‘আমাদের উপজেলাব্যবস্থায় এক ঘরে তিন পীর’
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, কেন্দ্রীয় সরকার যত ছোট হবে এবং তৃণমূলের সরকার যত বড় হবে, ততই দেশের মঙ্গল। কিন্তু আমাদের দেশে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ও কাজ দিন দিন বাড়ানো হচ্ছে। জনগণকে ক্ষমতা না দিয়ে তা ক্রমশ কেন্দ্রীভূত করা হচ্ছে। এভাবে দেশের উন্নয়ন হতে পারে না। আজ সোমবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘কার্যকর উপজেলা পরিষদ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এই আলোচনায় শওকত আলী বলেন, ‘কেন্দ্রীয় সরকার এমনই এক সরকার, যে সরকার চোখে দেখে না, কানেও শোনে না। ক্ষমতার মালিক জনগণ। জনগণের দায়িত্ব জনগণ পালন করবে। অথচ আমরা জনগণের সেই ক্ষমতা জনগণের কাছে দেওয়ার ব্যবস্থা করছি না। আমরা বারবার সম্ভাবনাকে পাস কাটিয়ে যাচ্ছি। সমাধান করতে গিয়ে সমস্যা আরও বাড়ানো হচ্ছে। বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের আকার। এক অর্থে স্থানীয় সরকারব্যবস্থায় কোনো সিস্টেম নেই। সিস্টেম থাকলে তদবির, খবরদারি, দুর্নীতি—এসব কমে যেত।’উপজেলা পরিষদকে বাস্তবায়নের জন্য জেলা পরিষদকে আগে কার্যকর করতে হবে বলে ডেপুটি স্পিকার মন্তব্য করেন। তিনি বলেন, জেলা পরিষদ হতে পারে মিনি পার্লামেন্ট। সেটাকে কার্যকর করা না হলে উপজেলার ওপর জেলা প্রশাসকের খবরদারি থেকেই যাবে।সাংসদদের উদ্দেশে শওকত আলী বলেন, ‘গম ভাগাভাগির কাজে সাংসদদের না থাকাই ভালো। তাঁদের উপজেলার উপদেষ্টা না হলেও চলে। কারণ তাঁদের এমন কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই যে তাঁদের উপদেষ্টা হতেই হবে।’অনুষ্ঠানে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ‘উপজেলা নিয়ে এত আলোচনা-সমালোচনা এবং লেখালেখির পরও সরকার কিছুই আমলে নিচ্ছে না। দেখে মনে হয়, আল্লাহ সরকারের কলবের ওপর সিল মেরে দিয়েছেন। সে জন্যই আমাদের কথা সরকার শুনতে পাচ্ছে না। উপজেলা নিয়ে সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয়, দেশে কোনো সংবিধান নেই, আইনও নেই। দেশ এখন পরিপত্রের প্রজাতন্ত্রের ওপর নির্ভর করে চলছে।’তোফায়েল আহমেদ আরও বলেন, গ্রামে এখন নেতাদের গুরুত্ব মাপার মাপকাঠি হলো ‘টন’। কোন নেতা কত টন গম পাচ্ছেন, সেটার ওপর তাঁদের রাজনৈতিক গুরুত্ব নির্ভর করে।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘বইয়ে পড়েছি এক ঘরে দুই পীর থাকতে নেই। কিন্তু আমাদের উপজেলাব্যবস্থায় এক ঘরে তিন পীর। এখানে নির্বাচিত জনপ্রতিনিধির কোনো কাজ নেই। সাংসদেরা আইনটাকে নিজেদের মতো করে প্রণয়ন করেছেন। আইন এবং সাংসদের সমর্থন নিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের ওপর খবরদারি করে যাচ্ছেন। দেশের উন্নয়নের জন্য এটা কাম্য নয়।’অনুষ্ঠানে টিআইবির পক্ষে কার্যপত্র উপস্থাপন করেন হাবিবুর রহমান ও নাহিদ শারমীন। এতে উপজেলাব্যবস্থার চলমান অকার্যকর ব্যবস্থা এবং আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়। কার্যপত্রের ১২ দফা সুপারিশে উপজেলায় সাংসদদের উপদেষ্টা করার যে বিধান রয়েছে, তা বাতিলের কথা বলা হয়েছে। উপজেলা আইন সংশোধনের জন্য যে খসড়া প্রস্তাব করা হয়েছে, সেটি চূড়ান্ত করার আগে জনমত যাচাইয়ের জন্য ওয়েবসাইটে প্রকাশ এবং উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে আলোচনার সুপারিশ করা হয়েছে কার্যপত্রে।টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম রব, পটুয়াখালীর দুমকী উপজেলার চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল হক, ঝালকাঠি উপজেলার চেয়ারম্যান রাজ্জাক আলী প্রমুখ বক্তব্য দেন।