পাকিস্তান ক্রিকেটের অনেক উত্থান-পতনের সাক্ষী তিনি। একমাত্র বিশ্বকাপজয়ী দলের কোচ। ৪৭টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলেছেন। ছিলেন পাকিস্তানের প্রথম ওয়ানডে অধিনায়ক। এখন ম্যানেজারের দায়িত্ব নিয়ে পাকিস্তান বিশ্বকাপ দলের সঙ্গে ঢাকায়। কাল মিরপুরে দলের অনুশীলন শেষে ৫৩ বছর আগে ফিরে গেলেন ৭০-এ পা দেওয়া ইন্তিখাব আলম, যখন প্রথম এসেছিলেন ঢাকায়। কেমন আছেন?ইন্তিখাব আলম: ভালো, খুব ভালো। এখানে আসার পর আরও ভালো লাগছে। এত ভালো লাগার কারণ কী?ইন্তিখাব: সবকিছু ভালোভাবে চলছে। বিশ্বকাপের জন্য আমরা নিজেদের যেভাবে তৈরি করতে চেয়েছি, সেভাবেই এগোচ্ছে সবকিছু। কিন্তু কদিন আগেও সম্ভবত আপনি এভাবে কথা বলতে পারতেন না। স্পট ফিক্সিং, অধিনায়ক বিতর্ক, নানা সমস্যা ছিল পাকিস্তান দলে...ইন্তিখাব: ওসব এখন অতীত। এ নিয়ে আমি কথা বলতে চাইছি না। এখন আমরা পুরোপুরি বিশ্বকাপে মনোনিবেশ করেছি। আমাদের চিন্তাজুড়ে শুধুই বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়ে কথা বলার আগে জানতে চাইছি, প্রথম কবে আপনি ঢাকায় এসেছিলেন? সে সময়কার কথা মনে আছে?ইন্তিখাব: আমি প্রথম ঢাকায় আসি ১৯৫৮ সালে। টেস্ট খেলতে। এরপর বহুবার এসেছি। আমি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতেও এখানে এসেছি। পিডব্লুডির হয়ে। প্রথম আসার স্মৃতিটা এখন আর সেভাবে মনে নেই। অন্য কোনো স্মৃতি কি মনে পড়ছে এ মুহূর্তে?ইন্তিখাব: আমার অনেক মধুর স্মৃতি আছে এখানে। নির্দিষ্ট কিছু এ মুহূর্তে মনে করা কঠিন। তবে একটা কথা অবশ্যই বলব, এখানকার মানুষ দারুণ অতিথিপরায়ণ। এটা কখনো আমি ভুলি না। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের কোচ ছিলেন আপনি। এবার ম্যানেজার হিসেবে পাকিস্তানকে আরেকটা বিশ্বকাপ এনে দিতে পারবেন?ইন্তিখাব: চেষ্টার ত্রুটি রাখব না। আমি আমার সব অভিজ্ঞতা ঢেলে দেব। একটা ব্যাপার খুবই ভালো লাগছে, আমরা সবাই বিশ্বকাপ জিততে এককাট্টা। এটা দলকে উজ্জীবিত রাখছে। প্রস্তুতি কেমন হলো?ইন্তিখাব: নিউজিল্যান্ডে টেস্ট ও ওয়ানডে দুটো সিরিজই জিতে আসার পর আমরা সময় পেয়েছি মাত্র দুই দিন। তারপর তো এখানে গতকাল (পরশু) আর আজ (কাল) অনুশীলন করলাম। আমি বলব, ভালোই হচ্ছে প্রস্তুতি। খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করছে। পরশু সংবাদ সম্মেলনে অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, পাকিস্তান দলের ১৫ জনই ম্যাচ উইনার। আপনি কি নির্দিষ্ট কোনো নাম বলবেন?ইন্তিখাব: আমরা আসলে ব্যক্তিগত নৈপুণ্যের অপেক্ষায় থাকব না। দলগতভাবে শিরোপা জয়ের দিকে বেশি নজর দিচ্ছি। দলে কে আছে কে নেই, সেটিও ধর্তব্যের মধ্যে আনছি না। আমরা যেকোনো দলকেই হারাতে পারি এবং আমাদের বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা আছে। ঐতিহ্যগতভাবে পাকিস্তান দলের পেস আক্রমণটা খুব ভালো। এবার কেমন দেখছেন?ইন্তিখাব: আমাদের পেস আক্রমণ এবারও ভালো। তরুণ জুনাইদ খান, ওয়াহাব রিয়াজরা ভালো করছে। গুল আছে, আছে শোয়েবও। আমাদের পুরো বোলিং আক্রমণই ভারসাম্যপূর্ণ। দলে চারজন স্পিনার, অধিনায়ক নিজে আছে। সাঈদ আজমলও ভালো। চারজন ভিন্ন ধরনের স্পিনার নিয়ে খেলব আমরা। বিশেষ করে শ্রীলঙ্কার উইকেটে তারা খুবই কার্যকর হবে আশা করছি। সবশেষ প্রশ্ন। স্পট ফিক্সিংয়ে মোহাম্মদ আমিরের মতো তরুণ প্রতিভা নিষিদ্ধ হলো। আপনার নিশ্চয়ই খুব খারাপ লাগে?ইন্তিখাব: সরি, ওই অধ্যায়টা পেছনে রেখে এসেছি আমরা। এ নিয়ে কথা বলব না।