‘আমরা ঢাকাতেই থাকি’
মালিটোলায় ডিসিসির ৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত ঘরে ঢাকাইয়াদের আড্ডা চলছে। আড্ডায় হঠাৎ করেই ঈদের সময় ফাঁকা ঢাকার প্রসঙ্গ আসে। চাকরি বা ব্যবসার খাতিরে অনেকেই ঢাকায় ডেরা গেড়েছেন। তাঁরা ঈদের ছুটিতে যান পৈতৃক ভিটায়। সে সময় ঢাকা হয়ে পড়ে ফাঁকা। যাদের নাড়ি-নক্ষত্র ঢাকায় পোঁতা, তাদের বাড়ি ফেরার কোনো ভাবনা নেই বলে জানালেন ডিসিসির ৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ সাগির হোসেন। ঢাকার আরেক আদি বাসিন্দা আবদুল বারেক জানান, ফাঁকা ঢাকায় উৎসব-আনন্দে ভাটা পড়েনি কখনো।ঢাকায় ঈদের দিনটি উদ্যাপন করা শুরু হয় চাঁদরাত থেকে। ওই রাতটায় পুরান ঢাকা যেন জেগেই থাকে। বাড়িতে বাড়িতে পড়ে হলুদ আর মেহেদি বাটার ধুম। কেউ আবার মেহেদি লাগানোর জন্য হাত পেতে বসে থাকে। মেহেদি দেওয়া শেষ হলে শুরু হয় হাত নিরাপদ রেখে থাকার পালা। কারণ, হাতে লাগানো মেহেদি লেপ্টে গেলে নকশা পণ্ড হয়ে যেতে পারে। এদিকে হেঁশেলে আবার গৃহিণীরা ঈদের খাবারদাবার প্রস্তুত করেন রাত থেকেই। তখন বাসার অন্য কারও হেঁশেলে ঢোকা বারণ। এর কারণ হচ্ছে, ঈদের সকালে কী কী পদ থাকবে, তা কাউকে আগে জানতে না দেওয়া। আবার কেউ যাতে ঈদের খাবার আগেই খেয়ে ফেলতে না পারে, এ জন্যও হেঁশেলের কাছে ঘেঁষতে পারে না কেউ।পুরান ঢাকায় ঈদের দিনটা শুরু হয় ভোরে। ঘুম থেকে উঠেই লোকজন গোসল করে। ঢাকার প্রায় সব পরিবারেই পুরোনো সাবান ফেলে নতুন সাবান দিয়ে গোসল করার রেওয়াজ। গোসল সেরে মুরব্বিরা বাড়ির শিশুদের নিয়ে ঈদগাহ ময়দানে ছোটেন। তার আগে অবশ্য সবাই সেমাই খেয়ে নেন। নামাজের পর কবর জিয়ারতের প্রথাটি ঢাকায় অনেক পুরোনো। এখনো সেই প্রথা আছে।ঈদের নামাজের পর থেকেই শুরু হয় মূল খাওয়াদাওয়া। ঈদের দিনের খাবারের প্রসঙ্গে ঢাকার ইতিহাস গবেষণাকেন্দ্রের পরিচালক হাশেম সূফী বলেন, ‘ঢাকাইয়া পরিবারগুলো সামর্থ্য আর রুচি অনুসারে মোরগ-পোলাও, খাসির রেজালা, টিকিয়া, খাসির বিরিয়ানি, শামি কাবাব, কাচ্চি বিরিয়ানি, বোরহানি, কোরমা, সাদা পোলাও, কোপ্তা, কালিয়া, গরুর কালিয়া, ভুনা মুগের খিচুড়ি, মুরগির কোরমা-কালিয়া, সাধারণ খিচুড়ি, গরুর মাংস মিষ্টি কুমড়ার কালিয়া প্রভৃতি খাদ্য তৈরি করে থাকে।’খাবারদাবারের পর শুরু হয় পাড়া বেড়ানো ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঈদের সারা দিনই ঢাকাইয়ারা কাটায় ঘুরে বেড়িয়ে। এ জন্য ঢাকায় বেশির ভাগ ঈদের মেলা শুরু হয় ঈদের পরদিন থেকে। অতীতে ঢাকায় চকবাজারের ঈদ মেলা ছিল প্রধান। এখন ঢাকায় প্রায় সব পাড়ামহল্লায়ই ছোট ছোট মেলার আয়োজন হয়। কোথাও মেলা বসে রাস্তার ধারে। আবার খোলা মাঠ, কমিউনিটি সেন্টার চত্বর, এলাকার পঞ্চায়েতের বাংলা ঘরের আশপাশে মেলা বসে। একসময় ঢাকায় ঈদের মিছিল বেশ জমজমাট হতো। এখন দু-তিনটি এলাকার পঞ্চায়েত ঈদ মিছিলের আয়োজন করে।ঢাকাইয়া কম বয়সীরা ঈদের দিন কীভাবে কাটায়, জানতে চাইলে আগা সাদেক রোডের শামীম আর নাহিদুল জানায়, দাদাবাড়ি আর নানাবাড়ির সব ভাইবোন একসঙ্গে থাকে। দুপুরের খাবারের পর ঘণ্টা চুক্তিতে রিকশা ভাড়া নিয়ে ঢাকা শহর চষে বেড়ায় তারা। সিদ্দিক বাজারের সেলিনা আর রুবি জানায়, বাড়ির কাছেই ঘোড়াপট্টি। তাই ঈদের দিনে সব ভাইবোন মিলে তারা টমটমে ঘুরে বেড়ায়।ঈদ ঢাকাইয়া মুরব্বিদের কাছে এক মিলনমেলা। প্রায় সব পঞ্চায়েত ঈদে মিলনমেলার আয়োজন করে। ঈদের পরদিনের এই আয়োজনে এলাকার সব মুরব্বি হাজির থাকেন। ঢাকাইয়া পরিবারগুলোয় ঈদের আনন্দ-উৎসব হয় তিন দিন ধরে। ঈদের পরের দুই দিনের আনন্দ-উৎসব তাদের কাছে ‘বাসি’ ঈদ নামে পরিচিত। নামে ‘বাসি’ হলেও আড়ম্বর আর ঐতিহ্যে ওই দুটি দিনও থাকে রঙিন।