‘আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, আমাদের বাঁচান’
‘শেয়ারবাজারে অব্যাহত দরপতনে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। আমাদের বাঁচান। ভাই আমাদের জন্য কিছু করেন। আপনারা আমাদের জন্য কিছু লিখুন।’ গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিক্ষোভ চলার সময় রিয়াজুল ইসলাম নামের এক বিনিয়োগকারী এমন আকুতি করছিলেন। তিনি জানান, গত ডিসেম্বর-জানুয়ারিতে শেয়ারবাজারে ভয়বহ ধসে তিনি পুঁজি হারিয়েছেন। এরপর সংশ্লিষ্ট বিভিন্নপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নিজের পোর্টফোলিওতে আবারও টাকা ঢুকান। তবে অব্যাহত দরপতন চলতে থাকলে তাঁকে পথে বসতে হবে বলে জানান তিনি।শুধু সাইফুল ইসলাম নন, এমন অবস্থা অধিকাংশ বিনিয়োগকারীর। আর দরপতনের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভের ঘটনা প্রায় প্রতিদিনের। অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থাগুলো বারবার বাজার নিয়ে বৈঠক করলেও সেখান থেকে কোনো কার্যকর পদক্ষেপ আসছে না বলে অভিযোগ করেন বিনিয়োগকারীরা। এসইসিসহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে বারবার বাজারে স্থিতিশীলতা আনার উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও বাস্তবে এর কোনো ফল দেখা যাচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক এক বিনিয়োগকারী জানান, তিনি আওয়ামী লীগের ঢাকার এক ওয়ার্ডের সভাপতি। তিন বছর ধরে শেয়ারবাজারে আছেন। গত ডিসেম্বরের ভয়াবহ ধসের পর তিনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তবে বাজারে স্থিতিশীলতা আসবে—নিয়ন্ত্রণ সংস্থাগুলোর এমন আশ্বাসের পর তিনি এলিফ্যান্ট রোডের একটি দোকান বিক্রি করে নতুন করে তিনটি পোর্টফোলিওতে ৮০ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। পোর্টফোলিওতে সমন্বয়ের আশা করেছিলেন। তবে অব্যাহত দরপতনে তাঁর ২১ লাখ টাকা নাই হয়ে গেছে। আর এ অবস্থা চলতে থাকলে তাঁকে পথে বসতে হবে।আরেক বিনিয়োগকারী জানান, তিনি দীর্ঘদিন ধরে শেয়ার ব্যবসা করছেন। তবে এই বছরে তাঁর যে ক্ষতি হয়েছে, তা বিগত দিনের লাভের টাকা দিয়েও পূরণ হবে না। তিনি বলেন, ‘ডিসেম্বর-জানুয়ারির ধসের পর এসইসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সিরিয়াসনেস (আগ্রহ) দেখিয়েছিল, এখন আর তা লক্ষ করা যাচ্ছে না। এর ফলে বোঝা যায়, কেউ ইচ্ছাকৃতভাবে কারসাজির মাধ্যমে দরপতন ঘটাচ্ছে।’ তাঁর মতে, কর্তৃপক্ষের উচিত এখনই পদক্ষেপ নেওয়া।মাহবুব নামের এক বিনিয়োগকারী বলেন, ‘প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় না থাকায় বাজারে দরপতন ত্বরান্বিত হচ্ছে। তারা সক্রিয় থাকলে বাজারে এই অবস্থা হতো না।’বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের নিঃস্ব প্রায় অবস্থা। এ অবস্থা চলতে থাকলে বিনিয়োগকারীরা পথে বসে যাবেন। তাই এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় পুঁজিবাজার বাঁচানো সম্ভব হবে না। তিনি আরও বলেন, ‘পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবিতে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে। এর পরও আমরা রাজপথ ছাড়িনি। সুতরাং বর্তমানে শেয়ারবাজরে খুবই খারাপ অবস্থা বিরাজ করছে। এ অবস্থা থেকে অবশ্যই উত্তরণ করা দরকার।’