‘আবাহনীই আমার ঘর-বাড়ি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ বছর ধরে আবাহনীর সঙ্গে আছেন। ধাওয়া-দাওয়া-ঘুম—সব এই ক্লাবেই। জুম্মন লুসাইয়ের জীবনটাই যেন আবাহনীময়। কখনো আবাহনী ছাড়বেন, এমনটা ভাবতেই পারেন না। কাল সন্ধ্যায় মুঠোফোনে এটা নিয়েই কথা হলো ৫৭ পেরোনো জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডারের সঙ্গে কোথায় আছেন? কী করছেন?জুম্মন লুসাই: কই আর থাকব! আবাহনী ক্লাবেই আছি। আমার তো ঠিকানা একটাই—আবাহনী।  আবাহনীকে দেখছি নিজের ঘর-বাড়ি বানিয়ে ফেলেছেন? এই ভালোবাসার পেছনে বিশেষ কোনো কারণ আছে?জুম্মন: খেলোয়াড় নয়, আবাহনীর কর্মকর্তারা আমাকে দেখেন ভাই হিসেবে। তাই আবাহনীকে নিজের ঘর-বাড়ি মনে করি। ঢাকায় আমার ঠিকানা আবাহনীই। নিশ্চয়ই আমি এমন কিছু কখনো করিনি যাতে কর্মকর্তারা অপছন্দ করবেন। দোয়া করবেন, ভবিষ্যতেও যেন এই বিশ্বাস নিয়ে থাকতে পারি। পরিবার থেকে দূরে থাকছেন কেন?জুম্মন: আবাহনীর সঙ্গ ছিন্ন করতে পারি না, তাই। আমার তিন ছেলে ভারতের শিলংয়ে পড়ে। বড় দুজন এসএসসি পরীক্ষা দিচ্ছে, ছোটটা ক্লাস এইটে। আমার স্ত্রী আমাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় আছে। আমি মাঝেমধ্যে ছেলেদের কাছে যাই, বাড়িতেও যাই।  এই যুগে ক্লাবের প্রতি এমন ভালোবাসা বিরল। আপনি একটা উদাহরণই রাখছেন...জুম্মন: ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ চলছিল। বাংলাদেশ দলকে রাখা হয় হোটেল পূর্বাণীতে। ওই দলের সদস্য হিসেবে আমি রাতে ডিনার করে ক্লাবে এসে ঘুমাতাম। আসলে আবাহনীতে না ঘুমালে আমার ভাত হজম হয় না। আবাহনী-অন্তঃপ্রাণ মোনেম মুন্না, পুশকিন মারা গেলেন। দুজন প্রিয় বন্ধুর স্মৃতিবিজড়িত ক্লাবে থাকতে মনটা বিষণ্ন হয়ে ওঠে না?জুম্মন: ভীষণ একা লাগে। মুন্না, পুশকিন আর আমি ছিলাম জানের দোস্ত। ওদের মতো মানুষ পাওয়া কঠিন। ওরা ছিল অসাধারণ। মুন্নার একটা জিনিস খুব ভালো লাগত আমার, ও যা বলার সব সামনেই বলত সবাইকে। কোনো লুকোছাপা ছিল না।  মুন্নার সঙ্গে কোনো একটা স্মৃতি কি এ মুহূর্তে বলা সম্ভব?জুম্মন: মৌলভীবাজার যাওয়ার সময় মুন্নাকে জিজ্ঞেস করতাম, তোর জন্য লেবু, না চা-পাতা আনব। ও হেসে বলত, তোর যা ইচ্ছা আনিস। আরও অনেক স্মৃতি সারাক্ষণই মনে ভিড় করে। আপনার পরিবারের অনেকে মিজোরামে থাকে। ওখানে যান?জুম্মন: যাই। এটা নিয়ে বলার আগে একটু পেছনে যেতে হবে। আমার বাবা মারা গেছেন ’৮৫-তে। পাকিস্তান আমলে তিনি ছিলেন পুলিশ কর্মকর্তা (ফোর্স ইনচার্জ)। সেই সূত্রে আমাদের ছয় ভাইয়েরই জন্ম সিলেট পুলিশ লাইনে। আমরা তিন ভাই এখন দেশে আছি, বাকি তিনজন ভারতের মিজোরামে থাকেন। প্রায় ৯৪ বয়সী আমার মা-ও মিজোরামের বাসিন্দা। আমার স্ত্রী মিজোরাম এবং শিলংয়ে আসা-যাওয়া করেন। আমাদের এক বোন আছে, তিনি সিলেটেই থাকেন। চাচা-মামা-খালাদের বড় একটা অংশ বসত গড়েছে মিজোরামে।  বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ১৯৮৫ সালে আপনি বিশ্ব হকি একাদশে খেলেছেন। লুসাই পরিবার থেকে বর্তমানে জাতীয় পর্যায়ে কোনো প্রতিনিধি নেই কেন?জুম্মন: আমার ছেলেরা শিলংয়ে ফুটবল খেলে। কারণ ওখানে হকির মাঠ নেই। ভবিষ্যৎ প্রজন্ম থেকে হয়তো হকি খেলোয়াড় পাব আমরা। এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? নাকি আবাহনীতেই কাটিয়ে দেবেন সারা জীবন?জুম্মন: ১৯৭৮ সালে পুলিশে যোগ দিয়ে পরের বছর ঘরোয়া হকিতে পুলিশের হয়ে আমার শুরু। চাকরি ছেড়ে আবাহনীতে আসি ’৮১ সালে। সম্ভবত ’৯২ পর্যন্ত আবাহনীতে খেলেছি। অন্য কোনো দলে যাইনি। এখন আবাহনী হকি দলের কর্মকর্তা হিসেবেই জীবন কাটিয়ে দিচ্ছি। আমৃত্যু আবাহনীর সঙ্গেই থাকতে চাই। হকি খেলা সারা বছর থাকে না। অন্য সময়টা কী করেন?জুম্মন: টুকটাক ব্যবসা করি। আর পাখি, মাছ শিকার করি সিলেটে গিয়ে। এভাবেই চলছে জীবন, এই আরকি!