কোনো টুর্নামেন্ট ছিল না। তবু রমনা টেনিস কমপ্লেক্সের গ্যালারিতে কাল ছিল দর্শকদের ভিড়। কারণ সানিয়া মির্জা। স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে সঙ্গ দিতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি আগের দিন ঢাকায় এসেছেন ভারতীয় টেনিস তারকা। কাল অনুশীলন করলেন রমনার টেনিস কোর্টে। অনুশীলনের এক ফাঁকে কথা বললেন নিজের ক্যারিয়ার, ঘরসংসার নিয়ে আবারও ঢাকায় এসে কেমন লাগছে?সানিয়া মির্জা: খুবই ভালো লাগছে। এর আগে তো এসেছিলাম জুনিয়র আইটিএফ টেনিস টুর্নামেন্টে। সেটাও প্রায় ১১ বছর আগের কথা। দুর্ভাগ্যজনকভাবে এবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই হেরে গেলেন...সানিয়া: হ্যাঁ। দুর্ভাগ্যই বলব। প্রথম রাউন্ডেই জাস্টিন হেনিনের সঙ্গে খেলতে হলো। ভালোই খেলছিলাম। কিন্তু বাছাইপর্ব খেলে খুবই ক্লান্ত ছিলাম বলে ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচ শেষ করতে পারিনি। তবে আমার মনে হয়, আমি আমার সেরাটাই খেলেছিলাম। এসেই অনুশীলনে নেমে পড়লেন...সানিয়া: সবকিছুর আগে টেনিসই আমার কাছে প্রাধান্য পায়। খেলা আর অনুশীলন ছাড়া থাকতে পারি না। তবে আরও একটা ব্যাপার—সামনেই ফেড কাপে খেলবে ভারত। থাইল্যান্ডে এশিয়া-ওশেনিয়া আঞ্চলিক পর্বের খেলা শুরু হবে ৩১ জানুয়ারি। ঢাকা থেকে সরাসরি সেখানে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাই নিজেকে একটু ঝালিয়ে নিচ্ছি। অনুশীলনে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন অমল রায়ের সঙ্গে খেললেন। কেমন মনে হলো ওকে?সানিয়া: আমি গত এশিয়ান গেমসে চীনে অনুশীলনের জন্য শ্রীলঙ্কান এক তরুণের সঙ্গে খেলেছিলাম। ওর চেয়ে টেকনিক্যালি অনেক ভালো এই তরুণ (অমল)। ওর সার্ভ, ভলি, রিটার্ন—সবই ভালো লেগেছে আমার কাছে। মাঝে তো ইনজুরি আপনাকে খুবই ভোগাল...সানিয়া: ইনজুরি খেলারই অংশ। তবে আমি এমন একজন খেলোয়াড় যে নিজের ওপর সব সময় আস্থা রাখি। আমার ইনজুরি এমন পর্যায়ে পৌঁছেছিল যে নিজের হাতে খেতে পর্যন্ত পারতাম না। সেই অবস্থাটা কাটিয়ে উঠেছি। অস্ট্রেলিয়ান ওপেনে হেনিনের সঙ্গে ভালোই খেললাম। এখন কি কোনো কোচের অধীনে অনুশীলন করছেন?সানিয়া: হ্যাঁ। একজন কানাডিয়ান কোচ নিয়োগ করেছি। তবে মা-বাবা ও স্বামীর (শোয়েব মালিক) সাহায্য আমার খুব কাজে লাগে। শোয়েব মালিক তো ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন। দুজনের সংসার কেমন চলছে?সানিয়া: (হেসে) সেভাবে একসঙ্গে আর থাকতে পারি কোথায়! প্রায় সময়ই দুজন দুই জায়গায় খেলা নিয়ে ব্যস্ত থাকি। তবে এটা সত্য, ও খুব ভালো একজন স্বামী। আমার সমস্যাগুলো ও বোঝে। বোঝার চেষ্টা করে। এর মানে আপনাদের মধ্যে বোঝাপড়াটা চমৎকার?সানিয়া: হ্যাঁ। ঠিক বলেছেন। সেও আন্তর্জাতিক অঙ্গনে খেলে। আমিও। আন্তর্জাতিক ক্যারিয়ারে উত্থান-পতন ব্যাপারটার সঙ্গে ও খুব পরিচিত। আমরা দুজনই পরস্পরের সমস্যা বুঝতে পারি। এই উপমহাদেশে টেনিসে বড় তারকা উঠে আসে না। কেন?সানিয়া: সত্যি বলতে কি রাশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা জন্মগতভাবেই শারীরিক দিক দিয়ে শক্ত-সমর্থ। কিন্তু উপমহাদেশে সেটা সচরাচর দেখা যায় না। এ কারণেই আমরা পিছিয়ে থাকি ওদের চেয়ে। সামনেই তো বিশ্বকাপ ক্রিকেট। ভারতের মেয়ে আর পাকিস্তানের বউ হিসেবে কোন দলকে সমর্থন করবেন...সানিয়া: (হেসে) আমি ভারতকেই সমর্থন করব। তবে চাইব, পাকিস্তানও ভালো করুক। বাংলাদেশে কোনো প্রদর্শনী ম্যাচ খেলা বা প্রমোশনাল কিছু করার পরিকল্পনা আছে?সানিয়া: আমি এ ব্যাপারে চাইলেই কিছু করতে পারব না। আমার স্পনসর প্রতিষ্ঠান ও এজেন্টের সঙ্গে যোগাযোগ করেই কিছু করতে হবে।