বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক তিনি, কয়েক বছর ধরেই আছেন ইংল্যান্ডে। দায়িত্ব পালন করছেন এশীয়দের দাতব্য সংস্থা লন্ডন টাইগার্সের ক্রিকেট-প্রধান হিসেবে। ব্রিটিশ কনজারভেটিভ পার্টির একটি প্রকল্পের আওতায় এই সংস্থা সম্প্রতি কাজ শুরু করেছে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেটে। লন্ডন টাইগার্স ক্রিকেটের প্রধান শহিদুল আলম রতন জানালেন সে সম্পর্কেই মূলত কী উদ্দেশ্যে এই প্রকল্প?শহিদুল আলম রতন: তৃণমূল পর্যায়ে উঠতি ক্রিকেটারদের সাহায্য করার জন্যই এই প্রকল্প। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে বাচ্চারা অনেক সুযোগ-সুবিধা পায়। ও রকম না পারলেও আমরা চাই, যতটা সম্ভব সুযোগ-সুবিধা দিতে। ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সঙ্গে লন্ডন টাইগার্সের সম্পর্কটা কী?রতন: কনজারভেটিভ পার্টি তাদের একটা প্রকল্পের আওতায় স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করছে। বাংলাদেশে আসার আগে তারা লন্ডন টাইগার্সকে প্রস্তাব দেয় এই প্রজেক্টে পার্টনার হতে। সিলেট ও ময়মনসিংহে চালু দুটি ক্রিকেট সেন্টার কীভাবে কাজ করবে?রতন: ‘মায়া’ নামে প্রথম প্রকল্পটা শুরু হয় সিলেটে। গত ২০ সেপ্টেম্বর ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সংসদীয় প্রতিনিধিদলের উপস্থিতিতে এটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ময়মনসিংহের প্রকল্পের উদ্বোধন হলেও কার্যক্রম শুরু হবে নভেম্বর থেকে। লন্ডন টাইগার্স ক্রিকেট সেন্টারের মূল লক্ষ্য অনূর্ধ্ব-১৩, ১৫ ও ১৭ বয়সী ক্রিকেটারদের সম্ভব সর্বোচ্চ খেলার সুযোগ করে দেওয়া। আমরা চাই, বাচ্চারা যত বেশি সম্ভব ম্যাচ খেলুক। এদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণ করা হবে। প্রতিটি সেন্টারে সর্বোচ্চ ৬০ জন খেলোয়াড় থাকবে। এটা কি শুধু সিলেট আর ময়মনসিংহেই হবে?রতন: পরিকল্পনা আছে সব বিভাগীয় শহরেই করার। ভালো সাড়া পেলে পরিধি বাড়তে পারে। যে শহরে সেন্টার হবে সে শহর এবং আশপাশের এলাকা থেকে বাছাই করে ক্রিকেটার নেওয়া হবে। সেখানে ১০ সপ্তাহের প্রাক-মৌসুম ট্রেনিং ক্যাম্প হবে। সুযোগ পেলে আমরা সেন্টারগুলোয় কিছু কাঠামোগত উন্নয়নও করব, যাতে বাচ্চারা নিয়মিত ক্রিকেট অনুশীলন করতে পারে। ক্যাম্পে অংশ নেওয়াদের কি কোনো টাকাপয়সা দিতে হবে?রতন: ক্যাম্প সম্পূর্ণ বিনা মূল্যে। সরঞ্জামও আমরাই দেব। যেসব জিনিস এখানে পাওয়া যায় না, সেসব লন্ডন থেকে পাঠানো হবে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় একাডেমি পর্যায়ে যেসব সরঞ্জাম ব্যবহার করা হয় সেসবই দেওয়া হচ্ছে। জেলার বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটাররা এসব চিন্তাও করতে পারে না। আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটেও এসব সরঞ্জাম নেই। আমাদের দেওয়া সরঞ্জাম সংশ্লিষ্ট জেলা এবং বিভাগের খেলোয়াড়েরাও ব্যবহার করতে পারবে। প্রকল্পের আর্থিক দিকটি কারা দেখছে?রতন: কনজারভেটিভ পার্টির সঙ্গে লন্ডন টাইগার্সও ফান্ড সংগ্রহ করছে। এ ছাড়া স্পনসর আছে। ময়মনসিংহে যেমন বাংলাদেশি প্রতিষ্ঠান ম্যাককম। ময়মনসিংহ সেন্টারটি পুরোপুরি তাদের পৃষ্ঠপোষকতায় হচ্ছে। স্পনসর আসলে সেন্টারের নামের সঙ্গে তাদের নামও যুক্ত হবে। ময়মনসিংহের সেন্টারটির নাম যেমন ম্যাককম-লন্ডন টাইগার্স ক্রিকেট সেন্টার। ক্যাম্পে কোচ থাকবেন কারা?রতন: স্থানীয় কোচরাই কাজ করবে। জেলা পর্যায়ে লেভেল-১, ২ করা প্রচুর কোচ আছে। তাদের নিয়ে ওয়ার্কশপ হচ্ছে। আমরা কী চাই, ট্রেনিং সেন্টারের মান কী হবে, প্রতিভা অন্বেষণ প্রক্রিয়া কেমন হবে—এসব ব্যাপারে তাদের ধারণা দেওয়া হচ্ছে। ১০ সপ্তাহের ক্যাম্পের পর এই ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা কী?রতন: জেলাগুলোয় বয়সভিত্তিক প্রতিযোগিতা করার পরিকল্পনা আছে। তিনটা সেন্টার হয়ে গেলেই তাদের মধ্যে একটা টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেখান থেকে প্রতিভাবান কাউকে খুঁজে পেলে তাকে ইংল্যান্ডের কন্ডিশনে খেলার সুযোগ দেওয়া হবে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৫ বছরের একটা ছেলে বছরে ৩৫-৪০টা ম্যাচ খেলে। অথচ আমাদের দেশে ওই পর্যায়ের একটা ছেলে বছরে ১০-১২টি ম্যাচও ঠিকভাবে খেলতে পারে না। এই প্রকল্পে বিসিবি কোনোভাবে সম্পৃক্ত নয়?রতন: ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে আমরা কী করতে চাই, সমর্থনও চেয়েছি। বোর্ডও বলেছে, আমাদের সাহায্য করবে। নবীন ক্রিকেটারদের নিয়ে বিসিবির যে কর্মসূচি আছে, আমরা সেটির সঙ্গে সম্পৃক্ত হতে পারলে সবার জন্যই ভালো হবে।