‘আমাদের নেত্রী’ বলে রফিক-উল হক নিরপেক্ষতা হারিয়েছেন
‘তত্ত্বাবধায়কের প্রধান হতে রাজি’—বিশিষ্ট আইনজীবী রফিক-উল হকের এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘১/১১-র পর দেশের প্রধান দুই নেত্রীর মামলা পরিচালনা করে তিনি (রফিক-উল হক) নন্দিত হয়েছিলেন। কিন্তু বিগত সময়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অনশন কর্মসূচিতে অংশ নিয়ে “আমাদের নেত্রী”, “আমাদের নেত্রী”, “আমাদের নেত্রী” বলে তিনি তাঁর নিরপেক্ষতা হারিয়েছেন।’আজ রোববার বিকেলে পল্ল¬বী থানা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। খবর বাসসের।মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কোনো অসাংবিধানিক দাবির কাছে আওয়ামী লীগ মাথা নত করবে না। গণতন্ত্রের জন্য আমরা (আওয়ামী লীগ) দীর্ঘ ৩০ বছর আন্দোলন করেছি। আমরা কোনো অসাংবিধানিক দাবি মেনে নেব না।’ আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে বলেও মন্তব্য করেন তিনি।হানিফ বলেন, ‘যেকোনো অসাংবিধানিক দাবি করা হলে আমরা সে দাবির বিরুদ্ধে রুখে দাঁড়াব। আওয়ামী লীগ কোনো অসাংবিধানিক দাবি মেনে নেবে না। কারণ, গণতন্ত্রের জন্য আমরা (আওয়ামী লীগ) ৩০ বছর আন্দোলন করেছি। সেই গণতন্ত্র সমুন্নত রাখতে অসাংবিধানিক ও অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া হবে না।’আগামী নির্বাচন প্রধানমন্ত্রীর নেতৃত্বেই অনুষ্ঠিত হবে জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, সমগ্র বিশ্বে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়েছেন। তিনি বলেন, ‘তাঁর মতো (রফিক-উল হক) একজন প্রবীণ আইনজীবীর কাছ থেকে অসাংবিধানিক দাবির প্রতি সমর্থন এবং প্রধান উপদেষ্টা হওয়ার খায়েশ জাতি আশা করেনি।’রফিক-উল হকের উদ্দেশে হানিফ বলেন, ‘আশা করি সুপ্রিম কোর্ট যে ব্যবস্থা বাতিল করেছেন, সাংবিধানিক ধারার প্রতি সম্মান প্রদর্শন করে এই অসাংবিধানিক দাবির প্রতি সমর্থন থেকে সরে আসবেন। বাংলাদেশের মানুষ আর যা-ই হোক, কোনো অসাংবিধানিক ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রকে বিপন্ন করবে না।’পল্ল¬বী থানা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি বজলু রহমান, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর ৬৬তম জন্মদিন উপলক্ষে ৬৬ পাউন্ড ওজনের কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।