‘আমরা এখন আরও শক্তিশালী’
বলছেন আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনার দ্যুতিময় মাঝমাঠের একটা অক্ষ সামলে রাখেন তিনি। ওয়েইন রুনির মতে, যিনি এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সেই আন্দ্রেস ইনিয়েস্তা স্পেনের বিশ্বকাপ অভিযানেরও অন্যতম ভরসা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের আশা-ভরসাসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন ইংল্যান্ড থেকে প্রকাশিত বিশ্বখ্যাত ফুটবল সাময়িকী ফোর ফোর টু পত্রিকায় বিশ্বকাপ এসে গেল, রোমাঞ্চিত নিশ্চয়ই!আন্দ্রেস ইনিয়েস্তা: যেকোনো বিশ্বকাপই রোমাঞ্চ নিয়ে আসে। বিশ্বকাপ কোন দেশে হচ্ছে, সেটি কোনো ব্যাপার নয়। দক্ষিণ আফ্রিকা দেশটাকে আমি খুব ভালো করে জানি না। তাই টুর্নামেন্টে খেলতে গিয়ে নতুন এক সংস্কৃতিকে আবিষ্কার করারও একটা ব্যাপার থাকবে। ইউরো ২০০৮ চ্যাম্পিয়নশিপ জয়ের সময়কার চেয়ে স্পেন কি এখন আরও ভালো দল?ইনিয়েস্তা: এটা সত্যি, আমরা এখন আরও শক্তিশালী। দলের সব খেলোয়াড়ই বিশ্বাস করে, আমরা ইউরোর চেয়েও বড় কিছু জিততে পারি। বিশ্বকাপ জয়ের জন্য আমাদের সবারই নিজেদের আরও উন্নতি করা দরকার এবং এই কাজটা আমরা ইউরো জয়ের পর থেকেই শুরু করেছি। বাছাইপর্বে সব কটি ম্যাচ জিতেছি আমরা। এটাই তো সব বলে দেয়। ফুটবলে সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে, বড় একটা জয় পাওয়ার পর মানসিকতাটা ধরে রাখা। স্পেন এবার অন্যতম ফেবারিট। এটা কি বাড়তি চাপ? ইনিয়েস্তা: জিততে চাইলে চাপ তো আসবেই। বিশ্বকাপ সামনে রেখে আমি যা অনুভব করছি, সেটা হলো আমাদের এবং দেশের জন্য ভালো করার দায়িত্ব নেওয়া। দুই বছর আগের জয়টা আমাদের দারুণ এক অনুভূতি উপহার দিয়ে গেছে। এই স্বাদটা আমরা আবার পেতে চাই। ইউরো জেতানো লুইস আরাগোনেস এবং ভিসেন্তে দেল বস্কের সঙ্গে তুলনা করতে বললে কী বলবেন?ইনিয়েস্তা: ফুটবলে প্রত্যেকেরই নিজস্ব ধরন থাকে। তবে সত্যি করে বললে, দেল বস্ক একটু ধীরস্থির এবং শান্ত স্বভাবের। নিজেকে তিনি একটু অন্যভাবে তুলে ধরেন। আরাগোনেস কথা বলতেন জোরের সঙ্গে, যা বলতেন তাতেই স্থির থাকতেন। তাঁর বিশাল অভিজ্ঞতা কিংবা তাঁর থেকে আপনার কিছু না শিখে উপায় ছিল না। দেল বস্ক দলটাকে বদলাতে চাননি। সামান্য কিছু সমন্বয় তিনি করেছেন। স্পেন আর বার্সেলোনার খেলায় আপনার ভূমিকা কতটা আলাদা? ইনিয়েস্তা: আসলে তেমন কোনো পার্থক্য নেই। দেল বস্ক চান তাঁর দল জিতুক এবং ভালো খেলুক। আর এটা চাইলে অবশ্যই আপনাকে ক্লাবের ভূমিকাটাই জাতীয় দলেও নিতে হবে। ক্লাব আর দেশের হয়ে জাভির সঙ্গে খেলাটা কতটা সাহায্য করে?ইনিয়েস্তা: হুম্, এটা সত্যি দারুণ ব্যাপার। আমরা একে অপরকে জানি এবং পছন্দও করি। বার্সেলোনায় আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি। স্পেন দলেও খেলছি। কখনো কখনো আপনাকে ভাবতে বা তাকাতে হবে না যে, সে কোথায় থাকবে বা কী করতে যাচ্ছে। এ ছাড়া আমাদের সেস, সিলভা, মাতা, ভিয়া, জাভি (আলোনসো) এবং আরও অনেকেই আছে, যাদের দ্বারা উপকৃত হতে পারি। আর সবার ধরনটা সুন্দরভাবে সবার সঙ্গে সহজেই মানিয়ে যায়। আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সবার মানসিকতার সমন্বয়। ফ্যাব্রিগাসের ইংলিশ সমর্থকেরা বিস্মিত যে তিনি শুরুর একাদশে অবধারিত পছন্দ নন। তাঁর মতো একজন খেলোয়াড় আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এটা কেমন লাগে?ইনিয়েস্তা: আমরা একে অপরকে প্রতিপক্ষ মনে করি না বা একে অন্যের ঘাড়ের ওপর আছি এমনও ভাবি না। বিষয়টি হচ্ছে, আপনাকে কঠিন অনুশীলন করে যেতে হবে, প্রতিদিন শতভাগ উজাড় করে দিতে হবে, বাকিটা কোচের ওপর ছেড়ে দিন। জাভি আলোনসোর কথাও বলেছেন আপনি। সম্প্রতি আরও একজন যে প্রথম একাদশে নিয়মিত হয়েছেন সেই জেরার্ড পিকে এবং আলোনসো দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ?ইনিয়েস্তা: তরুণ হলেও জেরি গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। রক্ষণে থেকেও সৃজনশীল খেলার দুর্লভ সামর্থ্য তাঁর আছে। জাভি (আলোনসো) তো অবশ্যই বিশ্বসেরাদের একজন। দলে থাকলে সে খেলার গতিটা নিয়ন্ত্রণ করে। নিখুঁত লম্বা পাস দিতে পারে সে। ডজন ডজন নিখুঁত পাস দিতে পারে, গোলে শট নিতে পারে এবং আমি বলতে পারি ইংল্যান্ডে খেলাটা তার কাজে লেগেছে। আপনার বেশ কয়েকজন বার্সা-সতীর্থ যখন স্পেনকে শিরোপা জেতাতে খেলবে, লিওনেল মেসি তখন সবকিছু ভণ্ডুল করে দিতে পারেন। আপনার কি মনে হয়, মেসি একা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারবেন?ইনিয়েস্তা: কেউ একা বিশ্বকাপ জেতাতে পারে না। মেসির চারপাশে একটা দল হয়েই খেলতে হবে, আর্জেন্টিনাকে মেসির বিশেষ কিছু দেওয়ার জন্য এটাই বেশি দরকার। এটা টেনিস নয়! দলীয় খেলা এবং লিও সেটি ভালো করেই জানে। একজন বড় খেলোয়াড়ের ছবি আঁকতে বড় ক্যানভাসের প্রয়োজন এবং সেই ক্যানভাসটা দেয় দল। এগুলো বলার পরও আমি আরেকটা কথা বলব—এখন সে ক্যারিয়ারের সেরা একটা সময় পার করছে। খেলার ক্ষেত্রে সময় একটা ব্যাপার। আর্জেন্টিনাকে ছাড়া আর কোন দলকে নিয়ে আপনার চিন্তা?ইনিয়েস্তা: ইতালি বর্তমান চ্যাম্পিয়ন এবং আসল সময়ে তারা ঠিকই অনুপ্রাণিত থাকে। ব্রাজিল...আমার মনে হয় না এদের নিয়ে আমার ব্যাখ্যা দেওয়ার কিছু আছে। আমি যেটা মনে করি, ব্রাজিল অনেক বড় ফেবারিট। ইংল্যান্ডও এখন সত্যিই শক্তিশালী। স্পেনে কোচ হিসেবে ফ্যাবিও ক্যাপেলোকে সবাই শ্রদ্ধা করে। ইংল্যান্ড খুব একটা গোল খাবে বলে মনে হয় না। তাদের বিপক্ষে খেলাটাও কঠিন হয়ে পড়েছে।