সেই ১৯৯৮ সালে শুরু। বাংলাদেশের জার্সি গায়ে প্রথম খেলেছেন কলকাতায় এশিয়ান যুব বাস্কেটবলে। এরপর একবারের জন্যও দল থেকে বাদ পড়েননি রাশেদুজ্জামান। শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবলের ফাইনালে ওঠার পর বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বললেন দেশের বাস্কেটবল নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নিশ্চয়ই খুশি?রাশেদুজ্জামান: হ্যাঁ। খুবই ভালো লাগছে। তবে চ্যাম্পিয়ন হতে পারলে আরও বেশি খুশি হব। কিন্তু এই টুর্নামেন্টে তো পুরো শক্তির দল নিয়ে সব দেশ আসেনি?রাশেদ: এটা সত্যি, অনেকেই তাদের পুরো শক্তির দল নিয়ে আসেনি। ভারত থেকে এসেছে পশ্চিমবঙ্গ দল। মালয়েশিয়ার অনূর্ধ্ব-১৮ দল। তার পরও বলব, এই টুর্নামেন্টে আমাদের খেলোয়াড়দের অনেক ভালো অভিজ্ঞতা হলো। এ অভিজ্ঞতাটা কাজে লাগাবেন কোথায়? খেলাই তো হয় না নিয়মিত... রাশেদ: সত্যি বলেছেন। তবে শুনছি, থাইল্যান্ডে একটা টুর্নামেন্টে খেলতে যাবে বাংলাদেশ। গত মাসে এশিয়ান বাস্কেটবলের বাছাইয়ের সেমিফাইনালে উঠেছিলাম। সেখানে ভারতের কাছে হেরে যাই। আমি বলব, আমরা হেরেছি অভিজ্ঞতার কাছেই। আমাদের খেলার মান বাড়ানোর জন্য এমন টুর্নামেন্ট আরও অনেক খেলতে হবে। ফাইনালে তো প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ দল, কেমন মনে হচ্ছে দলটিকে?রাশেদ: ওদের সঙ্গে এর আগে আমরা জিতেছি। দুই দলের মান আমি বলব উনিশ-বিশ। ২০০৮ সালের ইন্দো-বাংলা গেমসে আমরা ওদের বিপক্ষে জিতেছিলাম। কিন্তু পরেরবার ২০১০ সালে হারি। তবে এবার আমরা আশাবাদী, ইনশাআল্লাহ, চ্যাম্পিয়ন হব। আমাদের দলটা অনেক ভালো। অনেক তরুণ খেলোয়াড় আছে দলে। আতাউর, মোজাম্মেল খুবই সম্ভাবনাময় খেলোয়াড়। প্রতিটি ম্যাচেই ভালো খেলছে ওরা। স্বাধীনতা-পরবর্তী সময়ের বাস্কেটবলের যে জোয়ার ছিল, সেটা কি আবার ফিরবে বলে মনে হয়? রাশেদ: আমার বাস্কেটবল ক্যারিয়ার শুরু ১৯৯৮ সালে। এ পর্যন্ত মাত্র তিনবার লিগ হয়েছে। অবশ্য বর্তমান সাধারণ সম্পাদক সরকার স্যার (এ কে সরকার) দুবার লিগ করেছেন। এর মানে আমার ১৪ বছরের বাস্কেটবল ক্যারিয়ারে তিনবার লিগ খেললাম। কিন্তু হওয়ার কথা ছিল ১৪টা। এমন হলে তো হবে না। তবে এই কমিটির খেলার প্রতি আগ্রহ আছে। টুর্নামেন্ট করছে। খেলা রেখেছে কোর্টে। বাস্কেটবলে তাই আবারও সুদিনের স্বপ্ন দেখি। বাস্কেটবলে তো বেসামরিক খেলোয়াড়দের উপস্থিতি নেই বললেই চলে...রাশেদ: কারণ একটাই, পৃষ্ঠপোষকতার অভাব। ভারতে খেলাটা পেশাদারভাবে নিচ্ছে সবাই। কিন্তু আমাদের এখানে সেই সুযোগ নেই। দেখুন, এখনকার মা-বাবারা তাঁদের ছেলেদের ক্রিকেটে পাঠাচ্ছে। তবে আমাদের যদি মাসিক বা বার্ষিক কিছু টাকা পারফরম্যান্স অনুসারে দেওয়া হয় তাতেও অনেকে এখানে আসতে চাইত। আপনি নিজের পরিবারের কতটা সমর্থন পান?রাশেদ: আমি আসলে নৌবাহিনীতে ঢোকার আগে স্বপ্ন দেখতাম, ক্রিকেটার হব। ক্রিকেট খেলেছিও। কিন্তু আমার উচ্চতা (৬ ফুট ৪ ইঞ্চি) দেখে স্যাররা আমাকে বাস্কেটবলে যোগ দিতে বলেন। এখন তো আমার রক্তে ঢুকে গেছে খেলা। আমার স্ত্রী হাবিবার কথাই ধরুন। ও প্রথমে খেলাটা বুঝত না। বিয়ের পর আমার সঙ্গে প্রায় জিমনেসিয়ামে আসত। এখন বাস্কেটবল খুবই ভালো বোঝে ও। আমি যদি কখনো খারাপ খেলি বা আমার দল যদি হারে, তাহলে ওর ভীষণ মন খারাপ হয়। গতবার জাতীয় চ্যাম্পিয়নশিপে রাজশাহী হেরে গেলে কোর্টের ভেতরে ওর সে কী কান্না। পরে আমরা বুঝিয়ে-সুঝিয়ে ওকে শান্ত করি।