‘আমরা ৯০ ভাগ সফল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি ক্রিকেটাররা না আসার ধাক্কা খেয়ে শুরু হয়েছিল এবারের বিপিএল। শুরুর পর যোগ হয়েছে আরও নানা বিতর্ক। টুর্নামেন্টের আজ শেষ দিন। কাল এবারের আসর নিয়ে কথা বললেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক আজ শেষ হচ্ছে বিপিএলের দ্বিতীয় আসর, সব মিলিয়ে কেমন হলো?ইসমাইল হায়দার মল্লিক: টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে পিসিবি যখন পাকিস্তানি ক্রিকেটারদের আসতে দিল না, অনেকেই শঙ্কায় ছিল আমরা বিপিএল সময়মতো শুরু করতে পারব কিনা। কিন্তু সব পক্ষের সহযোগিতায় আমরা তা পেরেছি। শেষটাও ভালোভাবেই হচ্ছে। আমরা সব বিদেশি ক্রিকেটার ও ৯৫ ভাগ স্থানীয় ক্রিকেটারের পাওনা পরিশোধ করতে পেরেছি। একটা ব্যাপার ছাড়া সব ব্যাপারেই আমরা সন্তুষ্ট—ঢাকার মাঠে দর্শক খুব বেশি হয়নি। আপনাদের কাছে দর্শক না হওয়ার কারণ কী মনে হয়েছে? মল্লিক: এই টুর্নামেন্টটা আসলে হওয়া উচিত হোম অ্যান্ড অ্যাওয়ে। চট্টগ্রামে আপনারা দেখেছেন কত দর্শক হয়েছে, খুলনাতেও শেষ দুই দিন অনেক দর্শক হয়েছে। এখানেও ঢাকার ম্যাচে দর্শক হয়েছে, কিন্তু অন্য দিনগুলোয় হয়নি। আর টিকিটের দামের কথা তো বলতেই হবে। আমরা টিকিটের স্বত্ব বিক্রি করে দিয়েছি, তাই কিছু করার ছিল না। কিন্তু টিকিটের দাম আরও কম হওয়া উচিত ছিল। রাজনৈতিক অবস্থাও একটা কারণ। তার পরও আমাদের হিসাব বলছে, গতবারের চেয়ে ১৫ শতাংশ দর্শক বেড়েছে। সামনে কি তবে বিপিএলে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি দেখা যাবে?মল্লিক: বাংলাদেশের বাস্তবতায় এখনো সম্ভব নয়। এই টুর্নামেন্ট থেকেই যেমন আমরা স্পনসরশিপ থেকে পেয়েছি ৭ কোটি টাকা। একটা নতুন ভেন্যুতে ম্যাচ হলে টিভি সম্প্রচারের জন্য বাড়তি খরচ হয় ২ লাখ ডলার। তা ছাড়া সব জায়গায় উপযুক্ত অবকাঠামোও নেই আমাদর। পরের মৌসুমেও তাই হোম অ্যান্ড অ্যাওয়ে সম্ভব নয়। আমরা হয়তো সিলেটে একটা ভেন্যু বাড়াতে পারি। সেটাও নিশ্চিত নয়। প্রথম কিস্তির টাকা নিয়ে অনেক ঝামেলা হলো, বাকি কিস্তিগুলো নিয়েও এমন শঙ্কা আছে অনেক ক্রিকেটারের... মল্লিক: দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি সময় চেয়েছে। তবে আমরা আশাবাদী, ২৫ তারিখের মধ্যে পরের কিস্তির ২৫ শতাংশ টাকা তারা দিয়ে দেবে। বাকিটার জন্য ছয় মাস সময় আছে। বোর্ড সভাপতি কিন্তু বারবার বলেছেন, টাকা সবাইকে দিতেই হবে। না হলে আমরা আইনি ব্যবস্থা নেব, প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজিকে স্ক্র্যাচ করে দেওয়া হবে।  বিপিএল আসলে চালায় কে, এটা নিয়েও প্রশ্ন আছে। গেম অনের বেশির ভাগ শেয়ার আবার টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব পাওয়া চ্যানেল নাইনের মালিকের...একটা পক্ষের হাতেই মনে হয় সব ক্ষমতা...মল্লিক: আমরা নিয়ন্ত্রক সংস্থা, গভর্নিং কাউন্সিলের দায়িত্ব সবকিছু দেখভাল করা। আর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অনের দায়িত্ব পরিচালনা করা। ওদেরও আবার মালিকানা পরিবর্তন হয়েছে। তবে ব্রডকাস্টিং কোম্পানি কিন্তু শেয়ার হোল্ডিংয়ে নেই। বাপ্পি ভাই (এনায়েতুর রহমান) চ্যানেল নাইনের স্বত্বাধিকারী, আবার গেম অনেরও মেজর শেয়ারহোল্ডার। তবে দুটি আলাদা কোম্পানি, ব্রডকাস্টার চ্যানেল নাইনের কোনো শেয়ার নেই। আমরা কাগজপত্র পরীক্ষা করে দেখেছি।  এবারের আসরের সবচেয়ে ইতিবাচক দিক কোনটা? সবচেয়ে নেতিবাচকই কোনটি?মল্লিক: সবচেয়ে ইতিবাচক, স্থানীয় ক্রিকেটাররা দারুণ পারফর্ম করেছে। সেদিন ক্রিস গেইল এমন এক সেঞ্চুরি করার পর মুশফিক দারুণ জবাব দিল। আমাদের ব্যবস্থাপনার দক্ষতাও আরেকবার প্রমাণিত হয়েছে। টুর্নামেন্টটাকে আমরা একটি পেশাদারি কাঠামোয় আনতে চেষ্টা করেছি। পুরো সফল হয়তো হইনি, তবে ৯০ ভাগ সফল। নেতিবাচক বলব না...তবে সবকিছু আরও পেশাদারি কাঠামোয় আনতে হবে। প্রচার আরেকটু বাড়াতে হবে, এ জন্য সংবাদমাধ্যমেরও আরও সহায়তা চাই।