‘আমাদের দুর্ভোগ পোহাতে হবে, এটাই নিয়ম’
আওয়ামী লীগসহ ১৪ দলের চলমান জনসভার কারণে আজ বুধবার রাজধানীর মতিঝিল ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে জনসাধারণ।প্রত্যক্ষদর্শীরা জানান, এরই মধ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের জনসভা শুরু হয়েছে, চলছে নেতাদের বক্তৃতা। এই জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে অন্য সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায়। এতে মতিঝিলের আরকে মিশন সড়ক, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, ফকিরাপুল, কাকরাইল, আরামবাগ, কমলাপুর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সাইফুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থেকে শাপলা চত্বর পৌঁছতে তাঁর প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। তিনি বলেন, ‘বাসে ওঠার পর দেখি, বাস আর চলেই না। সরকার আর বিরোধী দল কর্মসূচি পালন করবে আর আমাদের দুর্ভোগ পোহাতে হবে। এটাই এখন নিয়ম।’মাজহারুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, ফার্মগেট থেকে তিনি প্রায় আড়াই ঘণ্টায় মতিঝিলে পৌঁছেন। অন্য দিনে সর্বোচ্চ এক ঘণ্টা সময় লাগত বলেও জানান তিনি।সিএনজিচালিত অটোরিকশার চালক সেলিম বলেন, ‘বিএনপির মহাসমাবেশের কারণে সোমবার রাস্তায় নামতে পারিনি। ওইদিন কোনো আয়-রোজগারও হয়নি। আজ আবার আওয়ামী লীগের জনসভা। সকাল থেকে রাস্তায় তীব্র যানজট। সরকার ও বিরোধী দলের কারণে আমাদের এই দুর্ভোগ।’ সেলিম বলেন, ‘তারা কি আমাদের খাওন দেবে?’