অ্যাথলেটিকস ফেডারেশনের তত্ত্বাবধানে গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসএ গেমসের অনুশীলন ক্যাম্প। অ্যাথলেটদের উৎসাহ বাড়াতে কাল দেওয়া হলো গত এসএ গেমসের পদকজয়ীদের আর্থিক প্রণোদনা ভাতা। লং জাম্পার নৌবাহিনীর মোহাম্মদ আল আমিন এই ভাতা পাওয়ার পর বললেন নিজের অনুভূতির কথা ফেডারেশনের এই আর্থিক পুরস্কার দেওয়ার ব্যাপারটা কীভাবে দেখছেন?মোহাম্মদ আল আমিন: ফেডারেশনের উদ্যোগে এই প্রথম আমাদের টাকাপয়সা দেওয়া হচ্ছে। টাকার অঙ্কটা যা-ই হোক সেটা কোনো ব্যাপার না। এমন একটি উদ্যোগ শুরু হওয়াতেই আমরা খুশি। টাকার পরিমাণটা কত?আল আমিন: পাঁচজন অ্যাথলেটের প্রত্যেককে মাসিক ২০০০ টাকা করে দেওয়া হচ্ছে ৬ মাসের জন্য। শুধু সুমিতা পাচ্ছেন ৩০০০ টাকা করে। ছয় মাস পর আমাদের পারফরম্যান্স পুনর্বিবেচনা করে অঙ্কটা বাড়ানো-কমানো হতে পারে। মাত্র দুই হাজার টাকায় কি আপনারা খুশি?আল আমিন: আগেই বলেছি, টাকার অঙ্কটা কোনো বিষয় না। ক্যাম্পে তো ১১ জন আছেন। কিন্তু আপনারা মাত্র পাঁচজন এই ভাতা পাচ্ছেন, অন্যরা অসন্তুষ্ট হচ্ছেন না?আল আমিন: না। আমাদের আসলে এই টাকা দেওয়ার কথা ছিল আরও আগে। যারা গত সাফ গেমসে পদক জিতেছিলাম তাদেরই দেওয়া হচ্ছে। আমি ছাড়াও মেয়েদের মধ্যে পাচ্ছেন সুমিতা, জেসমিন (ক্যাম্পে নেই), পুতুল আর চুমকি। প্রণোদনা ভাতা আপনাদের পারফরম্যান্সে কেমন প্রভাব ফেলবে?আল আমিন: এমন আর্থিক সহযোগিতায় আমরা দারুণ উৎসাহিত। যারা পাচ্ছে না তারাও এখন কিছু একটা করার জন্য উৎসাহিত হবে। এ ছাড়া শুনলাম, পদক জিতলে নাকি আরও বেশি করে পুরস্কার দেওয়া হবে। এর আগেও তো অনুশীলন ক্যাম্প করেছেন। অন্য সময়ের সঙ্গে কি কোনো পার্থক্য চোখে পড়ে?আল আমিন: পার্থক্য বলতে এসএ গেমসের সময় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ক্যাম্প হতো। এবার সরাসরি তত্ত্বাবধান করছে আমাদের ফেডারেশন। ফেডারেশন কর্তাদের উদ্যোগেই মূলত এই ক্যাম্প পেয়েছি। অন্য কেউ এর আগে এটা করেনি। এর আগে আমরা সারা বছর ক্যাম্পের জন্য এর-ওর কাছে ধরনা দিয়েছি। ক্যাম্প হয়নি বলে আমরা অনুশীলন করতে পারিনি। গত এসএ গেমসে ক্যাম্পে অব্যবস্থাপনা ছিল বলে আন্দোলন করেছিলেন, মনে আছে?আল আমিন: হ্যাঁ। সবই মনে আছে। আগের মতো পরিবেশ এখন নেই। তখন খাবারদাবার নিয়ে একটা হ-য-ব-র-ল অবস্থা তৈরি হয়েছিল। এখন সেটা নেই। যে টাকা দেওয়া হচ্ছে তাতে ভালোই খেতে পারছি। কিছুদিন আগে নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলমকে অপসারণ করা হলো বিতর্কিতভাবে। এসব বিতর্ক লুকোনোর জন্যই কি এসব করছে বর্তমান কমিটি? আপনার কী মনে হয়?আল আমিন: আমার মনে হয় না এসবের জন্য তাঁরা এসব করছেন। এটা সত্যি, এখন যাঁরা আছেন তাঁদের ভালোই মনে হচ্ছে। এই তো আগামী ১৭ তারিখ থেকে আমাদের কক্সবাজার কন্ডিশনিং ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এরপর রাঙামাটি হয়ে আবার ঢাকায় ফিরব। এ নিয়ে আমি ভাবি না। সামনে ইন্দো-বাংলা গেমস, জাতীয় চ্যাম্পিয়নশিপ। ক্যাম্প থেকে কতটা উপকৃত হবেন বলে আশা?আল আমিন: এই ক্যাম্পটা মূলত সাফ গেমসের জন্য। গত সাফ গেমসে খারাপ করার কারণেই অলিম্পিক ক্যাম্প ডাকার আগেই ফেডারেশন এই ক্যাম্প ডেকেছে। আমি নিজের ব্যাপারে বলব, যদি ক্যাম্প ধারাবাহিক চলে এবং আমরা এভাবে ট্রেনিং করে যেতে পারি তাহলে আমি ভালোই করব। এই ভালোর রূপটা কী?আল আমিন: এটা সোনার পদকও হতে পারে। আগামী ন্যাশনালেই দেখবেন এর প্রভাব। আশা করি, নিজের অবস্থানটা বুঝতে পারব।