‘আমাকে সে আগুনে পোড়াল’
‘২০ হাজার টাকা যৌতুকের জন্য প্রতিদিনই আমার ওপর চলত অমানুষিক নির্যাতন। একপর্যায়ে খাবারও বন্ধ করে দেওয়া হয়। নির্যাতন সইতে না পেরে চলে আসি বাবার বাড়ি। বাবা গরিব। তাই স্বামীর কাছে ভরণ-পোষণ চাই। জবাব আসে, বিষ খেয়ে আত্মহত্যা কর। এরপর মনের দুঃখে তাঁকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু শেষরক্ষা হলো না। আমাকে সে আগুনে পোড়াল।’ গতকাল সোমবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে এসব কথা বলেন অগ্নিদগ্ধ গৃহবধূ তরুণা পারভীন (২৮)। তালাক দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্বামী আসাদুল ইসলাম ও তাঁর সহযোগীরা তাঁর গায়ে আগুন দেন বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে। অবস্থার অবনতি হলে গতকাল দুপুরে তাঁকে খুলনা ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। বেলা পৌনে তিনটার দিকে তিনি সেখানে মারা যান। তরুণার পারিবারিক সূত্রে জানা গেছে, চার মাস আগে তরুণার সঙ্গে যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের আসাদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁর ওপর নির্যাতন চালাচ্ছিলেন আসাদুল। কয়েক দিন আগে তরুণাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তিনি। তরুণার মা মনোয়ারা বেগমের ভাষ্য, স্বামীর নির্যাতন সইতে না পেরে তাঁর মেয়ে গত শনিবার আসাদুলকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের কথা তরুণা মোবাইল ফোনে আসাদুলকে জানায়। এতে ক্ষিপ্ত হয় আসাদ। গত রোববার রাতে আসাদুল পাঁচ-ছয়জন সহযোগী নিয়ে তাঁদের বাড়িতে আসে। রাত সাড়ে ১০টার দিকে তারা জোর করে ঘরে ঢুকে ঘুমন্ত তরুণার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তরুণার চিৎকারে আশপাশের সবাই ছুটে এলে তারা পালিয়ে যায়। রাতেই অগ্নিদগ্ধ তরুণাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মধুসূদন মণ্ডল বলেন, তরুণার গায়ে পেট্রল বা কেরোসিন জাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। মৃত্যুর আগে তরুণা গতকাল সকালে জবানবন্দি দিয়েছেন। তিনি এ ঘটনার জন্য স্বামী আসাদুলকে দায়ী করেন। সাতক্ষীরার বিচারিক হাকিম মো. মাসুদুজ্জামান জবানবন্দি গ্রহণ করেন। এ সময় সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক তৌহিদুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান উপস্থিত ছিলেন। কলারোয়া থানার ওসি এনামুল হক জানান, এ ঘটনায় নিহত তরুণার বাবা আবু বকর বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। এঁদের মধ্যে এমাদুল ইসলাম গাজী ও সাইফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক।