একসময় বিসিবির সাধারণ সম্পাদক ছিলেন। সাংগঠনিক নৈপুণ্যের সুবাদেই ২০০২ সাল থেকে আছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে। বর্তমান মেয়াদ শেষ হবে ২০১৪ সালে। এশিয়া কাপের সংবাদ সম্মেলন উপলক্ষে ঢাকায় এসে সৈয়দ আশরাফুল হক জানিয়েছেন, দূর থেকে বাংলাদেশের ক্রিকেটকে দেখার অভিজ্ঞতার কথা এসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অভিজ্ঞতা কেমন? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো বড় দেশগুলোকেও তো সামলাতে হচ্ছে সেখানে...আশরাফুল হক: খুব চ্যালেঞ্জিং কাজ। তবে আমার কাছে ভালোই লাগে। কখনো কখনো সমঝোতায়ও আসতে হয়। সেটাও কাজেরই অংশ। আর আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। কারণ, আমি এমন একটা কাজে আছি, যেটা আমি ভালোবাসি। এটা আমার জন্য কাজ নয়, আনন্দের জায়গা। আন্তর্জাতিক ক্রিকেটেই তো ভারতীয় ক্রিকেটের বড় আধিপত্য। এসিসিতেও নিশ্চয়ই আছে। সেটা কীভাবে সামলান?আশরাফুল হক: ভারতের ক্ষমতা আছে। তবে আমি সব দেশকেই সমানভাবে দেখি। এসিসিতে পূর্ণ সদস্য ও সহযোগী সদস্যদেশ আছে। পূর্ণ সদস্যদেশ ১১টা। আমার কাছে সবাই সমান। তারাও সবাই সবাইকে সমান চোখে দেখে। ভারত আমার ওপর চাপ প্রয়োগ করে, এটা ঠিক নয়। আমি কারও চাপে নেই। যতক্ষণ না আমি আমার দায়িত্ব-কর্তব্য ভালোভাবে পালন করি, কারও কিছু বলার নেই। দূর থেকে বাংলাদেশের ক্রিকেটকে কেমন দেখছেন?আশরাফুল হক: মাঠের ক্রিকেটের উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না, জানি না। কারণ, আমি বিসিবিতে নেই। তবে উন্নতি হওয়া উচিত ছিল। আমাদের একটা সাকিব আছে। কিন্তু টেস্ট-ওয়ানডেতে ধারাবাহিক জয় পেতে দরকার পাঁচটা সাকিব। পাঁচজন সাকিব কেন পাওয়া যাবে না, আমি বুঝতে পারি না। আমাদের দেশে এত মানুষ! লোকসংখ্যার কমতি নেই, সুযোগ-সুবিধাও আছে। পেয়ে যাওয়া তো উচিত। একসময় বিসিবির সাধারণ সম্পাদক ছিলেন। তখন নিশ্চয়ই স্বপ্ন ছিল, ১০-১৫ বছর পর বাংলাদেশের ক্রিকেট একটা ভালো অবস্থানে যাবে। সেই স্বপ্নের কতটা পূরণ হয়েছে?আশরাফুল হক: টেস্ট মর্যাদা পাওয়ার পর আমার নিজের স্বপ্ন ছিল, সামনের পাঁচ-দশ বছরের মধ্যে আমরা ভালো একটা অবস্থানে যাব। শীর্ষ তিনের মধ্যে না হোক, অন্তত মাঝামাঝি একটা পর্যায়ে থাকব। এখনো ওটা হয়নি। এটাই হতাশা। দূর থেকে এর কারণ কী মনে হয়?আশরাফুল হক: আমি বলতে পারব না। আমি তো বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে নেই। এখানে থাকি না। আমার এটা বলা তাই ঠিকও না। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংগঠনিক সামর্থ্যকে কীভাবে মূল্যায়ন করবেন?আশরাফুল হক: আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে বাংলাদেশের সাংগঠনিক দক্ষতা নতুন নয়। আশির দশকের মাঝামাঝি থেকেই আমরা এটা করে আসছি। বাংলাদেশের সাংগঠনিক কাঠামো, সংগঠক সবাই এখন অনেক অভিজ্ঞ এবং দক্ষ। আমি তো মনে করি, সর্বোচ্চ পর্যায়ের সামর্থ্যই আছে তাদের। বিশ্বকাপের মতো টুর্নামেন্টও তারা ভালোভাবে আয়োজন করেছে। বাংলাদেশের ক্রিকেট সংগঠক হিসেবে আপনিই প্রথম আন্তর্জাতিক পরিসরে কাজ করার সুযোগ পেয়েছেন। বিসিবির বর্তমান সভাপতিও হয়তো আইসিসির বড় পদে যাবেন। বাংলাদেশের কোনো সংগঠকের জন্য অত বড় জায়গায় কাজ করা কতটা চ্যালেঞ্জিং?আশরাফুল হক: আইসিসির সহসভাপতি বা সভাপতি মূলত আলঙ্কারিক পদ। বোর্ডসভায় সভাপতিত্ব করাটাই তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দেশের জন্য এটা অনেক বড় সম্মান। বাংলাদেশ আইসিসির সভাপতি হচ্ছে। আমার বিশ্বাস, যিনিই হোন না কেন ভালো করবেন। তবে সবকিছু নির্ভর করে যিনি সভাপতি হবেন তাঁর ব্যক্তিত্বের ওপর।