‘আমরা যেলা আছলাম ওলাউ আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরার কোনো উন্নতি নাই, যেলা আছলাম ওলাউ আছি।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের লক্ষ্মীহাওর গ্রামের মাতাম নমঃ।উপজেলা সদর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত হলেও ইউনিয়নটি শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থাসহ সব ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। গোটা ইউনিয়নে মাত্র দুটি উচ্চবিদ্যালয়। তাও বিদ্যালয় দুটি প্রায় কাছাকাছি। অন্যদিকে ইউনিয়নের হাওর এলাকায় প্রায় ১০টি গ্রামে কোনো নিম্নমাধ্যমিক বিদ্যালয় নেই। ২০০৬ সালে যোগাযোগবিচ্ছিন্ন হাওরাঞ্চল জলুরমুখে ফিমেল প্রজেক্টের আওতায় একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রজেক্টের অনুদান বন্ধ হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকেরা বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে বিদ্যালয়টি এখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নন্দিরগাঁও ইউনিয়নে রয়েছে মোট আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি কমিউনিটি ও একটি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে জলুরমুখ নমঃপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন নাহার বলেন, ‘আমাদের বিদ্যালয়ের রাস্তা আর মাঠ ভরাটের জন্য প্রধান শিক্ষক অনেক তদবির করেছেন, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়ায়নি।’ বহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রণতি রায় বলেন, ‘নতুন দালানের জন্য উপজেলা শিক্ষা অফিসসহ স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার অবহিত করেছি, কিন্তু আজও নতুন কোনো ভবন নির্মিত হয়নি।’ কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘শিক্ষার মান ভালো করার জন্য যোগাযোগব্যবস্থার উন্নতি করাও জরুরি। এ ব্যাপারে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।’ জলুরমুখ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘হাওর এলাকার ১০ গাঁওয়ের মধ্যে কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। আমরা দরিদ্র জনগোষ্ঠী একটি বিদ্যালয় স্থাপন করেছিলাম, কিন্তু সরকারি অনুুদান কিংবা এমপিওভুক্তি না হওয়ার কারণে বিদ্যালয়টি এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’যোগাযোগব্যবস্থা: গোয়াইনঘাটের গ্রামীণ রাস্তার অবস্থা খুবই নাজুক। অনেক গ্রামে রাস্তা নেই। দ্বারিরকান্দি, বাইমারপার, শিয়ালাহাওর, দ্বারিরপার, চলিতাবাড়ি, লক্ষ্মীহাওর প্রভৃতি গ্রামের বর্ষাকালে চলাচলের কোনো রাস্তা নেই। ইউনিয়ন কিংবা উপজেলা পরিষদ থেকে রাস্তা নির্মাণের কোনো উদ্যোগও নেওয়া হয়নি বলে অনেকেই অভিযোগ করেন। চলিতাবাড়ি গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘আমাদের অবস্থা হচ্ছে, বারিষায় নাও আর এয়তে পাও।’ চিকিৎসা: সরকার যেখানে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে সেখানে নন্দিরগাঁওয়ের অনেক গ্রামে এখনো ঝাড়ফুঁক, পানিপড়া আর হাতুড়ে ডাক্তার সম্বল।ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের বশির আহমদ বলেন, ‘ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র না থাকায় শিশু ও বিশেষ করে প্রসূতিরা ঝুঁকির মধ্যে আছেন।’সালুটিকরের শেখর কান্তি বলেন, ‘নন্দিরগাঁও বড় ইউনিয়ন। বেশির ভাগ গ্রাম হাওর অঞ্চলে হওয়ায় শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থায় উপজেলার মধ্যে সবচে পিছিয়ে আছে।’নন্দিরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘অভিযোগ থাকতে পারে, তবে আমি আমার সাধ্যমতো কাজ করে যাচ্ছি।’গোয়াইনঘাট উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান খোদেজা রহিম কলি বলেন, ‘নন্দিরগাঁও ইউনিয়নের কিছু কিছু গ্রাম সত্যি বেশি অবহেলিত, আমি যেকোনো ক্ষেত্রেই এ গ্রামগুলোকে এখন থেকে প্রাধান্য দেব।’উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, ‘আমার বাড়ি এ ইউনিয়নে। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলাম। অভাব-অভিযোগের কথা আমার জানা আছে। আমি গোটা উপজেলার উন্নয়নে কাজ করে যাচ্ছি। নন্দিরগাঁও ইউনিয়নেরও উন্নয়ন হবে।’