‘আমরা ফসল ফলাই সুবিধা নেয় বরেন্দ্রের লোকজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এবার এক বিঘা জমি আদি (বর্গা) লিইয়্যা ধান লাগাছিনু। ডিপের মালিক (বিএমডিএর অপারেটর) পাঁচ কাঠার ধান কাইটা লিয়ে গেচে, এখন ১৫ মণ ধান আছে, এর মধ্যে বর্গাদারক অর্ধেক দেওয়া লাগবে, তাহলে আমার থাকল কী?’ কথাগুলো বলেন রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা গ্রামের বর্গাচাষি আবদুস সালাম। সালামের মতো বাগমারার কয়েক হাজার কৃষকের জমির ধান কেটে নিচ্ছেন বরেন্দ্র কর্তৃপক্ষের গভীর নলকূপের মালিক বা অপারেটররা।নীতিমালা লঙ্ঘন করে টাকার পরিবর্তে ধান কেটে নেওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের পরিচালকেরা। রাজশাহীর বাগমারায় যুগ যুগ ধরে এই অনিয়ম চলে আসছে।বিএমডিএ সূত্রে জানা গেছে, বাগমারায় সংস্থাটির ৩৯৭টি গভীর নলকূপ চলছে। এসব নলকূপের মাধ্যমে সাত হাজার ২২০ হেক্টর জমিতে এবার বোরো চাষ হয়েছে। কর্তৃপক্ষের নিয়োগপ্রাপ্ত অপারেটররা এসব গভীর নলকূপ পরিচালনা করছেন। বিএমডিএর ১৯৯২ সালের নিয়মানুযায়ী অপারেটররা প্রতি ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ টাকা হারে সেচ-চার্জ নিয়ে জমিতে সেচ দেবেন। তার আগে তাঁরা সংশ্লিষ্ট দপ্তর থেকে কুপন কিনে নেবেন।তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিএমডিএর অপারেটররা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কুপন কিনলেও অধিক লাভের আশায় তাঁরা সেচের চার্জ কৃষকদের কাছ থেকে নেন না। তাঁরা ধান পাকার সময় খেত থেকে ধান কেটে নেন। ধান কাটার মৌসুম এলে বিএমডিএর নিয়োগ পাওয়া অপারেটররা শ্রমিক দিয়ে তা কেটে নেন।সরেজমিনে উপজেলার ঝিকড়া, যোগীপাড়া, মাড়িয়া, হামিরকুৎসা, গনিপুর, শুভডাঙ্গা, নরদাশসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অপারেটরদের নিজস্ব শ্রমিকেরা ধান কেটে নিচ্ছেন। তাঁরা মোট জমির চার ভাগের এক ভাগ বা দু-এক স্থানে তিন ভাগের এক ভাগ ধান নিচ্ছেন। কৃষকেরা জানান, ধান পাকার সঙ্গে সঙ্গে তাঁরা রশি দিয়ে জমির ধান ভাগ করে তাঁদের অংশ কেটে নেন।ঝিকড়ার কৃষক আফসার আলী জানান, তিনি এবার বরেন্দ্র কর্তৃপক্ষের নলকূপের আওতায় এক বিঘা জমিতে বোরো চাষ করেছিলেন। বরেন্দ্র কর্তৃপক্ষ তাঁর পাঁচ কাঠা জমির প্রায় ছয় মণ পাকা ধান কেটে নিয়ে গেছে, যার বর্তমান বাজার মূল্য তিন হাজার ৯০০ টাকা।আলোকনগর গ্রামের কৃষক আবদুল মতিন জানান, তাঁর এলাকা থেকে বরেন্দ্র কর্তৃপক্ষের লোকজন চার ভাগের এক ভাগ ধান কেটে নিচ্ছেন। তিনি জানান, এবার তিনি চার বিঘা জমিতে ধান করেছিলেন। তার মধ্যে এক বিঘা জমির ধান সেচদার বরেন্দ্রের অপারেটররা কেটে নিয়েছেন। তিনি আরও জানান, প্রতি বিঘা জমিতে ধান রোপণ থেকে কাটা পর্যন্ত সেচ দিতে খরচ হয় সর্বোচ্চ এক হাজার থেকে ১১০০ টাকা। অথচ প্রতি বিঘায় তাঁদের দিতে হচ্ছে পাঁচ মণ ধান, যার বাজার মূল্য (৬৫০ টাকা মণ দরে) তিন হাজার ২৫০ টাকা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ফসল ফলাই; সুবিধা নেয় বরেন্দ্রের লোকজন।’কৃষকেরা জানান, তাঁরা বিএমডিএ কর্তৃপক্ষের কাছে অসহায়। অপারেটরদের শর্তে রাজি না হলে জমিতে সেচ দেওয়া হবে না মর্মে কৃষকদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা। যোগীপাড়ার কৃষক সামাদ অভিযোগ করেন, তাঁরা এ ব্যাপারে বরেন্দ্র কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি।ওয়ার্কার্স পার্টির বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, এভাবে জোতদাররা কৃষকদের শোষণ করে। কিন্তু বরেন্দ্র কর্তৃপক্ষও এখন কৃষকদের শোষণে নেমেছে। তাদের নিয়োগ দেওয়া অপারেটররা সেচ দেওয়ার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করলেও তাঁদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।বিএমডিএর নিয়োগপ্রাপ্ত অপারেটর বড়কয়ার অসিত কুমার, হামিরকুৎসার আশরাফ আলী, কালুপাড়ার হাসান, সরদার পাড়ার মতিন, আলোকনগরের হানিফ মাহমুদসহ আরও কয়েকজন অপারেটর স্বীকার করেন, তাঁরা জমি থেকে চার ভাগের এক ভাগ ধান কেটে নিচ্ছেন। আগে থেকেই এ নিয়ম চলে আসায় তা মেনেই তাঁরা ধান নিচ্ছেন।বিএমডিএ বাগমারা জোনের উপসহকারী প্রকৌশলী আহসান হাবিব জানান, যুগ যুগ ধরে এ অঞ্চলে এই প্রথা চলে আসছে। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্বীকার করেন তিনি।বরেন্দ্র বাগমারা জোনের উপসহকারী প্রকৌশলী আহসান হাবিব অবশ্য দাবি করেন, এবারই এ ধরনের বেশ কিছুু অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটিতে সরেজমিনে গিয়ে বাধা ছাড়াই কৃষকদের ধান কাটতে সহায়তা করা হয়েছে। ভবিষ্যতে প্রিপেইড মিটার সংযোজন করলে এ রকম সমস্যা কমে আসবে।