‘আমাদের ঈদের খুশি আগুনে পুইড়া গেছে’
‘আমার চাচা, চাচি, ফুপু, ফুপাতো বোনসহ আমাদের পরিবারের ছয়জন মারা গেছে। এখনো বাসার চুলা নষ্ট, পানির কল নষ্ট। পাশের বাসা থেকে রান্না করে আনতে হয়। আমাদের ঈদের খুশি তো আগুনেই পুইড়া গেছে।’গত ৩ জুন পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৪ নম্বর নবাব কাটরার বাচ্চু মিয়ার স্বজনদের একজন রোজিনা বেগম এভাবেই ঈদের দিনের কষ্টের অনুভূতি তুলে ধরলেন।গোটা নিমতলীজুড়ে নিহতদের পরিবারে একই অবস্থা চোখে পড়েছে। ঘটনার পর তাদের স্মরণে টানানো ব্যানারগুলো এখন আর নেই। তবে ঈদ উপলক্ষে শুভ কামনা করে লেখা কালো নতুন ব্যানার শোভা পাচ্ছে। এতে লেখা ‘ঈদের খুশী সবার তরে, শান্তি আসুক ঘরে ঘরে’।কিন্তু নিমতলীর ঘটনায় নিহতদের স্বজনদের বাসাগুলো ঘুরে দেখা গেছে, সেখানে ঈদের সামান্যতম আয়োজন নেই। নবাব কাটরাসংলগ্ন নাজিম উদ্দিন রোড দিয়ে গত দুই দিন নতুন কাপড় পরে ছোট-বড় অনেকেই ঈদের খুশিতে বেড়াতে গেছে নানা জায়গায়। কিন্তু একেবারেই উল্টো চিত্র নিমতলীতে। বাসায় নেই আত্মীয়-স্বজনদের আনাগোনা কিংবা নতুন কাপড় পরে ঘুরে বেড়ানোর আনন্দ।৬৭ নম্বর নবাব কাটরার বাসিন্দা মোহাম্মদ সফিউল্লাহ বলেন, ‘যারা গেছে তো চইলাই গেছে। আমরা কেন যে জিন্দা রইলাম।’ এই বৃদ্ধসহ আরও কয়েকজন আক্ষেপ করে বলেন, এখানে বেঁচে থাকাদের কোনো সান্ত্বনা নেই। কত মানুষ মরল। অথচ সরকার শুধু তিন মেয়েকে নিয়েই ব্যস্ত।অবশ্য এ ব্যাপারে এলাকার আজাহারুল ইসলাম জানান, স্থানীয় সাংসদ নিহতদের স্বজনদের একটি করে লুঙ্গি ও শাড়ি দিয়েছেন। এ ছাড়া সাবেক সাংসদ হাজি মোহাম্মদ সেলিম প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারে চাল, ডাল ও সেমাই বিতরণ করেছেন।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাদেক ও রোজিনা বেগম বলেন, একটি শিশু বেঁচে আছে। ওর মা-বাবা দুজনই মারা গেছেন। তাঁদের প্রশ্ন, এই শিশুটিকে কি একটি ঈদের পোশাক দেওয়া যেত না?এ ব্যাপারে স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, নিহতদের প্রতিটি পরিবারে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে। তবে শিশুদের বিষয়টি তালিকাভুক্ত করা হয়নি। এটিও করা হবে।এদিকে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন অগ্নিকাণ্ডে মা-বাবাসহ স্বজন হারানো নিমতলীর তিন তরুণী রুনা, রত্না ও আসমা। তাঁদের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের আদরে নিজ হাতে গণভবনে ঘটা করে ঘটনার কয়েক দিন পর তাঁদের বিয়েও দেন। গত ৩ জুন উচ্চমাত্রার দাহ্য রাসায়নিক পদার্থ থেকে নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই অগ্নিকাণ্ডে ১২৪ জন নিহত হয়।