‘আবাহনীতে যাওয়া একটা চমকই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের শেষ সময়ে ঘটনাচক্রে প্রথমবারের মতো আবাহনীতে নাম লেখাতে যাচ্ছেন আলফাজ আহমেদ। পেশাদার ফুটবল লিগের দলবদল এবং প্রাসঙ্গিক আরও অনেক বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শুনলাম আবাহনীতে যাচ্ছেন?আলফাজ আহমেদ: হ্যাঁ, কথাবার্তা হয়েছে। সব ঠিক থাকলে এবার সম্ভবত আবাহনীতেই খেলছি। ক্যারিয়ারে তো এই প্রথম আবাহনীতে?আলফাজ: এর আগে তিনবার অতিথি খেলোয়াড় হিসেবে আবাহনীর জার্সি গায়ে কয়েকটি ম্যাচ খেলেছি। অন্যসব বড় দলে খেললেও চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে এই প্রথম আবাহনীতে।  আশা করেছিলেন ডাক পাবেন?আলফাজ: সত্যি কথা বলতে আশা করিনি। আবাহনী থেকে ডাক পাওয়া এবং ওখানে যাওয়া আমার কাছে একটা চমকই। যখন ডাক পাওয়ার আশা বেশি করেছিলাম, তখন কিন্তু ডাক পাইনি। কখন আশা বেশি করেছিলেন?আলফাজ: গত মৌসুমের আগেরবার শেখ রাসেলের হয়ে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১৭ গোল করলাম। গতবার কোনো বড় দলই ডাকল না আমাকে। সবাই যেন নামের পেছনে দৌড়াল। বাধ্য হয়ে আমি আরামবাগে গেলাম।  তার মানে পারফরম্যান্সের মূল্যায়ন নেই বলতে চান?আলফাজ: আসলে সময় বদলে যায়। একসময় আমার চড়া মূল্য ছিল। এখন অন্যদের। এটা জগতেরই হয়তো নিয়ম। তবে পারফরম্যান্সের মূল্যায়ন আমাদের এখানে সবাই করে না। আমার পারফরম্যান্স তো এখনো অনেকের চেয়ে ভালো। কিন্তু মূল্যায়ন কই! গত লিগে দেখুন, অনেক বড় স্ট্রাইকারের চেয়ে বেশি গোল করেছি (১২)। আসলে সবাই ভেবেছে, আলফাজের সময় শেষ। এবার নতুন দল শেখ জামাল বড় দল গড়ায় খেলোয়াড়-সংকট চলছে। এটাও তো আপনার আবাহনীতে ডাক পাওয়ার একটা কারণ?আলফাজ: হতে পারে। খেলোয়াড়-সংকট এখন ভয়াবহ। শুনেছি, শেখ জামাল আর মুক্তিযোদ্ধা দল গড়ার পর আবাহনী-মোহামেডান আর খেলোয়াড়ই পাচ্ছে না!  খেলোয়াড়-সংকটের কারণটা কী মনে হয়?আলফাজ: সবাই তৈরি করা খেলোয়াড় চায়। কেউ খেলোয়াড় তৈরি করছে না। এটাই সংকটের সবচেয়ে বড় কারণ।  আপনি তো শুরু করেছেন ১৯৯২-৯৩ মৌসুমে রহমতগঞ্জের হয়ে। আপনার সঙ্গে শুরু করা আরও কেউ কি এখন খেলায় আছেন? আলফাজ: আমার সময়কার সব খেলোয়াড়ই বিদায় নিয়েছে। এবার নিয়ে আমি প্রায় ১৮ বছর পার করব লিগে। কত দিন খেলবেন ঠিক করেছেন?আলফাজ: ফর্ম যত দিন থাকবে তত দিনই খেলব। আরও পাঁচ বছরও খেলতে পারি। তবে যদি দেখি পারছি না, খেলা ছেড়ে দেব। নিজেকে নতুন করে প্রমাণের কিছু নেই আমার কাছে। তবে চ্যালেঞ্জ অনুভব করি এখনো। আবারও প্রমাণ করব, আমি ফুরিয়ে যাইনি।