শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে গতকাল সোমবার বিকেলে মোড়ক উন্মোচন করা হলো আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের আবৃত্তি কর্মশালাভিত্তিক গ্রন্থ আবৃত্তি নির্মিতির। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। আবৃত্তিশিল্পী আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, রেজীনা ওয়ালী, ইকবাল খোরশেদ জাফর এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, আবৃত্তি নির্মিতি বইটি সারা দেশের আবৃত্তি কর্মশালার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক পাঠ্যরূপে কাজ করবে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল স্বরচিত্র আবৃত্তি সংগঠনের আবৃত্তি অনুষ্ঠান ‘ঐকতান’। এতে বিভিন্ন আবৃত্তি সংগঠন থেকে ১০ জন নবীন আবৃত্তিশিল্পী আবৃত্তি করেন। তাঁরা মোট ১০০ মিনিট আবৃত্তি করেন। প্রত্যেক শিল্পীর জন্য সময় বরাদ্দ ছিল ১০ মিনিট।গতকাল সোমবার সন্ধ্যায় অংশ নিয়েছে স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, হরবলা, স্বরকল্পন, কণ্ঠশীলন এবং স্রোত আবৃত্তি সংসদের আবৃত্তিশিল্পীরা। ঐকতানের সমন্বয়কারী সুজাত শিমুল জানান, এখন থেকে প্রতি মাসে নিয়মিত এ আয়োজন করা হবে। গতকাল ছিল এই কর্মসূচির দ্বিতীয় আয়োজন।