মাথায় হিজাব। পরনে ট্রাউজার। এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলে খেলতে কাল ঢাকায় আসা জর্ডান দলের সেরা খেলোয়াড় শাহনাজ ইয়াসিয়েনকে এভাবেই দেখা গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের অনুশীলনে। সেখানেই তিনি কথা বললেন জর্ডানের মহিলা ফুটবলসহ আরও কিছু বিষয়ে ঘণ্টাখানেক অনুশীলন করলেন। অনেক পরিশ্রম হলো...শাহনাজ ইয়াসিয়েন: হ্যাঁ, পরিশ্রম তো হয়ই। কিন্তু সমস্যা তেমন হয় না। অভ্যস্ত হয়ে গেছি। ফুটবল খেললে ইনজুরি হয়, ব্যথা লাগে। এ রকম কখনো হয়েছে আপনার?শাহনাজ: হয়েছে। তবে বড় কিছু নয়। এমনি টুকটাক ব্যথা-ট্যথা লাগে। আবার সেরেও যায়...(হাসি)। জর্ডান তো মুসলিম দেশ। মেয়েদের ফুটবল খেলা আপনাদের দেশের সাধারণ মানুষ কীভাবে নিয়েছে?শাহনাজ: বলব ভালোভাবেই নিয়েছে। ৫-৬ বছর আগে যখন আমাদের দেশে প্রথম মহিলা ফুটবল শুরু হয়, তখন একটু-আধটু ঝামেলা হয়েছে। এখন সব ঠিক। বাংলাদেশেও শুরুতে মৌলবাদীরা মেয়েদের ফুটবল খেলতে বাধা দিয়েছে...শাহনাজ: তাই নাকি? যাক, আপনাদের এখানে এখন সব ঠিক তো? আমরা কিন্তু দিব্যি খেলে বেড়াচ্ছি। টুর্নামেন্ট ছাড়াও আশপাশের আরব দেশগুলোয় মাঝেমধ্যে খেলতে যাওয়া হয়। নো প্রবলেম। আপনাদের এই দলের সবাইকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনে হচ্ছে। আপনি কোথায় পড়েন?শাহনাজ: হুম...আমি জর্ডান বিশ্ববিদ্যালয়ে পড়ি। ফুটবল খেলে টাকা-পয়সা পান?শাহনাজ: (পাশ থেকে কোচের সাহায্য নিয়ে উত্তর)। টাকা ভালোই পাই। মাসে ধরেন ৪০০ থেকে ৪৫০ মার্কিন ডলার। পরিবারে কে কে আছে?শাহনাজ: তিন বোন, এক ভাই আর মা-বাবা। বাবা ব্যবসা করেন। আপনার কোচ বলছিল, এই দলের সেরা খেলোয়াড় আপনি। তা কত দিন ধরে খেলছেন। কোথায় কোথায় সফর করেছেন?শাহনাজ: বেশ কয়েক বছর হলো খেলছি আমি। এরই মধ্যে ১২-১৩টি দেশ সফর করেছি। মালয়েশিয়া, চীন, তাইওয়ান, ইরান, কাতার, সিরিয়া, আরব আমিরাত, লেবানন...। তবে বাংলাদেশে এই প্রথম। এবার বিশ্বকাপ ফুটবল দেখেছেন? আপনার প্রিয় খেলোয়াড় কে, কোন দেশকে সমর্থন করেছেন?শাহনাজ: বিশ্বকাপ দেখব না আবার! খুব আগ্রহ নিয়ে বিশ্বকাপ দেখেছি এবার। আমার প্রিয় খেলোয়াড় রোনালদো (পাশ থেকে কোচ বললেন মেসি...মেসি)। সাপোর্ট করেছি ইতালি ও স্পেনকে। সবচেয়ে বড় প্রশ্নটা করাই হয়নি। আপনি ফুটবল খেলেন কেন? শাহনাজ: ফুটবল কেন খেলি? খুব ভালো লাগে। ফুটবলের চেয়ে আনন্দের খেলা আর আছে নাকি? ফুটবল নিয়ে আপনার লক্ষ্য কী?শাহনাজ: বিশ্বকাপে খেলতে চাই। সেটা অসম্ভব মনে করি না। কারণ পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়।