‘আমরা যে যার মতো বাইর হইয়াই বাঁইচা গেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা একই পরিবারের কয়েকজন পাঁচতলাতেই কাজ করছিলাম। কিন্তু আগুন লাগার পর একে অপরের খোঁজ নেওয়ার চেষ্টা না করে নিজে বাঁচার চেষ্টা করি’—বলছিলেন শ্যামলী। তাঁর কথা টেনে নিয়ে শান্তি বলেন, ‘কাজটা স্বার্থপরের মতো মনে হলেও আমরা যে যার মতো বাইর হইয়াই বাঁইচা গেছি। তা ছাড়া আমাগোও লাশ হইয়া বাড়ি ফিরতে হইত।’ আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুনের লেলিহান শিখা শতাধিক প্রাণ কেড়ে নিলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন অনেকে। তাঁদেরই দুজন শ্যামলী ও শান্তি। এ সৌভাগ্য হয়েছে তাঁদের আরও ছয়জন স্বজনের। তাঁরা হলেন: শ্যামলীর ভাবী মর্তুজা বেগম, মর্তুজার দেবর শাহীন, ননদ লিপি; শ্যামলীর স্বামী সফিউল, ভাসুর হাফিজুল এবং মর্তুজার জা মোতাহার বেগম। তাঁদের সবার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। গতকাল মঙ্গলবার কথা হলো তাঁদের কয়েকজনের সঙ্গে।ঘটনার সময় পঞ্চম তলায় কাজ করছিলেন শাহীন। মৃত্যু নিশ্চিত জেনেই পঞ্চম তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকেন তিনি। তৃতীয় তলায় নেমে প্রচণ্ড ধোঁয়ার মুখে পড়েন। প্রাণ বাঁচাতে চোখ বন্ধ করে দেয়াল স্পর্শ করতে করতে অনুমান করেই নিচতলায় নেমে আসেন। ‘নিচতলায় পৌঁছে ধোঁয়ার কারণে দরজা খুঁজে পাচ্ছিলাম না। বাইরে লোকজনের হইচই শুনেই দিক ঠাহর করে প্রাণ নিয়ে বের হতে পেরেছি।’ বলেন শাহীন।মর্তুজা বেগম জানান, তিনিও পঞ্চম তলায় কাজ করছিলেন। আগুন লাগার সংকেত বেজে উঠলে তিনি কাজ বন্ধ করে বের হওয়ার চেষ্টা করেন। পাঁচতলার এক কর্মকর্তা তাঁকে বের হতে বাধা দেন। বাধা উপেক্ষা করেই তিনি সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকেন। তখন তিনতলা থেকে নিচের দিকে ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। তিনি বলেন, ‘ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল। কিছু দেখা যাচ্ছিল না। কিন্তু এক হাতে নাক চেঁপে ধরে মুঠোফোনের আলোতে কোনো রকমে পথ দেখে বেরিয়ে আসি।’ মর্তুজা জানান, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে পুরো কারখানা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করে ধোঁয়ার কারণে যাঁরা ভয়ে আবার ওপরে উঠে যান, তাঁদের বেশির ভাগই মারা গেছেন।মর্তুজার জা মোতাহার বেগম কাজ করছিলেন তৃতীয় তলায়। হঠাৎ আগুন লাগার সংকেত শুনতে পান। সংকেত শুনেই কাজ ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। তাঁকেও এক কর্মকর্তা বাধা দেন। তিনি ওই কর্মকর্তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকেন। মোতাহার জানান, তখন নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছিল। তবে সিঁড়ি ও মূল দরজায় তখনো আগুন আসেনি। সেই ফাঁকে বেরিয়ে আসেন তিনি। মর্তুজার ননদ শ্যামলী ও ভাতিজি শান্তিও সিঁড়ি বেয়েই কারখানা থেকে বের হয়ে বেঁচে যান।