ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে স্থানীয় স্ট্রাইকাররা চলে গিয়েছিলেন পেছনের দিকে। বিদেশিদের প্রাধান্য ভেঙে এবার ওপরে উঠে এসেছেন আবাহনীর এনামুল হক ও মোহামেডানের জাহিদ হাসান (এমিলি)। চলমান বাংলাদেশ লিগে এই দুজন এখন পর্যন্ত ১৮ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে। স্থানীয় স্ট্রাইকাররাও পারেন—এনামুল হকের কথায় সেই আত্মবিশ্বাসেরই অনুরণন জাহিদ হাসানের সঙ্গে ১৮ গোল নিয়ে যৌথভাবে সবার ওপরে আছেন। সেরা গোলদাতা হতে পারবেন শেষ পর্যন্ত?এনামুল হক: চেষ্টা তো করব। এমিলির ম্যাচ বাকি দুটি, আমার তিনটি। দেখা যাক কী হয়। আপনাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন দুই বিদেশি। মোহামেডানের বুকোলা আর শেখ রাসেলের সামির ওমারিও তীব্র প্রতিদ্বন্দ্বী...এনামুল: শেষ পর্যন্ত কে সেরা গোলদাতা হবে জানি না। যে কেউ হতে পারে। আমি এটা নিয়ে খুব একটা চিন্তিত নই। সেরা গোলদাতা হতে পারলে ভালো। আমি শুধু চাই, ধারাবাহিকতা ধরে রাখতে, যাতে প্রতি ম্যাচেই গোল করতে পারি। আপনি বা জাহিদ হাসান কেউ একজন সেরা গোলদাতা হয়ে গেলে সেটা দেশের ফুটবলারদের জন্যই অনুপ্রেরণা হবে। আপনি কী মনে করেন?এনামুল: হ্যাঁ, আমিও চাই, দেশেরই কেউ একজন সেরা গোলদাতা হোক। তাহলে আমরা আত্মবিশ্বাস পাব এবং টিমগুলোও দেশি স্ট্রাইকারদের ওপর আস্থা রাখবে। এবার আমরা দেখিয়েছি, আমাদের ওপর আস্থা রাখা যায়। এখন কি দেশি স্ট্রাইকারদের ওপর আস্থা রাখা হচ্ছে না?এনামুল: আমার মনে হয়, স্থানীয়দের ওপর ক্লাবের আস্থাটা কম। ক্লাবগুলো বিদেশিদের খোঁজে। এটা তো আজকের কথা নয়, অনেক দিন ধরেই চলছে। বিদেশিদের ওপর আস্থা রাখার একটা কারণ, স্থানীয়দের চেয়ে তাঁদের ভালো বলে মনে করে ক্লাব। আপনি কি এই বক্তব্যের সঙ্গে একমত?এনামুল: গড়পড়তা যদি বলেন আমি একমত নই। আমাদের বা মোহামেডানের বিদেশিদের বাদ দিলে বাকি বিদেশিরা কি ফুটবল খেলে? ওরা লাথালাথি ছাড়া আর কিছু করে না মাঠে। এঁদের আপনি ভালো বলবেন? আবাহনীর কথাই যদি ধরি, শেরিফ বা ইব্রাহিমকে কি ভালো মনে হয় না আপনার কাছে?এনামুল: এটা তো মাঠেই প্রমাণ হয়। আমি কী খেলছি, ওরা কী খেলছে, এটা আপনারাই বিচার করবেন। সাধারণভাবে যদি বলেন, বিদেশিদের সঙ্গে স্থানীয়দের পার্থক্যটা কোথায়?এনামুল: দুই-তিনজন বিদেশি মোটামুটি ভালো মানের। তাদের চেয়েও আমরাও কোনো অংশে পিছিয়ে নেই। লিগের পারফরম্যান্সই সেটা বলে দিচ্ছে। বিদেশিরা খেলে কিন্তু স্থানীয়দের সাহায্য নিয়ে। স্থানীয়রা বল জোগান না দিলে ওরা ‘জিরো’। ওরা বল হারালে স্থানীয়রাই বল নিয়ে ওদের পায়ে জমা দেয়। তার অর্থ কী, বল পেয়ে বিদেশিদের পায়েই দিয়ে দেওয়ার নিদের্শনা থাকে কোচের?এনামুল: ঠিক নির্দেশনা নয়, তবে দল তো চায় বিদেশির কাছ থেকে সর্বোচ্চটা পেতে। আর আমাদের বেশির ভাগ খেলোয়াড়েরই প্রবণতা বল নিয়ে বিদেশির পায়ে জমা দেওয়া। ওরা কিন্তু এটা করে না। ওরা বল হাতছাড়া করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের স্ট্রাইকাররা গোলের হিসাব-টিসাব সেভাবে রাখেন না। রেখে কী লাভ, এমন মনোভাবই অনেকের। আপনি কি হিসাব রাখেন?এনামুল: সত্যি কথা বলতে সেভাবে খাতা-কলমে আমি কখনো হিসাব রাখিনি। তবে এখন মনে হচ্ছে, হিসাব রাখাটা দরকার। এই যে আপনারা সাংবাদিকেরা মাঠে যখন জিজ্ঞেস করেন গোল কটা হলো, লজ্জায় পড়ে যাই ঠিকমতো বলতে না পারলে।