এবারই বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর চালু করতে যাচ্ছে বাফুফে। কিন্তু শুরুর আগেই এটি আটকে গেছে নানা জটিলতায়। পুরো বিষয়টি নিয়ে বলেছেন চট্টগ্রাম মোহামেডানের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আজ (কাল) দ্বিতীয় স্তরে খেলতে আগ্রহী দলগুলোর সঙ্গে সভা করল বাংলাদেশ লিগ কমিটি। কী আলোচনা হলো সভায়?মোহাম্মদ ইউসুফ: ওনারা ডেকেছিলেন বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর কীভাবে শুরু করা যায় সেটা নিয়ে আলোচনা করতে। আমার কাছে এটা অপরিকল্পিত মিটিং মনে হয়েছে। আমাদের আসা-যাওয়াই বেকার। লিগ কমিটি কী বলেছে?ইউসুফ: লিগ কমিটি বলেছে, একটা নীতিমালা তৈরি করার জন্য আমাদের নিয়ে বসেছে। এখন একটা নীতিমালা তৈরি করে দ্বিতীয় স্তরে খেলতে আগ্রহী ক্লাবগুলোকে পাঠানো হবে। ক্লাবগুলো সেটির সঙ্গে একমত হলে খেলায় সম্মতি দেওয়া হবে। আপনারা নাকি আর্থিক সহায়তা চাইছেন?ইউসুফ: আমরা নিজেদের টাকা দিয়ে লিগে দল গড়ি। ফেডারেশন কিছু টাকা দিলে ক্লাবের সুবিধা হয়, তাই চেয়েছি। চট্টগ্রাম মোহামেডান বাংলাদেশ লিগের গত চারটি আসরেই খেলেছে। এবার খেলবে দ্বিতীয় স্তরে। এটা তো সম্মান পুনরুদ্ধারের লড়াই...ইউসুফ: আসলেই তাই। কিন্তু এখানে চ্যাম্পিয়ন বা রানার্সআপ হলে যে মূল পর্বে খেলতে পারব, সেটির নিশ্চয়তা আমরা পাচ্ছি কই? কেন এই সংশয়?ইউসুফ: আমরা অবনমিত হওয়ার পরপরই দ্বিতীয় স্তরের কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু তার পরও একটা টিমকে (বিজেএমসি) সরাসরি বাংলাদেশ লিগে খেলার সুযোগ দেওয়া হয়েছে। পরে আমরা বাংলাদেশ লিগে কোয়ালিফাই করলে ফেডারেশন আমাদের না নিয়ে অন্য দলকে যে পেছনের দরজা দিয়ে সুযোগ দেবে না কে বলবে? ও রকম কিছু হওয়া কি আদৌ সম্ভব? লিগ কমিটি তো বলেছে, দ্বিতীয় স্তর না খেলে আর কাউকে সরাসরি সুযোগ দেওয়া হবে না।ইউসুফ: এ রকম কথা অনেক বলা হয়। কিন্তু তারা কথার মূল্য রাখতে পারে না। কারণ বাংলাদেশ লিগের বাইলজে আছে, অবনমিত দল যে জেলার ঠিক সেই জেলার চ্যাম্পিয়ন দল বাংলাদেশ লিগে খেলবে। কিন্তু সেই বাইলজ লিগ কমিটি নিজেরাই মানেনি। আস্থাহীনতা থাকলে তো সমস্যা...ইউসুফ: তা ঠিক। ক্লাব ও ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে আন্তরিকতা ও সমন্বয় দরকার। আমরা ফেডারেশনকে বিশ্বাস করতে চাই, কিন্তু তারা বিশ্বাস ভঙ্গ করে। একেকবার একেক কথা বলে। সব ক্লাবকেই এক চোখে দেখা উচিত। তার মানে সবাইকে এক চোখে দেখা হয় না?ইউসুফ: এটা আপনারাও জানেন। ঢাকার বাইরের ক্লাবগুলোকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়। কেমন সেই বঞ্চনা?ইউসুফ: আমরা যারা ঢাকার বাইরে থেকে খেলতে আসি আমাদের কোনো খোঁজ কেউ রাখে না। ফেডারেশন তো রাখেই না—যাদের হোম ভেন্যু তারাও খোঁজ নেয় না। অথচ আমাদের ভেন্যুতে খেলতে গেলে আমরা তাদের দেখভাল, সুযোগ-সুবিধা নিশ্চিত করি। কিন্তু ঢাকার অনেক ক্লাবই অনুযোগ করে, আপনাদের ভেন্যুতে গেলে আপনারা সেভাবে আতিথেয়তা দেন না...ইউসুফ: এটা ঠিক নয়। অতিথিকে আপ্যায়ন করাই চট্টগ্রামের ঐতিহ্য। আমরা সাধ্যমতো সবকিছুই করি। হরতালের সময় চট্টগ্রামে ক্লাবের গাড়ি ঢুকতে দেয়নি। আমরা পুলিশি নিরাপত্তা দিয়ে ঢাকার ক্লাবকে মাঠে নিয়ে গেছি। প্রথম দিকে ক্লাবগুলোকে লিয়াজোঁ অফিসারও দিয়েছি। আরও উদাহরণ আছে। চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে এবার চট্টগ্রাম আবাহনীও বাংলাদেশ লিগ থেকে অবনমিত হয়েছে। চট্টগ্রামের এই দুরবস্থা কেন?ইউসুফ: ঢাকার অনেক দলই চায়নি, আমরা টিকে থাকি। কারণ তারা বাংলাদেশ লিগকে ঢাকা লিগ বানাতে চাচ্ছে। পাতানো খেলা, বাজে রেফারিং আমাদের অবনমনের একটা কারণ। শোনা গেছে, শেষ দিকে ঢাকার ক্লাবগুলো নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করেছে। আসন্ন পঞ্চম বাংলাদেশ লিগে চট্টগ্রাম নেই। এটা চট্টগ্রামের জন্য কতটা হতাশার?ইউসুফ: খুবই হতাশার। স্থানীয়ভাবে সমর্থকেরা আমাদের নানাভাবে হেনস্তা করেছে। অবনমন মেনে নেয়নি। চট্টগ্রামের ফুটবলের বিরাট ক্ষতি হয়েছে।