বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর আগমন ধূমকেতুর মতো। এরপর তারা হয়েই জ্বলার কথা ছিল। কিন্তু কমনওয়েলথ ও এসএ গেমসে সোনাজয়ী প্রতিভাবান শ্যুটার ক্রমেই হারিয়ে যাচ্ছেন। কেন? কারণটা নিজেও জানেন না আসিফ হোসেন খান। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ আলম কী করছেন এখন?আসিফ হোসেন খান: বিকেএসপির হয়ে ট্যালেন্ট হান্টিং করছি। ১৬টা জেলায় ঘুরে ১৮ দিনের প্রোগ্রাম। শেষ হবে ৩০ অক্টোবর। এখন তো আপনার এই কাজ করার কথা নয়!আসিফ: তাহলে আমি করবটা কী? অনেক কিছুই তো আমার করার কথা নয়। কিন্তু করছি। আমার নিজেরও কিছু দোষ আছে। সব মিলিয়েই এই অবস্থা। আর ট্যালেন্ট হান্টিংটা এখন আমার চাকরির অংশ। বিকেএসপিতে চাকরি নেওয়া নিয়ে জল কম ঘোলা হয়নি। আপনাকে অলিম্পিকের ক্যাম্প থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। চাকরিটা এখনো ছাড়েননি! আসিফ: না, এখনো ছাড়িনি। এটা ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া চাকরি। হুট করে ছাড়া যায় না। আমার মনে হয়েছে, একটা চাকরি আমার দরকার। বিকেএসপিতে গেলে ভালো হবে—এই চিন্তা থেকেই চাকরিটা নিয়েছি। খেলোয়াড় থাকা অবস্থায় চাকরি নেওয়াটা কি ঠিক হলো?আসিফ: গত জুলাইয়ে যখন বিকেএসপিতে জুনিয়র কোচের চাকরিটা নিই, তখন শ্যুটিংয়ের ক্যাম্প ছিল না। মনে হয়েছে আপাতত চাকরিটা করি। বিকেএসপিতে থাকলে আমি ভালোভাবে শ্যুটিং করতে পারব। এই জন্যই চাকরিটা নিয়েছি। নইলে মাত্র দশ হাজার টাকার চাকরি কেউ এভাবে নেয়! তার মানে শ্যুটিং ফেডারেশনের তত্ত্বাবধানে থাকলে আপনি শ্যুটিং ভালোভাবে করতে পারবেন না!আসিফ: আমার মনে হয়েছে, বিকেএসপিতে অনুশীলন করলে আমার ভালো হবে। আগের জায়গায় যেতে পারব। তাই অনুশীলনের সুযোগ দেওয়ার শর্তেই আমি চাকরি নিয়েছি। কিন্তু আপনার স্কোরের উন্নতি হয়নি। কদিন আগে ট্রায়ালে স্কোর তো যাচ্ছেতাই...আসিফ: আমি চেষ্টা করছি। তার পরও ভালো স্কোর না হলে কী করতে পারি! ট্রায়ালে ৫৮৩, ৫৮৪, ৫৮৬ স্কোর করে দ্বিতীয় স্থানে ছিলাম। স্বীকার করি, আগের তুলনায় স্কোর খারাপ। বছর দুয়েক আগে তো একবার ৫৭৮ করেছি! তাহলে বিকেএসপিতে চাকরি নিয়ে লাভ কী হলো?আসিফ: লাভ-ক্ষতি বুঝতে পারছি না। স্কোর খারাপ হওয়ার কারণটাও বোধগম্য নয়। ৬০০তে অন্তত ৫৯৮ স্কোর লক্ষ্য আমার। এটা করার জন্য ভেবেছি, বিকেএসপির সঙ্গে সম্পৃক্ত হলে ভালোই হবে। এখন আপনার কী ইচ্ছা?আসিফ: ক্যাম্পে ফেরার ইচ্ছা আছে। এরই মধ্যে ফেডারেশনের কাছে দরখাস্ত দিয়েছি। দেখা যাক, কী হয়। কিন্তু আপনাকে হয় চাকরি, নয় শ্যুটিং ফেডারেশনের ক্যাম্প বেছে নিতে হবে। কোনটা বাছবেন?আসিফ: যেটা ভালো হয়, সেটাই করব। নিজের শ্যুটিংয়ের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেব। জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে কি মরে গেছে আপনার? এত তাড়াতাড়ি আগ্রহটা হারিয়ে ফেললেন কীভাবে! আসিফ: না, না, ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই। যদি সুযোগ পাই ভালো। নইলে নিজের জন্য খেলব। মোট কথা শ্যুটিং নিয়েই থাকব। শ্যুটিংয়ে আপনার মনোযোগ নেই—এই অভিযোগ অনেকের...আসিফ: এটা ঠিক নয়। এই যে আমি জেলায় জেলায় প্রতিভা খুঁজে বেড়াচ্ছি, এটা শ্যুটিংয়ের জন্যই। আমি অন্য কোথাও ভালো বেতনে চাকরি নিতে পারতাম। কিংবা গ্রামে গিয়ে খামার-টামার করলেও তো ভালো। কিন্তু সে পথে তো যাইনি। বিকেএসপির ইন্টারভিউ বোর্ডে বলছিলাম, অনুশীলন করার সুযোগ দিলে চাকরি করব। তাঁরা বলেছেন, ওকে। এখন কি মনে হচ্ছে না সিদ্ধান্তটা ভুল?আসিফ: বিকেএসপিতে যখন ইচ্ছে প্র্যাকটিস করতে বাধা নেই। তার পরও কেন যে হচ্ছে না! কদিন আগে বিয়ে করলাম। তাই বিয়ে নিয়ে মনোযোগে সমস্যা হওয়ার ব্যাপার আর নেই। বাসা থেকে শতভাগ সাপোর্ট আছে, সব দিক থেকেই সমর্থন পাচ্ছি। ২০০৬ সালে পুলিশ আমাকে পেটাল। আর শ্যুটিং করতে পারব কি না, সংশয়ে ছিলাম। সেই ঘটনায় পুলিশের করা মামলাও তুলে নেওয়া হয়েছে সম্প্রতি। আমি এখন অনেকটা ভারমুক্ত। তবু হচ্ছে না। কারও পরামর্শ নিয়েছেন?আসিফ: রিংকি ভাই, শোয়েব ভাই, আমার আগের কোচ কাজী সেলিম স্যারের সঙ্গেও কথা বলেছি। সবাই বলেছেন তাঁদের কাছে অনুশীলন করতে। কিন্তু সেই সুযোগ নেই। আমাকে দেখাশোনার আসলে কেউ নেই। রিংকি ভাই ব্যবসা-বাণিজ্য করছেন। তিনি ফেডারেশনের কোচও নন। তাহলে আমি কী করব? আপনি যে বারবার নেতিবাচক কারণে খবর হন, খারাপ লাগে না?আসিফ: খারাপ তো লাগেই। আমি এভাবে খবর হতে চাই না। এভাবে থাকার চেয়ে না থাকাই ভালো। শ্যুটিংয়ের প্রতি ভালোবাসা আগের মতোই আছে। তাই খেলাটাও ছাড়তে পারছি না। অন্য অনেকেই কম-বেশি এগিয়ে যাচ্ছেন। আপনি শুধু পেছাচ্ছেন। এমন হবে ভেবেছিলেন?আসিফ: কখনো ভাবিনি। সমস্যা হলো, নিজের রোগটা বুঝতে পারছি না। তাই চিকিৎসা করাও কঠিন। হয়েছে ক্যানসার, ডায়াবেটিসের ওষুধ খেলে তো কাজ হবে না। আবার নতুন করে সব শুরু করা দরকার—কখনো এমন মনে হয়?আসিফ: হয়। নতুন করে শুরু করতে চাই। কিছু প্রাপ্তি-অপ্রাপ্তি মিলিয়েই এ পর্যন্ত এসেছি। আসলে সব ঠিক আছে, তার পরও মনে হয় কিছুই ঠিক নেই। আপনি দিনের পর দিন এভাবেই চলছেন। পরিত্রাণের পথ কী?আসিফ: আমি কিছুই বুঝতে পারছি না। ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবলু চাচা সাপোর্ট দিচ্ছেন, ক্লাব সাপোর্ট দিচ্ছে, বিওএর মহাসচিব কুতুবউদ্দিন চাচাও সাপোর্ট দিচ্ছেন, তবু নিজেকে ফিরে পাচ্ছি না। বাইরে কারও সঙ্গে যোগাযোগ করেছেন? আসিফ: গগন নারাংয়ের সঙ্গে ফেসবুকে কথা হয়। অভিনব বিন্দ্রার সঙ্গেও মেইলে যোগাযোগ আছে। গগন জিজ্ঞেস করেছে তোমার কী হয়েছে, কী সমস্যা। ওরা দুজনই বলল, ভালোভাবে অনুশীলন করো, সব ঠিক হয়ে যাবে। মাত্র ১৫ বছর বয়সে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রাকে হারিয়ে। সেই বিন্দ্রা গত অলিম্পিকে সোনা জিতেছেন। আর আপনি বলতে গেলে হারিয়েই গেলেন...আসিফ: কথাটা ঠিক। কী করব, আমি কোনো কূল-কিনারা পাচ্ছি না। শ্যুটিং করতে গেলে কিছুদিন আগে নার্ভাস থাকতাম। হাত কাঁপত। এখন সেটা কাটিয়ে ওঠার পরও হচ্ছে না। বিন্দ্রা-গগনদের কাছে একবার যাবেন নাকি?আসিফ: চাইলে তো যাওয়া যায়। কিন্তু টাকা দেবে কে? আমার তো কোনো স্পনসর নেই। যদিও কুতুবউদ্দিন চাচাকে বললে হয়তো একটা ব্যবস্থা করে দেবেন। কিন্তু এভাবে আমি ভাবিনি। কিন্তু এসব নিয়ে তো ভাবা উচিত...আসিফ: ভাবব। নিজের ভালোর জন্য সব করব। আমার শ্যুটিং নিয়ে কেউই খুশি নন। আমি নিজেই না। নিজের শ্যুটিং দেখে নিজেকে নিজেই পেটাতে ইচ্ছে করে। সবার কাছে আমার একটাই কথা, আমার দিকে আবার নতুন করে একটু মনোযোগ দিন। মনোযোগ কম পাননি। কিন্তু কাজে তো লাগাতে পারেননি। ফেডারেশন, অলিম্পিক এখন আর আপনার ওপর আস্থা রাখতে পারছে না...আসিফ: আস্থা ফিরিয়ে আনতে আমি সব করতে রাজি। প্রয়োজনে তারা আমাকে জেলে আটক রাখুক, বলুক, তুমি এখান থেকে বেরোতে পারবে না। শুধু শ্যুটিং করো। আমি রাজি। যদি বলে, তুমি ক্যান্টনমেন্টের ভেতর থাক অথবা পাহাড়ের মধ্যে নির্জন জীবন কাটিয়ে শুধু শ্যুটিং করো, আমার আপত্তি নেই। আগেও এমন কথা বলেছেন। কিন্তু কোনো উন্নতি তো নেই...আসিফ: আগের কথা ভুলে যেতে চাই। শ্যুটিংয়ে ভালো করতে মেডিটেশন পর্যন্ত করেছি। এখন আমি চাই, সবাই আমাকে নিয়ে বসুক। আমি একা পারছি না। সবাই সহযোগিতা করলেও আসল কাজটা আপনাকেই করতে হবে। আপনি কতটা প্রস্তুত?আসিফ: আমি প্রস্তুত। সবাই আমার প্রতি আস্থা হারিয়েছে, এটা স্বাভাবিক। একটা গরুকে শুধু খাওয়াতেই থাকবেন, গরু দুধ দেবে না—এটা হয় না। আমি একটা সোনার ডিম পাড়া হাঁস ছিলাম। এখন হাঁস ডিম পাড়ছে না। কারণটা, হাঁসই বোঝে না! ঘুরে দাঁড়াতে স্ত্রীর সাহায্য কেমন পাচ্ছেন?আসিফ: স্ত্রী বলে সারা জীবন আমি যেন শ্যুটিং নিয়েই থাকি। তার কথা, আমি নাকি শ্যুটিং ছাড়া আর কিছু বুঝি না। আর কিছু পারিও না। শ্যুটিং প্র্যাকটিস না থাকলে আমি ভালো থাকি না। ওর সঙ্গে অনুশীলনবিহীন দিনগুলোতে আমার ঝগড়া হতো (হাসি)। অনেকে বলেন, আপনি আর্থিক দিকটা নিয়ে বেশি ভাবেন। তাই শ্যুটিং করেন না ঠিকমতো। এটা কি ঠিক?আসিফ: ঠিক নয়। টাকা বড় কোনো সমস্যা নয়। আমার নানু পর্যন্ত দিন কয়েক আগে বলেছেন, আমি চাইলে মাসে মাসে ১০ হাজার টাকা করে দেবেন। বলেছেন, ‘তবু তুই অনুশীলন কর ভাই।’ খালামণি, ছোট ফুপি বলেছেন, সমস্যা হলে ঢাকায় তাঁদের বাসায় থাকতে। তাও যেন আমি অনুশীলন করি। এখন আমি মানসিকভাবে ভালো অবস্থায় আছি। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সমস্যা নেই। তাহলে তো খুবই ভালো...আসিফ: এক অর্থে ভালো। তবে এখন অর্থনৈতিক সাপোর্ট বলতে শুধু আমার ক্লাব (চট্টগ্রাম রাইফেল ক্লাব) থেকে মাসে ১০ হাজার টাকা করে পাই। ক্লাব আমাকে নতুন রাইফেল-জ্যাকেট-জুতা সবই দিয়েছে। কিন্তু বাইরের একটা স্পনসর আসলেই দরকার। যেভাবে শারমিনকে জি-ফোর করছে। আপনাকে বিওএর মহাসচিব মাসে ২০ হাজার টাকা করে দিতেন। আপনি সেটি দীর্ঘ মেয়াদে নিতে না পারলে কার কী করার আছে...আসিফ: যা হওয়ার হয়েছে, আমি সামনে তাকাতে চাই। কুতুব চাচা বলেছেন, ‘তুমি যেটা করতে চাও, সেই ব্যবস্থা করে দেব।’ আমাকে বলেছেন, কোনটা বাছব সেই সিদ্ধান্ত নিতে। আমি এখনো গ্র্যাজুয়েশনই শেষ করিনি, কাজেই কোচিং আরও অনেক পরে। আমি শ্যুটিংই করতে চাই। তাহলে বিকেএসপির চাকরিটা না নিলে পারতেন না? আসিফ: আমি বিকেএসপিতে স্থায়ী চাকরি নিইনি। ওই চাকরি নিলে দ্রুত ছেড়ে আসতে অনেক ঝামেলা হতো। চাকরি কোনো সমস্যা নয়। আমি একটা ‘কেন’র উত্তর খুঁজে পাগল হয়ে যাচ্ছি। একটা বিশাল ‘কেন’ আমার সামনে। আগের সব সুখের স্মৃতিগুলো মনে পড়ে না?.আসিফ: সব সময়ই মনে পড়ে। কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর ২০০৪ ইসলামাবাদ সাফ গেমসে সোনা জিতলাম। গত বছর দেশে সাফ গেমসে ক্যারিয়ারের সর্বোচ্চ ৫৯৬ স্কোর করে রুপা জিতেছি। আছে আরও কিছু অর্জন। সব পেপার কাটিং আছে বাসায়। ওগুলো দেখি।। কী ছিলাম, কী হলো...ভাবি। উচ্চতর প্রশিক্ষণের জন্য আপনাকে জার্মানি এবং চীনে পাঠানো হয়েছিল। তাতে তো কোনো ফল হলো না...আসিফ: ওই দুটি সফরে কোচরা আমাকে যেসব পরামর্শ দিয়েছিলেন, সব ডায়েরিতে লেখা আছে। এখন আমি সব রিভিউ করছি। তবু হচ্ছে না। আপনার বাবা-মা কী বলেন?আসিফ: আব্বু সব সময় বলেন, কমনওয়েলথ আর সাফে সোনা জেতা কিছুই না। ওগুলো প্রীতি ম্যাচের মতো। আমাকে আরও অনেক কিছু করতে হবে। আমিও মনে করি আমার আরও দেওয়ার আছে। তাই এত তাড়াতাড়ি শ্যুটিং ছাড়ার প্রশ্নই নেই। আপনি খারাপ করছেন। বাকিদের নিয়ে বাংলাদেশের শ্যুটিংয়ের অবস্থা এখন কেমন?আসিফ: দশ মিটার এয়ার রাইফেলে মেয়েদের অবস্থা ভালো। ৪০০ তে ৩৯৮ পর্যন্ত হচ্ছে। রত্না আগে থেকেই ভালো করছে, শারমিনও এখন আবার ভালো করছে। সাদিয়াও ভালো। আর একটু এগোলে অলিম্পিকে ভালো করা সম্ভব। আপনি যে এত খারাপ করছেন, বাইরে বেরোলে কেমন লাগে। আগের সেই আসিফ তো নেই...আসিফ: সবাই একই কথা বলে। মুরব্বিদের কথা, ‘বাবা, তোমার কেন এমন হচ্ছে। আমরা দোয়া করছি।’ পাবনায় গ্রামের বাড়ির আশপাশের ছেলেরা বলছে, ভাই, আপনি চেষ্টা করেন। শ্বশুরবাড়ির সবাই একই কথা বলছে। এখন যে ঢাকার বাইরে ঘুরে ঘুরে প্রতিভা খুঁজছেন, এখানে সাড়া কেমন পাচ্ছেন?আসিফ: পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে কয়েকজন ভালো খেলোয়াড় পেয়েছি। আশা করি অন্য জেলাগুলোতেও পাব। এদের ভালোভাবে প্রশিক্ষণ দিলে ভালো ফল পাওয়া যাবে। আমি চাই আসিফের চেয়ে মেধাবী কেউ আসুক।