‘আমরা কাউকে নকল করি না’
বিশ্বকাপের আগে তাঁর কোচিং ক্যারিয়ারের অর্জন দুটি স্প্যানিশ লিগ ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সেই ভিসেন্তে দেল বস্ক এখন বিশ্ব চ্যাম্পিয়ন কোচ। ফিফাডটকমকে দেওয়া এই সাক্ষাৎকারে স্প্যানিশ কোচ বলেছেন তাঁর কোচিং ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে ভিসেন্তে, দক্ষিণ আফ্রিকায় আপনার যে কৌশল দেখেছি, সে সম্পর্কে বলবেন?ভিসেন্তে দেল বস্ক: বেশির ভাগ দলই একই কৌশলে খেলেছে। কিছু দল অবশ্য ভিন্ন পন্থা বেছে নিয়েছিল। আমি ফর্মেশনে খুব একটা বিশ্বাসী নই। এটা খেলার অংশ, তবে সবকিছু নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সমন্বিতভাবে দলের রক্ষণ সামলানো ও আক্রমণে উঠে যাওয়া। ফর্মেশন আপনাকে কেবল শুরুর একটা চিত্রই দেবে। আপনি সেটা বলছেন, কিন্তু স্পেন যেভাবে খেলেছে, সেটা তো অনুসরণ করা কঠিন।দেল বস্ক: আমাদের বিপক্ষে যে দলগুলো খেলেছে, তাদের অনেকেই জানত, আমাদের কীভাবে আটকাতে হবে। চিলি আর প্যারাগুয়ে আমাদের বিপক্ষে ভালো খেলেছে। এই দুটি দলের গেমপ্ল্যানের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল আমাদের। রক্ষণাত্মক খেলার জন্য এমনিতেই ওরা প্রশংসার দাবিদার। নিজেদের সীমানায় তাদের নিয়ে খুব একটা বেগ পেতে হয়নি আমাদের। কিন্তু আমাদের বিপক্ষে গোছালো দলই ছিল তারা। স্পেনের খেলার উল্লেখযোগ্য দিকটি কী?দেল বস্ক: সর্বাগ্রে যেটা বলব, সেটা হচ্ছে আমরা কখনো কাউকে নকল করি না। এরপর বলব, যে ধরনের খেলোয়াড় আমাদের আছে, তাদের কথা। আমাদের যে রকম মিডফিল্ডাররা আছে, তাতে পজেশনাল ফুটবল ছাড়া অন্য কিছু খেলা কঠিনই হয়ে পড়ে। এটা ঠিক রেখেই সঙ্গে লম্বা আর ছোট পাসের সঙ্গে সমন্বয় করেছি। আমাদের যা শক্তি, নিশ্চয় তার বাইরে যেতে পারি না আমরা। শক্তিশালী রক্ষণ ছাড়া কোনো দলই সম্পূর্ণ নয়। শক্তিশালী রক্ষণের কারণেই প্রতিপক্ষকে আমরা পরাভূত করতে পারি। হারিয়ে ফেলা বল ফিরে পাই। এর জন্য কি অনুশীলনে কাজ করেন আপনি, নাকি স্প্যানিশ খেলোয়াড়দের ডিএনএতেই ব্যাপারটা মিশে আছে?দেল বস্ক: দুটোরই সংমিশ্রণ হয়েছে বলে মনে করি আমি। এখানে ক্লাবগুলোর বড় ভূমিকা আছে এবং কৃতিত্বটা তাদের প্রাপ্য। আমরা অন্যদের জন্য দৃষ্টান্ত তৈরি করে দিচ্ছি এবং খেলোয়াড়দের নিয়ে যে অনুশীলন করছি—এটাও বিশেষ কিছু। টেকনিকটা সহজাত হলেও এর পরিচর্যা করতে হয়। খেলোয়াড়দের কী পরিমাণে কৌশলগত স্বাধীনতা দেন আপনি?দেল বস্ক: পেশাদার ফুটবলেও খেলোয়াড়দের একটা নির্দিষ্ট পরিমাণে স্বাধীনতা দেওয়া উচিত বলে মনে করি আমি। একজন কোচের কাজ হচ্ছে খেলোয়াড়ের মেধার সঙ্গে সাংগঠনিক ব্যাপারের সমন্বয় করা। উৎসাহ দেওয়ার ক্ষেত্রে কৃপণতা তাঁকে মানায় না। দলকে সংগঠিত করাই শুধু কোচের কাজ নয়; ব্যক্তি-নৈপুণ্যে ভাস্বর খেলোয়াড়দের আবিষ্কার করা এবং তাদের মেলে ধরায় সহযোগিতা করাও কোচের কাজ। বিশ্বকাপের পর কিছু ম্যাচে স্পেন খুব একটা ভালো খেলতে পারেনি। এমনটা কি আশা করেছিলেন?দেল বস্ক: আসলে এই ম্যাচগুলোর জন্য আমরা ভালোভাবে অনুশীলনই করতে পারিনি। তবে আমার মনে হয়, মেক্সিকোর বিপক্ষে সবকিছু ঠিকঠাকই ছিল। কেউ চোটে পড়েনি এবং ভালোও খেলেছি আমরা। এই ম্যাচটা নিয়ে আমি সন্তুষ্টই ছিলাম। আর্জেন্টিনার বিপক্ষে শুরুটা বাজে হয়েছিল, পরে আর ম্যাচেই ফিরতে পারিনি আমরা। কখনো কখনো পরাজয়টা খুব খারাপ নয়, এটা কাজেও আসে। ওই ম্যাচগুলোয় আপনি নতুন কিছু মুখ নিয়ে এসেছেন। আপনি কি প্রজন্ম পরিবর্তনের মতো কিছু ভাবছেন?দেল বস্ক: আমি যা দেখতে পাচ্ছি তা হলো, ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপে সব বিশ্ব চ্যাম্পিয়নই থাকবে। তাদের বেশির ভাগই আবার থাকবে ২০১৪ বিশ্বকাপেও। কাজেই সতর্কভাবে চলতে হবে আমাদের। ভিয়েনা (২০০৮ ইউরো) আর জোহানেসবার্গের (২০১০ বিশ্বকাপ) ফাইনাল খেলা আমাদের দল দুটির মধ্যে কিছু পার্থক্য তো ছিলই। দক্ষিণ আফ্রিকায় দলে ছিল সাত-আটজন নতুন খেলোয়াড়। কাজেই এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। স্পেনের খেলোয়াড়দের মধ্যে সম্পর্কটা খুবই ভালো। ড্রেসিংরুম সুখী রাখার রহস্য কী?দেল বস্ক: এটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। দলীয় চেতনাটা যদি থাকে, তাহলে সবকিছু জয় করা সহজ হয়। একেক কোচ এটাকে একেকভাবে সামলান। বিষয়টা নির্ভর করে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও অনুশীলনের ধরনের ওপর। তবে আমি বলব, যে দলটি পেয়েছি, তা নিয়ে খুব সুখী আমি। এরা সবাই খুব ভালো স্পোর্টসম্যান, ভালো মানুষ। আমাদের মধ্যে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। লোকজন বলে, ক্লাবের কোচদের চেয়ে জাতীয় দলের কোচরা বেশি নির্ভার থাকেন। আপনি কি একমত?দেল বস্ক: (জাতীয় দলের) কোচদের অনেক কাজ করার থাকে। জাতীয় ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে হয়। প্রতিপক্ষ দলের ওপর চোখ রাখতে হয়। খেলোয়াড়দের সঙ্গে কথা বলা এবং দলে পরিবর্তনের জন্য তরুণ খেলোয়াড়দের দিকেও নজর দিতে হয় কোচকে। সত্যি বলতে কি, খুব বেশি সময় এরপর আর হাতে থাকে না। চাপ নেওয়ার ক্ষেত্রে বড় পার্থক্যটা এই—জাতীয় দলের কোচদের খুব কম সময়ের জন্য গভীর মনোসংযোগ করা লাগে, তবে আমার মনে হয় না ক্লাব ফুটবলের চেয়ে এখানে মনোসংযোগটা কম দেওয়া লাগে। ক্লাব কিংবা জাতীয় দল—সমর্থকেরা যেটাকেই সমর্থন করুন না কেন, অনেক বড় প্রত্যাশা থাকে তাঁদের। শেষ প্রশ্ন, আপনি কি ফুটবলাসক্ত অথবা ফুটবল ছাড়া জীবনে আপনার অন্য কিছু কি করার আছে?দেল বস্ক: ফুটবলের বাইরেও আমাদের সবার জগৎ আছে। কিছু কিছু কোচ অবশ্য ফুটবল নিয়েই সব সময় মেতে থাকেন। তবে ফুটবলের জগতে এসে পড়লে অন্য কিছুর চেয়ে এটিকে নিয়েই বেশি ভাবতে হয়। ভাষান্তর: আবিদুল ইসলাম