কাপ পর্বের লক্ষ্যপূরণ যেমন হয়েছে, তেমনি কাপ পর্বে গিয়েই হোঁচট খাওয়ার হতাশাও আছে। তবে যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গী নির্বাচক হিসেবে তিনি হতাশ নন। দলের আগেই দেশে চলে আসা হাবিবুল বাশার বরং ভবিষ্যতের আলো খুঁজে পেয়েছেন এই সফরে সব মিলিয়ে কেমন হলো বাংলাদেশ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ?হাবিবুল বাশার: ভালো হয়েছে, তবে আরেকটু ভালো হতে পারত। ওখানে অনেক দলের সঙ্গেই অনেক বড় বড় ক্রিকেট ব্যক্তিত্ব ছিলেন। তাঁদের সঙ্গে আমাদের কথা হয়েছে। সবাই বলেছেন এই দলটা অনেক দূর যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে হয়তো সত্যি সত্যিই আমরা অনেক দূর যেতাম। দেশ ছাড়ার আগে অধিনায়ক আনামুল কাপ পর্বে খেলার লক্ষ্যের কথা বলেছিলেন। সেটা পূরণ হলেও বাংলাদেশ দল আর এগোতে পারেনি। নির্বাচক হিসেবে আপনি কতটা সন্তুষ্ট?হাবিবুল: আমি মোটামুটি সন্তুষ্ট। পুরোপুরি নই, কারণ আমাদের আরেকটু ভালো করা উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। তবে যা-ই হয়েছে, ছেলেরা খারাপ করেনি। আমরা যে গ্রুপে ছিলাম, কোয়ার্টার ফাইনালে যাওয়াই কঠিন ছিল। শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেছি। আমার মনে হয়, দল হিসেবে আমরা খারাপ করিনি। কাপ পর্বে ওঠার পর নিশ্চয়ই প্রত্যাশা বেড়ে গিয়েছিল। ওখানে গিয়েই হোঁচট খাওয়ার কারণটি আসলে কী?হাবিবুল: আমাদের দেশে ছেলেরা সাধারণত স্পিনই বেশি খেলে। ওখানে গিয়ে প্রচুর ফাস্ট বল খেলতে হয়েছে। আর বিশ্বকাপে যারা গেছে, সবাই খুব ভালো দল। তার পরও শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পর দলটা খুব আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। কাপ পর্বে যাওয়ার পর প্রত্যাশাও বেড়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার কাছে হার সেটা পূরণ হতে দেয়নি। এর পর তো ইংল্যান্ডের বিপক্ষেও হার...হাবিবুল: ইংল্যান্ডের বিপক্ষেও হেরেছি আসলে অস্ট্রেলিয়ার কাছে হারের হতাশা থেকে। দলটা এখনো তরুণ। হারের ধাক্কা সামলাতে সময় লেগেছে খানিকটা। নইলে পাকিস্তান ভালো দল ছিল। শেষ ম্যাচে ওদের তো হারিয়েছি। এই পর্যায়ের ক্রিকেটে ক্রিকেট উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য খুব বেশি থাকে না। এবারও কি তা-ই মনে হলো?হাবিবুল: এবার সব দেশই মোটামুটি ভালো দল নিয়ে এসেছে। দক্ষিণ আফ্রিকা দলে তো প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা খেলোয়াড়ই ছিল পাঁচ-ছয়জন। তবে মাঠে আমরা কারও থেকেই খুব বেশি পিছিয়ে ছিলাম না। কিছু কিছু সময় হয়তো আমরা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারিনি বা স্পিনাররা কন্ডিশনের সাহায্য পায়নি। সেটা হলে হয়তো আমরা আরও ভালো করতে পারতাম। দলটাকে খুব কাছ থেকে দেখলেন। মাঠ বা মাঠের বাইরে তাদের শরীরভাষা, মানসিকতা—এসব কেমন?হাবিবুল: ভালোই মনে হয়েছে সব দিক দিয়ে। দলে এমন দু-একজন খেলোয়াড় আছে, পরিশ্রম করলে যারা ভবিষ্যতে নিজেদের অনেক ওপরে নিয়ে যেতে পারবে। অধিনায়ক আনামুল হককে কেমন দেখলেন? দুটি সেঞ্চুরিসহ সর্বোচ্চ রান-সংগ্রাহক...হাবিবুল: আনামুলের জন্য এই টুর্নামেন্টটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। টুর্নামেন্টে কিছু উঠতি আন্তর্জাতিক ক্রিকেটার ছিল। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেগ ব্রাফেট যেমন। এ রকম ক্রিকেটারদের দিকে আলাদা একটা ফোকাস ছিল টুর্নামেন্টে। তা ছাড়া টুর্নামেন্টে সব দলের ম্যানেজমেন্টের সঙ্গে অনেক বড় বড় মাথা ছিল। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে এসেছেন স্টুয়ার্ট ল, এ রকমই ছিলেন সবাই। তো সবাই তাকিয়ে থাকায় এ জাতীয় ক্রিকেটারদের ওপর ভালোই চাপ ছিল। আনামুল সে চাপ ভালোই সামলে এসেছে। ওই কন্ডিশনে খুব ভালো ব্যাটিং করেছে। শর্ট বলে আমাদের ব্যাটসম্যানদের দুর্বলতা আছে। কিন্তু ওখানে তা মনে হয়নি। আনামুলসহ আমাদের অন্য ব্যাটসম্যানরাও শর্ট বলে খুব ভালো খেলেছে।