‘আমরা এখোন কোনে যাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা এখোন কোনে যাব? গ্রামপ্রধান ঘরদোর ভাঙে উচ্ছেদ কোরল। আমাগারে তো যাওয়ার জাগা নাই। জমিটমিও নাই। খাসজমিত থাকতেম। ৩০ বছর পর প্রধান কয়, এ জমি আমার।’ খাসজমি থেকে উচ্ছেদ হওয়া ভূমিহীন মফিজ উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন। পাবনার চাটমোহর উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে হান্ডিয়াল ইউনিয়নের মুনিয়াদিঘী গ্রামের মুনিয়াদিঘী পাড়ে খাসজমিতে বসবাস ছিল ভূমিহীন মফিজ উদ্দিনের। ওই গ্রামের প্রধান বেল্লাল প্রামাণিক ও তাঁর চার ছেলের বিরুদ্ধে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে লোকজন নিয়ে পুলিশের উপস্থিতিতে ঘর ও গাছপালা ভেঙে ভূমিহীন পরিবারটিকে বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।১৩ ফেব্রুয়ারি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও মফিজ উদ্দিনের পরিবারের সঙ্গে কথা হয়। মফিজ বলেন, মুনিয়াদিঘীর পাড়ের ২০ শতক খাসজমিতে তিনি ৩০ বছর ধরে বসবাস করছেন। এখানে তাঁর মতো আরও ১৫টি ভূমিহীন পরিবার বাস করছে। ভুয়া কাগজপত্র বানিয়ে গ্রামপ্রধান বেল্লাল প্রামাণিক জায়গাটি নিজের বলে দাবি করে আসছেন। ঘটনার দিন বিকেলে মফিজ পাশের নওগাঁ হাটে যান। এ সময় গ্রামপ্রধান ও তাঁর ছেলেরা লোকজন নিয়ে ঘরদোর ও গাছপালা ভেঙে জায়গাটি দখল করে নেন। ঘটনার সময় হান্ডিয়াল ইউনিয়ন সদরে অবস্থিত পুলিশ তদন্তকেন্দ্রের (পিআইসি) ইনচার্জ মজিবর রহমান সেখানে উপস্থিত ছিলেন। মফিজের স্ত্রী রাহেলা খাতুন বলেন, ‘কত হাতেপায়ে ধরলেম প্রধানেক। তাঁরা আমাগারে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল। কত বকাবাদ্য করল।’মফিজের ছেলে বাবুল বলেন, ‘আমরা চার ভাই। দুই বোনের বিয়ে হইছে। আমরা ভূমিহীন। কোনে থাকপো এখন আমারা?’ মুনিয়াদিঘী গ্রামের বাসিন্দা শিক্ষক আমির আলী বলেন, ‘আমরাও প্রায় ৩০ বছর মফিজকে ওখানে বাস করতি দেখতিছি। ওটা খাসজমিই জানতেম। ওখানে আরও ভূমিহীনরা বাস করতিছে। এডা ভালো হয় নাই। ও এখন কোনে যাবি?’ দখলদার প্রধান বেল্লাল বলেন, আমার লিগেল কাগজপত্র আছে। ও জাগা খাস হবি কেন! আমার জমি, মফিজ ঘর তুলে ছিল। আমরা ঘর ভাঙি নাই। মফিজই ঘর ভাঙে লিছে।’ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মজিবর রহমান বলেন, ‘অন্যের জায়গায় বাস করা ঠিক না। আমি অভিযোগ পেয়ে সেখানে গেছি। ঘর মফিজ নিজেই ভেঙে নিয়েছে। আমরা ভাঙি নাই।’ হান্ডিয়াল ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি জানি না। আমার কাছে কেউ অভিযোগও করে নাই। আমি খোঁজ-খবর নেব।’ মফিজ উদ্দিন বলেন, ‘ঘর ভাঙে লেওয়ার পর এখন প্রধান ৮০ হাজার টেকা দাবি করতিছে। টেকা দিলি জমি আমার নামে লেখে দিবে বলতিছে। আমি এত টেকা কোনে পাব, আর এখন থাকপো কোনে বউ ছাওয়ালপাল লিয়ে?’