হিসেবে দেখছেন কেন! ওর সঙ্গে আমার সম্পর্ক তো খুবই ভালো। ওর পারফরম্যান্স হয়তো আমার চেয়ে ভালো বলে এখন দেশের ‘এক নম্বর’। আমি এক নম্বর হওয়ার লড়াই চালাচ্ছি। কিন্তু ওর খারাপ চাই না। জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে কী ভাবেন?বিপ্লব: দেখেন, আমি যে লড়াকু মানুষ, এটা নিশ্চয়ই বলে দিতে হবে না? লড়াকু না হলে আমি হতাশ হয়ে এত দিনে পালিয়ে যেতাম। কিন্তু আমি স্পষ্ট বলছি, এক নম্বর না হয়ে পালানোর কোনো ইচ্ছে আমার নেই। যতক্ষণ শরীরে শক্তি আছে, একবারের জন্য হলেও আবার এক নম্বর হতে চাই। না পারা পর্যন্ত অবসর নেব না। আমিনুল খারাপ করুক চাই না। ওর চেয়ে ভালো খেলে আবার এক নম্বর হতে চাই।