বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৫ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এএফসি যুব ফুটবল অভিযান। বাছাইপর্ব নিয়ে দারুণ আত্মবিশ্বাসী মনে হচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ক আবদুল মালেককে... তিন দিন পর শুরু অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্ব। প্রস্তুতি কেমন হয়েছে?আবদুল মালেক: আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে। কোচ নিকোলা ইলিয়েভস্কির অধীনে আমরা দুই মাস যে অনুশীলন করেছি, সেটা আমাদের খুবই কাজে দিয়েছে। কোচের কাছ থেকে নতুন অনেক কিছু শিখেছি। আশা করি, এই প্রতিযোগিতায় আমরা ভালো কিছু করতে পারব। ভালো কিছু বলতে কী বোঝাতে চাইছেন?মালেক: আমরা একটি-দুটি ম্যাচ জিতেই সন্তুষ্ট থাকতে চাই না। আমাদের প্রত্যাশা, বাছাইপর্ব কোয়ালিফাই করা এবং গ্রুপে ১ নম্বর হওয়া। সৌদি আরব, ইরাক, ওমান—মধ্যপ্রাচ্যের এই দলগুলো সম্পর্কে কোনো ধারণা আছে?মালেক: এখানে প্রতিটি দলই শক্তিশালী। প্রতিটি দলই আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ। এমনকি আমরা মালদ্বীপকেও খাটো করে দেখছি না। ওদেরও সমীহ করছি। কোচ এই সম্পর্কে একটি কথাই সব সময় বলেন, ‘এখানে ভয় পাওয়ার কিছু নেই। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ তো এখানে খেলতে আসছে না। আমি তোমাদের যেভাবে শিখিয়েছি, মাঠে গিয়ে ঠিক সেভাবেই খেলবে।’ সৌদি আরব না ওমান, কে খেলছে তা নিয়ে আমরা ভাবব না। মাঠে আমরা ঠিকভাবে খেললেই হলো। গ্রুপের অন্যান্য দল দেশের বাইরে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে। আপনারা তো একটাও খেলেননি...মালেক: হ্যাঁ, আমরা ওদের প্রস্তুতির খবরটা জেনেছি। সৌদি আরব ১১টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বিভিন্ন দেশের সঙ্গে। আমরা একটাও খেলতে পারিনি। আমাদের অন্তত একটা হলেও প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল। কিন্তু যেটা হয়নি, সেটা বলে লাভ নেই। হয়তো ফেডারেশনের কোনো সমস্যা ছিল, যে কারণে খেলা হয়নি। কিন্তু আমরা বিকেএসপি আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে কয়টা ম্যাচ খেলেছি, তাতেও ভালো আত্মবিশ্বাসী। সব দল পাঁচ তারকা হোটেলে উঠেছে। আপনারা বাফুফে ভবনে থাকছেন। কেমন লাগছে?মালেক: এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে এখানে আমরা ভালোই আছি। গ্রুপে প্রথম প্রতিপক্ষ মালদ্বীপ। এরপর ইরাক, সৌদি আরব ও ওমান। প্রতিটি দল নিয়ে কি আলাদা কোনো পরিকল্পনা আছে?মালেক: পরিকল্পনা তো আছেই। কোচ আমাদের ক্লাসে কিছু কিছু বিষয় শেখান। কিছু মাঠে প্র্যাকটিক্যালি শেখান। কোন পজিশনে কার কেমন খেলতে হবে, সেগুলো ভালোমতোই শিখিয়েছেন। তবে সবচেয়ে বড় কথা, কোচ যেভাবে খেলাবেন, সেভাবেই খেলতে হবে। এর আগে তো আপনি অনূর্ধ্ব-১৬ দলে খেলেছিলেন...মালেক: গত বছর ভারতে সুব্রত কাপে খেলতে গিয়েছিলাম। সেখানে ভারতের সৈনিক ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক ছিল আমার। এবার কি গোলের ব্যাপারে আলাদা কোনো লক্ষ্য আছে?মালেক: আমার নিজের ও রকম কোনো লক্ষ্য নেই। তবে সবার লক্ষ্য একটাই—প্রতিটি ম্যাচই জয়ের লক্ষ্য নিয়ে খেলতে হবে আমাদের। আর যেহেতু দেশের মাটিতে খেলা হচ্ছে, দর্শক বলেন, এখানকার আবহাওয়া বলেন, সবই আমাদের অনুকূলে থাকবে। আশা করি, আমরা হতাশ করব না।