তিন ম্যাচের দুটিতে হেরে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্ব পেরোনোর আশা একরকম শেষ বাংলাদেশের। কাল ম্যাচ শেষে দলের প্রধান কোচ নিকোলা ইলিয়েভস্কি ম্যাচের ময়নাতদন্তের পাশাপাশি বললেন অন্যান্য প্রসঙ্গেও ইরাকের বিপক্ষে ৬ গোল। সৌদি আরবের বিপক্ষে ৪ গোল। এই দুটি পরাজয় কীভাবে দেখছেন?নিকোলা ইলিয়েভস্কি: দেখুন, ইরাক-সৌদি আরব এই প্রতিযোগিতার ফেবারিট। মাঠে কী করতে চায় সেই বিষয়ে ওদের স্পষ্ট ধারণা আছে। ওদের স্কিল আর স্ট্যামিনা বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে অনেক ভালো। ওরা অনেক গতিময় ফুটবল খেলে। এটাই আসলে বাস্তবতা। আপনার কি মনে হয় বাংলাদেশ এখনো প্রতিযোগিতায় টিকে আছে?ইলিয়েভস্কি: না। আমাদের আর একদমই আশা নেই। আমরা অনেক গোল হজম করে ফেলেছি। এখান থেকে ইরাক এবং সৌদি আরবই চূড়ান্ত পর্বে উঠে যাবে। এমন প্রতিযোগিতায় খেলার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত ছিল?ইলিয়েভস্কি: সত্যি বলতে কি, মাত্র ৪৫ দিনের অনুশীলনে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। এ ধরনের একটা প্রতিযোগিতায় খেলতে হলে কমপক্ষে ৬ মাস ক্যাম্পে রাখতে হবে খেলোয়াড়দের। এরা একে অপরকে বুঝবে, পরস্পরের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হবে। এ ছাড়া বিদেশে গিয়ে কোনো দলের সঙ্গে কমপক্ষে আট-দশটি প্রীতি ম্যাচ খেলতে হবে। কোনো স্থানীয় দল বা ক্লাবের সঙ্গে খেললে চলবে না। এই পর্যায়ে প্রতিযোগিতা করার জন্য দলটিকে আরও অনেক সময় দিতে হবে। আর কত দিন সময় প্রয়োজন?ইলিয়েভস্কি: আমি এসেছি কিছুদিন আগে। এখানে এসে খেলোয়াড়দের চিনতেও সময় লেগে গেছে। ঠিকভাবে বুঝে উঠতে পারিনি যে কে কেমন খেলে। এ জন্য আমাকে আরও সময় দিতে হবে। সঠিক দল নির্বাচনের জন্য এই কদিন যথেষ্ট নয়। তিন ম্যাচে বাংলাদেশ তিন অধিনায়ক দেখল। এ ব্যাপারে আপনি কী বলবেন?ইলিয়েভস্কি: ফুটবল ম্যাচে অধিনায়ক কোনো বিষয় না। আমি আমার দেশেও এমনটা করেছি। মালেক প্রথম ম্যাচে ছিল না। এরপর ইয়াসিনকে অধিনায়ক করা হলো। আজ শাহেদ। এটা হতেই পারে। এই প্রজন্মের এসব ফুটবলারদের অনুপ্রেরণার জন্যই আসলে এদের দায়িত্ব দেওয়া উচিত। তবে মাঠে কে কেমন খেলল সেটাই বড় কথা। সৌদি দলের সঙ্গে মূল পার্থক্যটা কোথায় ছিল?ইলিয়েভস্কি: সৌদি আরব দলের প্রতিটি খেলোয়াড় টেকনিক্যালি ভালো। আমি যত দূর জানি, ইরাকের ১০ জন খেলে সিনিয়র দলে। সৌদি আরবেরও বেশ কয়েকজন আছে। এদের সঙ্গে তাই সহজেই পেরে ওঠা সম্ভব নয়। আমাদের দলের খেলোয়াড়দের এসবই প্রধান সমস্যা। খেলোয়াড়দের দমেরও মনে হয় ঘাটতি ছিল?ইলিয়েভস্কি: না। আমার কাছে তেমন মনে হয়নি। রাসেলের লাল কার্ড দেখাটা কি যৌক্তিক ছিল?ইলিয়েভস্কি: ওকে আমি গত ম্যাচেই সতর্ক করেছিলাম। বলেছিলাম তোমাকে আরও বেশি সংযত হয়ে খেলতে হবে। কারণ তুমি এর আগে একটা হলুদ কার্ড দেখেছ। কখনো বিবাদে জড়াতে যেয়ো না। কিন্তু কে শোনে কার কথা! আজও সে খুব রাফ খেলেছে।