‘আমরা নিঃস্ব হয়ে গেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাঁচান’
‘শেয়ারবাজারে বিনিয়োগ করে আমরা নিঃস্ব হয়ে গেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনিই আমাদের অভিভাবক, আপনি আমাদের বাঁচান।’আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ধর্মঘট চলাকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে এভাবে বিলাপ করছিলেন মো. আনোয়ার হোসেন নামের একজন বিনিয়োগকারী। একপর্যায়ে তিনি খানিকটা অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একজন কর্মকর্তা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করেন। শুধু আনোয়ার হোসেন নন, আজ ডিএসইর সামনে এভাবে বিলাপ করছিলেন আরও বেশ কয়েকজন বিনিয়োগকারী।পরে আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ২০০৯ সাল থেকে শেয়ারব্যবসা করছেন তিনি। ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেডে তিনি ব্যবসা করেন। মোট দুই কোটি টাকার মতো বিনিয়োগ করেছিলেন শেয়ারবাজারে। হাউস থেকে প্রায় তিন কোটি টাকা মার্জিনঋণ নিয়েছিলেন। এই হিসাবে মোট পাঁচ কোটি টাকা তাঁর বিনিয়োগ।বর্তমানে তাঁর পোর্টফোলিওতে এক কোটি ৭০ লাখ টাকা রয়েছে। তিনি নিজের টাকা তো হারিয়েছেনই, একই সঙ্গে হাউস তাঁর কাছে প্রায় দুই কোটি টাকা পাবে। বর্তমান অবস্থায় তাঁর নিজস্ব পোর্টফোলিওতে থাকা শেয়ার বিক্রি করলেও হাউসকে তাঁর প্রায় ৩০ লাখ টাকা পরিশোধ করতে হবে।আনোয়ার হোসেন আরও জানান, গত মঙ্গলবার হাউস থেকে তাঁকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে পাওনা টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় হাউস তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।আনোয়ার হোসেন বলেন, বর্তমানে তিনি একেবারে নিঃস্ব। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি। এ অবস্থায় হাউসের পাওনা টাকা পরিশোধ করা তাঁর পক্ষে অসম্ভব। এ জন্য নিজের ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানান তিনি।