তৃতীয় এশিয়ান গ্রাঁ প্রিঁ টুর্নামেন্টে খেলতে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী ভারতীয় দলের তীরন্দাজ জিগনাস গৌড়। বিকেএসপিতে কাল বাছাইয়ে কম্পাউন্ড বো ইভেন্টে দ্বিতীয় হওয়ার পর অন্ধ্র প্রদেশের ১৭ বছর বয়সী তরুণ জানালেন আরও বড় লক্ষ্যের কথা বাংলাদেশে কি এবারই প্রথম খেলতে এলেন?জিগনাস গৌড়: হ্যাঁ। এবারই প্রথম এসেছি। কম্পাউন্ড বো ইভেন্টে র্যাঙ্কিংয়ে দুই নম্বর হয়ে নিশ্চয়ই খুব খুশি লাগছে?জিগনাস: খুশি হতাম এক নম্বর হলে। কিন্তু সতীর্থ রাজু শ্রীধর আমার চেয়ে একটু ভালো খেলেছে আজ। ওই তো এক নম্বর হলো। এখানে খেলতে এসে কেমন লাগছে?জিগনাস: খুবই ভালো লাগছে। বিকেএসপির পরিবেশ চমৎকার। বাংলাদেশের বর্তমান কোচ নিশীথ দাস তো আপনারও প্রথম কোচ?জিগনাস: হ্যাঁ। আমি এখানে এসেই ওনার সঙ্গে কথা বলেছি। ওনার পায়ের ধুলো নিয়েছি। স্যারই আমাকে হাতে ধরে আর্চারিটা শিখিয়েছেন। আমার বয়স যখন চার, তখন আমার মা-বাবা আমাকে আর্চারি খেলার জন্য ওনার হাতে তুলে দেন। স্যারের সঙ্গে আমার মজার একটা ঘটনাও আছে। কী সেই ঘটনা?জিগনাস: আমি যখন ৫০ মিটার কম্পাউন্ড বো খেলতাম তখন সব সময় পকেটে ক্যাডবেরি চকলেট রাখতাম। আমাকে চকলেট দিতেন এই কোচ নিশীথ দাস। চকলেট রাখতেন কেন?জিগনাস: টার্গেট ঠিক রাখার জন্য সব সময় আমি ক্যাডবেরি খেতাম। এটা খেলে একটু নির্ভার থাকতাম। বেশির ভাগ সময়ই স্যার আমাকে ক্যাডবেরি দিতেন। এখনো কি অভ্যাসটা আছে?জিগনাস: (হেসে)। না এখন আর সেটা নেই। ভারত তো ক্রিকেটপাগল জাতি। তো ক্রিকেট রেখে আপনি আর্চারিতে এলেন?জিগনাস: এটা খুব পুরোনো ও ঐতিহ্যবাহী খেলা। খেলাটা আমি উপভোগ করি। তবে এই খেলায় আমি এসেছি আমার মায়ের উৎসাহের কারণে। উনিই আমাকে এই খেলায় নিয়ে এসেছেন। সত্যি বলতে কি, মায়ের স্বপ্ন তাঁর ছেলে অলিম্পিকে খেলবে। কিন্তু অলিম্পিকে তো ক্রিকেট নেই তাই আর্চারিতেই ভর্তি করে দিলেন। আপনার পরিবারের আর কেউ কি খেলাধুলায় আছেন?জিগনাস: না। আমি একাই খেলাধুলায় আছি। সর্বশেষ দিল্লি কমনওয়েলথ গেমসে সোনা জিততে না পারার একটা আক্ষেপ নিশ্চয়ই আছে?জিগনাস: হ্যাঁ। তা তো ঠিকই। ওখানে আমি (হলুদ বৃত্তে) টানা দশে দশ মেরেছিলাম। আমার পারফরম্যান্স ভালোই ছিল। কিন্তু আমাদের অন্য দুজন একটু খারাপ করেছিল। দুর্ভাগ্য আমাদের। কমনওয়েলথ গেমসে দলগত কম্পাউন্ড বোতে রুপা জিতেছিলাম। এবারের টুর্নামেন্টে আপনার লক্ষ্য কী?জিগনাস: অবশ্যই সোনা জিততে চাই। ভারতে আপনার অর্জনগুলো বলবেন?জিগনাস: জুনিয়রে ভারতের চ্যাম্পিয়ন আমি। আমি স্কুল পর্যায়ে সাব-জুনিয়রে ২০০৪ সালে ৫টা সোনা জিতি। ২০০৯ সালে ছত্তিশগড়ে যে জুনিয়র আর্চারি চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে আমি ২টি সোনা জিতি। সর্বশেষ দিল্লি কমনওয়েলথে দলগততে রুপা জিতি। পড়াশোনা করছেন কোথায়?জিগনাস: কিছুদিন আগে টেকনিক্যাল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছি। বাবা প্রকৌশলী, তাই তাঁর ইচ্ছা আমাকেও প্রকৌশলী বানাবেন। খেলাটা কি নিয়মিত করবেন, নাকি প্রকৌশলী পেশায় জড়িয়ে পড়বেন?জিগনাস: রুপা জেতার পর ভারতীয় সেনাবাহিনীতে চাকরি হয়েছে আমার। সেনাবাহিনীর হয়েই এখন খেলছি। খেলাটা ছাড়তে চাই না। মায়ের ইচ্ছা পূরণ করতে অলিম্পিকে সোনা জিততে চাই।