‘আমাকে রান করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আড়াই বছর পর আরেকটি প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি পেলেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করার পর নিজের বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন একসময় বাংলাদেশের ব্যাটিংয়ের বড় নির্ভরতা হয়ে ওঠা শাহরিয়ার নাফীস দীর্ঘদিন পর প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি পেলেন...শাহরিয়ার নাফীস: হ্যাঁ, প্রায় আড়াই বছর পর। মাঝে আইসিএল খেলতে গিয়ে একটা মৌসুম তো প্রথম শ্রেণীর ম্যাচ খেলতেই পারিনি। তার পর এই মৌসুমে আর সেঞ্চুরি পাইনি। এই মৌসুমে সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত ছিলাম।  সর্বশেষ প্রথম শ্রেণীর সেঞ্চুরি কাদের বিপক্ষে করেছিলেন?শাহরিয়ার: চট্টগ্রাম দলের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগে করেছিলাম।  এই ইনিংসটা সম্পর্কে বলুন।শাহরিয়ার: প্রথমত, এত দিন পর একটা সেঞ্চুরি করতে পেরে খুবই ভালো লাগছে। ভালো লাগার আরেকটা কারণ, এই ম্যাচে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করাটা মোটেও সহজ কাজ ছিল না।  কঠিন হওয়ার কারণ কী?শাহরিয়ার: ৪৩০ রানের লক্ষ্যে নেমে ব্যাট করাটা কখনোই সহজ না। আর আমি এ প্রান্তে ব্যাট করছিলাম। ওই প্রান্তে নিয়মিত উইকেট পড়ছিল। ওদের বোলিংটাও খুব ভালো হচ্ছিল। ওয়েস্ট ইন্ডিয়ানদের বোলিং কি অনেক ভালো? প্রথম ইনিংসে সবাই ব্যর্থ হলেন। এই ইনিংসেও বেশির ভাগ ব্যর্থ...শাহরিয়ার: অনেক ভালো বলব না। বলব অনেক শৃঙ্খল বোলিং ওদের। ব্যাটসম্যানদের আটকে রাখতে, আউট করতে যে ধরনের শৃঙ্খলা দরকার, সেটা ওদের আছে।  নিজের কথা বলুন। এই ইনিংস কি জাতীয় দলে ফেরার জন্য সহায়ক হবে?শাহরিয়ার: সেটা তো আমি বলতে পারব না। আমার রান করাটা আমার নিয়ন্ত্রণে। সেটা আমি করে যেতে পারি। এর মধ্যে নির্বাচকদের মনে হলে, তাঁরা আমাকে ডাকবেন।  একটা টেস্টে ডাক পেয়ে আবার বাদও পড়ে গেলেন। অবিচারের শিকার বলে মনে হচ্ছে?শাহরিয়ার: না, তা বলব না। আমাকে সুযোগ দিলে আমার রান করতে হবে। সেটা করতে পারিনি। আসলে এই মৌসুমের মাঝের দিকে ভালো রান পাইনি আমি। শুরুতে রান পেয়েছিলাম। সে রকম রান আবার করতে হবে।  রান পেয়েছিলেন জাতীয় লিগের ওয়ানডেতে। আর ডাক পেয়েছিলেন টেস্টে। ওয়ানডেতে ডাক পাওয়া উচিত ছিল না?শাহরিয়ার: ওই একই উত্তর দেব। ডাক পাওয়াটা আমার হাতে নেই। আমি শুধু বলতে পারি, প্রচুর রান করলে জাতীয় দলে ডাক পাবই। এ দল, জাতীয় দল যেখানেই সুযোগ পাই, আমাকে রান করতে হবে। মাঝে ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও তো খেলেছেন। ওখানেও খুব ভালো করতে পারেননি।শাহরিয়ার: না, পারিনি। ওই যে ওই সময়টা ভালো যাচ্ছিল না। এখন আবার রান পাচ্ছি। এই রানটা নিয়মিত করে যেতে চাই। এমনিতে আশাবাদী আপনি?শাহরিয়ার: অবশ্যই আমি আশাবাদী। নিজেই বুঝতে পারছি, ফিট আছি। এখন ব্যাটে রান আসছে। যা করতে চাচ্ছি, মোটামুটি হচ্ছে।