ব্যাংককে চলমান এএইচএফ কাপ হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো কালও জয়ের অন্যতম কারিগর পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর রহমান (চয়ন)। চার গোলের দুটিই তাঁর। ম্যাচ শেষে ব্যাংকক থেকে টেলিফোনে জানালেন নিজেদের প্রত্যাশার কথা চীনা তাইপের পর সিঙ্গাপুরের বিপক্ষেও জয়। সেমিফাইনাল তো নিশ্চিত?মামুনুর রহমান (চয়ন): হ্যাঁ। টানা দুটি ম্যাচ জিতলাম। সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এবার আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে খেলব। আল্লাহর রহমতে আশা করি ভালোই করব। ঢাকায় এই সিঙ্গাপুরের বিপক্ষেই এশিয়ান গেমসের বাছাইপর্বে বাংলাদেশ দল হেরেছিল। মনে আছে?মামুনুর: খুব মনে আছে। ঢাকায় হেরে যাওয়ায় খুবই কষ্ট পেয়েছিলাম। সিঙ্গাপুরের কাছে হারার মতো দল নই আমরা। কিন্তু ওই হারের পর ভীষণ মন খারাপ হয়েছিল। তাই এই ম্যাচ জিততে সবাই মুখিয়ে ছিল। খেলোয়াড়দের মধ্যে একটাই জেদ ছিল, যেভাবেই হোক সিঙ্গাপুরে জিততে হবে। আসলে সবাই খুব ভালো খেলেছে। গত নভেম্বরের পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেনি বাংলাদেশ। এত দিন পর মাঠে নেমে কোনো সমস্যা হয়েছে?মামুনুর: হয়নি। আমরা স্বাভাবিক হকিই খেলছি। এই গ্রুপের কোনো দলই দুর্বল নয়। ওরা আমাদের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা পায়। এখানে এসে শুনেছি সিঙ্গাপুর, চীনা তাইপে, থাইল্যান্ড—সবাই এই টুর্নামেন্টের জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছে। ভারতে গিয়ে অনুশীলন ম্যাচ খেলেছে। ওই দলগুলোয় রয়েছে চিকিৎসক, ফিজিও। কিন্তু আমাদের দলের সঙ্গে এসব সাপোর্ট নেই। এমনকি খেলার আগে সেভাবে প্রস্তুতিও নিয়ে আসতে পারিনি। তার পরও আমাদের খেলায় উন্নতি হচ্ছে। ব্যাংককে নাকি খুব গরম? মামুনুর: অনেক গরম। প্রথম দিন গরমে সমস্যা হয়েছিল। সেদিন তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। খেলা শুরু হয়েছিল স্থানীয় সময় বেলা তিনটায়। আজ (কাল) সন্ধ্যা ৭টায় খেলা হয়েছে। আবহাওয়াও একটু স্বাভাবিক ছিল। তাই কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ দল কত দূর যেতে পারবে বলে মনে করছেন? মামুনুর: ইনশাআল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হব। এ প্রতিযোগিতার শেষ আসর হয়েছে চার বছর আগে সিঙ্গাপুরে। তখন আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তবে আপাতত এসব নিয়ে ভাবছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই। আগামী বছর সিঙ্গাপুরে এশিয়া কাপ। এই প্রতিযোগিতা থেকে দুটি দল সুযোগ পাবে। একসময় এশিয়া কাপের মূল পর্বে সরাসরি খেলত বাংলাদেশ। এখন কেন বাছাইপর্ব পেরোতে হয়? মামুনুর: অনেক কারণ আছে। এখন আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলি অনেক কম। তবে আজকের এই জয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে অনেক। আমরা সবাই এখন একটা দল হয়ে উঠেছি। এখানে সবাই খুবই ভালো করছে। আশা করি, আমরা সিঙ্গাপুরের টিকিট পাব। ড্রেসিংরুমের পরিবেশ কেমন? মামুনুর: ড্রেসিংরুমের অবস্থা খুবই ভালো। আমাদের মধ্যে কোনো চাপ নেই। সবাই ফুরফুরে মেজাজে আছি। খুব মজা করছি। আনন্দেই আছি। কোচ মাহবুব ভাই (মাহবুব হারুন) আমাদের প্রতিদিনের পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছেন। আমরা সেভাবেই অনুশীলন করছি, খেলছি। প্রবাসী বাংলাদেশিরা খেলা দেখতে আসে?মামুনুর: প্রবাসী অনেক বাংলাদেশিই খেলা দেখতে আসে। শুধু তা-ই নয়, ঢাকা থেকে সাজেদ ভাই (সাজেদ এ আদেল, সহসভাপতি) পর্যন্ত এখানে আমাদের খেলা দেখতে চলে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। দলে কোনো ইনজুরি সমস্যা আছে? মামুনুর: না। জিমি প্রথম ম্যাচে হাঁটুতে ব্যথা পেয়েছিল। ওর অবস্থাও এখন ভালো। আজ একটা গোলও পেয়েছে।