‘আমরা আর কোনো মামলা মোকদ্দমায় জড়াব না’
‘আজ থেকে আমরা প্রতিজ্ঞা বদ্ধ হই, আমরা আর কোনো মামলা-মোকদ্দমায় জড়াব না। ছোট ছোট বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতকে কার্যকর করতে হবে। কারণ অনেক অপরাধের বিচার গ্রাম আদালতে সুষ্ঠু সমাধান করা সম্ভব। গ্রাম আদালতের কার্যক্রম শুরু করা হলে অন্যান্য আদালতে মামলার জট কমবে। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায় বিচার পেতে সহায়ক হবে। এর সুফল সাধারণ মানুষ ভোগ করলে গ্রাম আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে।’ এ কথার মধ্য দিয়ে জনসাধারণকে প্রতিজ্ঞাবদ্ধ করার মতো গ্রাম আদালতের পক্ষে মত প্রকাশ করেছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা ইয়াসমীন। দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও ইউএনডিপি বাংলাদেশের কারিগরি ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতাধীন গ্রাম আদালত কার্যকরের জন্য স্টেকহোল্ডারদের সচেতনতা সৃষ্টির জন্য অংশগ্রহণ মূলক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস শুকুর বক্তৃতা দেন। ইউএনডিপির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা মো. ফজলে করিম, লিডার এইড অ্যাসোসিয়েশনের তানিয়া পারভীন ও আনিসুর রহমান খান, ইউনিয়ন সদস্য মো. গিয়াস উদ্দিন, জামাল আহমদ, মো. জয়নাল মিয়া, সৈয়দ আহমদ সৈকত, মো. মাসকুর রহমান, কামাল আহমদ, মো. এনামুল হক, নারী ইউপি সদস্য আফসারা বেগম জনপ্রতিনিধি হিসেবে কর্মশালায় গ্রাম আদালত কার্যকর করার সপক্ষে মতামত ব্যক্ত করেন।উল্লেখ্য, ইউএনডিপি সারা দেশে প্রাথমিকভাবে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনার জন্য দুটি উপজেলাকে নির্বাচিত করেছে। এর মধ্যে একটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ও অন্যটি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা। ২০১৩ সাল পর্যন্ত এ প্রকল্পের কাজ চলবে। পর্যায়ক্রমে ৭৭টি উপজেলার ৫০০টি ইউনিয়ন এর আওতায় আনা হবে।